গোলটেবিল বৈঠক
সুযোগ দিলে প্রতিবন্ধী ব্যক্তিরাও পারেন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচকেরা বললেন, চাকরিদাতাদের মানসিকতা বদলাতে হবে।
দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশের বেশি মানুষ প্রতিবন্ধী। এই বিপুল জনসংখ্যাকে শ্রমবাজারে উপযোগী করতে হলে তাদের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরিদাতাদের মানসিকতা বড় সমস্যা, এটি বদলাতে হবে। শুধু কর্মসংস্থান নিশ্চিত করলেই হবে না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শোভন কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করতে হবে।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ইউকেএইডের সহায়তায় বৈঠকটির আয়োজন করে প্রথম আলো ও এডিডি ইন্টারন্যাশনাল।
এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘কাউকে পেছনে রেখে না’ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এই অভীষ্ট অর্জন করতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা (স্টিগমা) রয়েছে। উপযুক্ত শিক্ষা ও দক্ষতা বাড়ানো গেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও কর্মক্ষেত্রে ভালো করবেন। এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সরকারের একক প্রচেষ্টায় বদল আসবে না। বেসরকারি অংশীজনদের এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর সক্ষমতা বাড়াতে হবে। প্রশিক্ষণগুলো প্রতিবন্ধীবান্ধব করতে হবে।
বর্তমান সময়ের শ্রমবাজারের চাহিদা মেটাতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রযুক্তি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্পের জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, প্রযুক্তির শক্তিতে বিশ্বজয় করা যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের প্রস্তুত করতে হবে। বছরের শুরুতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে ছাপানো বই পাচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী অর্ধশতাধিক শিক্ষক প্রাথমিক পর্যায়ে শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু কর্মসংস্থান নিশ্চিত করলেই হবে না, তাঁদের জন্য শোভন কর্মপরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন এডিডি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, উপযুক্ত পরিবেশ না পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের যোগাযোগ ঘটানোর মতো প্ল্যাটফর্ম প্রয়োজন। পরামর্শ ও আর্থিক সহায়তা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা উদ্যোক্তা হতে পারবেন। দেশের আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা হলেও প্রায়োগিক দিক থেকে তা নিশ্চিতে আন্তরিকতার অভাব রয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি চাকরিদাতাদের জোরালো ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সংস্থা লিওনার্ড চ্যাশায়ারের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জহির-বিন-সিদ্দিক। তিনি বলেন, দেশের শ্রমবাজারে বেসরকারি চাকরিই বেশি। প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ সেভাবে পান না। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা নিশ্চিতে মানসিকতায় বদল আনতে হবে।
ডমিনোস পিৎজা বাংলাদেশে চারজন বাক্–শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি কাজ করছেন। প্রতিষ্ঠানটির হেড অব হিউম্যান রিসোর্স সাবিহা দিল আফরোজ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আগে তাঁরা যেন শোভন কর্মপরিবেশ পান, সেটি নিশ্চিত করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে মোট ৬০ জন কর্মীকে ইশারা ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে পাঁচ থেকে ছয় ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে কাজে যুক্ত করা হবে।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) হেড অব অপারেশনস আজিজা আহমেদ বলেন, দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশের বেশি মানুষ প্রতিবন্ধী। চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সংযোগ ঘটাতে কাজ করছে বিবিডিএন। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়িক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরিদাতাদের নেতিবাচক মনোভাবকে বড় সমস্যা বলে মনে করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের (এবিএফ) সহপ্রতিষ্ঠাতা মহুয়া পাল। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে ভৌত অবকাঠামো, যানবাহনে অভিগম্যতার সমস্যা রয়েছে। প্রযুক্তির সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কীভাবে খাপ খাওয়ানো যায়, সে বিষয়ে উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবীর বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রমবাজারে যুক্ত করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। কর্মসংস্থানের বিষয়ে পরিবারের কাছ থেকে প্রথম সহযোগিতা আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ।
বার্জার পেইন্টস বাংলাদেশে সেলস সাপোর্ট অফিসার হিসেবে কর্মরত জান্নাতুল ফেরদৌস শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে অনেক প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় বিরূপ প্রশ্নের মুখে পড়তে হয়। চাকরিদাতারা প্রথমেই প্রশ্ন করে ‘আপনি কি পারবেন’। সুযোগ দিলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সবার মতোই কাজ করতে পারেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা দৃষ্টিপ্রতিবন্ধী সুদীপ্ত কুমার দাস চাকরিপ্রত্যাশী। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন বাধার সম্মুখীন হতে হচ্ছে। কম্পিউটার চালাতে পারব কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের সামনে পড়তে হয়। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা কম বলে তিনি মনে করেন।
বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এডিডি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আবদুর রাকিব। তাতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে রেখে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া সম্ভব হবে না। দারিদ্র্য ও প্রতিবন্ধিতার মধ্যে সম্পর্ক রয়েছে।
বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।