ভার্চ্যুয়াল গোলটেবিল
শিশুদের জন্য হোক বিনিয়োগ
দেশে প্রবীণের সংখ্যা বাড়ছে। তাই শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা ভবিষ্যতে প্রবীণদের দেখভালের দায়িত্ব নিতে পারে।
দেশের জনসংখ্যার বয়সকাঠামো (জনমিতিক) পরিবর্তনের ফলে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণের সংখ্যা বাড়ছে। অন্যদিকে প্রবীণ ব্যক্তিকে ভরণপোষণ করার জন্য কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং সংবেদনশীল বিনিয়োগ করা জরুরি। যেন আজকের শিশুরা বড় হয়ে প্রবীণদের সহায়তা করতে পারে।
গতকাল রোববার জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বাংলাদেশ ও প্রথম আলো আয়োজিত ‘শিশুদের জন্য বিনিয়োগই বয়স্কদের অগ্রিম সহায়তা’ শীর্ষক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকের আলোচকেরা এ তাগিদ দিয়েছেন।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি পাওয়ার পয়েন্টে মূল বক্তব্য উপস্থাপনা করেন। তিনি বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামোর বিস্তারিত বিবরণ তুলে ধরার পাশাপাশি চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। তাঁর মতে, শিশুদের জন্য বিনিয়োগকে চ্যারিটি বা দয়া হিসেবে দেখার সুযোগ নেই। দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্যই এ বিনিয়োগ করতে হবে।
মূল প্রবন্ধে টোমো হোযুমি ইউনিসেফের গত বছরের ‘শিশুদের জন্য বিনিয়োগই বয়স্কদের অগ্রিম সহায়তা: বাংলাদেশে জনমিতিক বৈচিত্র্যের নীতিগত প্রভাব’ শীর্ষক নীতি গবেষণার বিভিন্ন তথ্য উল্লেখ করে শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষায় এবং দক্ষ শ্রমশক্তিতে পরিণত করতে তরুণদের জন্য বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন। এ নীতি গবেষণা বলছে, বাংলাদেশ ২০২৯ সালের মধ্যে বয়োবৃদ্ধ এবং ২০৪৭ সালে বয়োবৃদ্ধ থেকে প্রবীণ সমাজে রূপান্তরিত হবে। বয়োবৃদ্ধ সমাজ বলতে মোট জনসংখ্যার ৭ শতাংশের বয়স ৬৫ বছর বা আরও বেশি এবং প্রবীণ সমাজে রূপান্তরিত হওয়ার পথে থাকা মানে হচ্ছে মোট জনসংখ্যার ১৪ শতাংশের বয়স ৬৫ বছর বা আরও বেশি হয়। ২০৫০ সালে দেশে উল্লেখযোগ্যভাবে কমসংখ্যক অল্পবয়সী কর্মক্ষম জনগোষ্ঠীকে বর্তমানের তুলনায় অনেক বেশিসংখ্যক পরনির্ভরশীল প্রবীণ জনগোষ্ঠীর ভরণপোষণ করতে হবে।
বৈঠকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম স্বাগত বক্তব্য দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।
ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকের আলোচকেরা ০ থেকে ১৪ বছর বয়সী শিশু এবং ৬৫ বছর ও তার বেশি বয়সী পরনির্ভরশীল জনসংখ্যার তুলনায় একটি দেশের ১৫ থেকে ৬৪ বছরের কর্মক্ষম বয়সী জনসংখ্যা বেশি থাকার ‘জনমিতিক সুযোগের পরিসরের’ ওপর গুরুত্ব দেন। কেননা এটি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি। বাংলাদেশ ২০২১ সালেই ৭৮ শতাংশ ‘জনমিতিক সুযোগের পরিসর’ অতিক্রম করেছে। ১৯৭৮ সালে মোট জনসংখ্যার অনুপাতে দেশটির কর্মক্ষম বয়সী জনসংখ্যার অংশ বৃদ্ধি পেতে শুরু করে, যা ছিল বাংলাদেশের জনমিতিক সুযোগ-পরিসরের সূচনা। এটি শেষ হবে ২০৩৩ সালে।
আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমা মোবারেক বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী সামাজিক নিরাপত্তা খাতের যে বরাদ্দ, তা একেবারে কম নয়। সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে। শিশুদের বিনিয়োগে বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, সরকার শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে কখনো কার্পণ্য করে না। তবে বিনিয়োগ যেটুকু আছে, তার সর্বোচ্চ ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
চাকরি বাজারের বাস্তবতার কথা উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, চাকরিদাতারা বলছেন দক্ষ লোক পাচ্ছেন না। আর তরুণেরা বলছেন তাঁরা চাকরি পাচ্ছেন না। এই প্যারাডক্স থেকে বেরিয়ে আসতে হবে। করোনায় শিক্ষার্থীদের গুণগত মান কমছে বলে উদ্বেগ প্রকাশ করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, কারিগরি শিক্ষা শুধু গরিবদের জন্য, এই প্রথাগত ধারণা থেকেও সবাইকে বের হতে হবে।
একশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, প্রবীণ জনগোষ্ঠীকে সহায়তা করবে, তাই শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে—এ ধরনের ধারণা থেকে বের হতে হবে। এ ধরনের চিন্তা থেকেই পরিবারে ছেলেসন্তানের জন্য আগ্রহ বাড়ে। বিনিয়োগকে দেখতে হবে শিশুর অধিকার হিসেবে। যে শিশুদের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিনিয়োগের বিষয়টিতে গুরুত্ব দেন ফারাহ কবির। একইভাবে মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের দেশীয় পরিচালক টুমো পটিআইনেন আনুষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের বিষয়টিতে গুরুত্ব দেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ঢাকা প্রতিনিধি অশা বৃত্তা টরকেলসন বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে বাংলাদেশে বাল্যবিবাহের উচ্চ হার, পরিবার পরিকল্পনা পদ্ধতির স্বল্পতা, নারী নির্যাতন, সিদ্ধান্ত গ্রহণে নারী ও শিশুদের পিছিয়ে থাকার মতো বিষয়গুলো তুলে ধরেন।
আরএপিআইডির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অনেক অর্জন হুমকির মুখে পড়বে। দেশ ধনী হওয়ার আগেই গরিব হয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, নারী ও শিশুর জন্য বিনিয়োগ করলে তা কখনো বিফলে যায় না।
বিশ্বব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ টি এম আসাদুজ্জামান চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে নতুন চাকরিবাজার তৈরি, বুদ্ধিবৃত্তিক দক্ষতা বাড়ানো, ডিজিটাল দক্ষতা বাড়ানোর মতো বিষয়গুলোতে গুরুত্ব দেন।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের উপপ্রতিনিধি এইকো নারিতা এবং ইউনিসেফের সোশ্যাল পলিসি বিশেষজ্ঞ হাসিনা বেগম।