ভার্চ্যুয়াল গোলটেবিল
হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার
ইউএসএআইডির সহযোগিতায় সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের আয়োজনে ‘হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল অনুষ্ঠিত হয় ৫ আগস্ট বৃহস্পতিবার, ২০২১। এ আয়োজনে সম্প্রচার সহযোগী ছিল প্রথম আলো। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
অংশগ্রহণকারী
শেখ রফিকুল ইসলাম
মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর
ডা. মোহাম্মদ শরীফ
পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর (এমসি-আরএএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর
অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম
পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর, টিবি লেপ্রোসি ও এইডস/এসটিডি প্রোগ্রাম (টিবি-এল ও এএসপি), স্বাস্থ্য অধিদপ্তর
ডা. নুরুন নাহার বেগম
লাইন ডাইরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর
ক্যারোলিন ক্রসবি
প্রকল্প পরিচালক, ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প ও সিনিয়র কান্ট্রি ডাইরেক্টর, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল
সামিনা চৌধুরী
প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা কার্যালয়, ইউএসএআইডি বাংলাদেশ
ড্যানিয়েল বাকম্যান
পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি, ঢাকার মার্কিন দূতাবাস
সুমনা বিনতে মাসুদ
প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, গণতন্ত্র ও সুশাসন ইউএসএআইডি, বাংলাদেশ
ফৌজিয়া করিম ফিরোজ
চেয়ারপারসন, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট
তানিশা চৈতী
ট্রান্সজেন্ডার প্রতিনিধি ও কাউন্সেলর, জেন্ডার ডাইভারস পিপলস প্রোগ্রাম, লাইট হাউস, কক্সবাজার
সালেহ আহমেদ
নির্বাহী পরিচালক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
মো. হারুন অর রশিদ
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, লাইট হাউস
কানাই সরকার
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যাত্রাবাড়ী ফিল্ড অফিস ঢাকা,
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
ডা. ফাতেমা শবনম
কিশোর-কিশোরী ও যুব বিশেষজ্ঞ, ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল
সূচনা বক্তব্য
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম
হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সারা দেশে টিকা দিচ্ছে। টিকা নেওয়ার ক্ষেত্রে হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর যেন সমান সুযোগ নিশ্চিত হয়।
সরকার তাদের জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করেছে। এ জনগোষ্ঠীর অনেক পরিবারকে সরকার থেকে ঘর দেওয়া হয়েছে। এখন তারা চাকরির সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে। কিন্ত এখনো তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষমে্যর শিকার হচ্ছে। তবে আশা করি তাদের স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে আরও উন্নয়ন হবে।
সামিনা চৌধুরী
মানুষের মধ্যে লিঙ্গবৈচিত্র্য রয়েছে। বিশ্বের সব দেশ ও সমাজে এটা আছে। কিন্তু এই জনগোষ্ঠীকে বিভিন্ন কুসংস্কার ও সহিংসতার শিকার হতে হয়। এরা সমাজের মূল স্রোত থেকে আলাদা। এ জন্য দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তার ঝুঁকিতে পড়ে।
জন্মের সময় হিজড়া বা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর লিঙ্গ যেভাবে নির্ধারিত হয়, পরবর্তী সময়ে তারা নিজেদের সেভাবে প্রকাশ করে না। সারা বিশ্বে তারা সমাজ ও পরিবার থেকে প্রত্যাখ্যাত হয়। এ জন্য শিক্ষা, চাকরি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অর্থবহভাবে অংশগ্রহণ করতে পারে না। তারা নিজেরা নিজেদের কমিউনিটির বলে পরিচয় দেয়।
২০১৩ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে হিজড়া লিঙ্গ স্বীকার করে নেয়। বহু যুগ ধরে প্রান্তিক থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হওয়ার পর এই স্বীকৃতি একটি যুগান্তকারী পদক্ষেপ। বেঁচে থাকার জন্য তারা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। এ ক্ষেত্রে তারা যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়। এ জন্য তাদের বিশেষ স্বাস্থ্যসেবার প্রয়োজন হয়।
এরা সাধারণত ড্রপ ইন সেন্টার থেকে সেবা নিয়ে থাকে। এমন ১২৮টি কেন্দ্র আছে। এখানে গোপনীয়তা রক্ষা করে সেবা প্রদান করা হয়। হিজড়া জনগোষ্ঠী অন্য কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে স্বচ্ছন্দ বোধ করে না। আবার অনেক সেবাদাতার তাদের প্রতি নেতিবাচক ধারণা থাকে। তারা বাংলাদেশের নাগরিক। তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে।
ইউএসএআইডি তাদের মানবিক অধিকারের ওপর গুরুত্ব দেয়, যেন তারা কোনো বৈষম্যমূলক আচরণের শিকার না হয়। আমরা দুটি প্রাথমিক নীতির ওপর গুরুত্ব দিই। এক. আমরা এমন কোনো কাজ না করি যেন তারা আরও বেশি ঝুঁকিতে পড়ে। দুই. তাদের নিয়ে কাজ করতে হবে, তাদের কথা শুনতে হবে।
ইউএসএআইডি বাংলাদেশের জনগোষ্ঠীর স্বাস্থ্যসহ সব মানবিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চায়, যেন তারা উন্নয়ন কর্মকাণ্ডে ফলপ্রসূভাবে যুক্ত হতে পারে।
ডা. ফাতেমা শবনম
ট্রান্সজেন্ডার বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে তার লিঙ্গপরিচয় শারীরিক অবস্থার সঙ্গে মিল থাকে না। ‘হিজড়া’ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে ব্যবহৃত একটি শব্দ। তারা শারীরিকভাবে ছেলে থাকে। কিন্তু তাদের জেন্ডার আইডেনটিটি হয়ে থাকে মেয়ে। সমাজসেবা অধিদপ্তরের জরিপমতে, হিজড়া জনগোষ্ঠীর সদস্যসংখ্যা ১০ হাজারের বেশি। ২০১৪ সালে বাংলাদেশ সরকার এই জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে তাদের ভোটের অধিকার ও জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হয়েছে।
আবহমানকাল থেকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী অবহেলিত। তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। তাদের স্বাস্থ্য অধিকার নিয়ে আজ আমরা আলোচনা করছি। ২০২০ সালে ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পে যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে একটি ল্যান্ডস্কেপ বিশ্লেষণ করে। এই বিশ্লেষণে বিভিন্ন লিটারেচার রিভিউ করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের তথ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
অন্যান্য কমিউনিটির তুলনায় ট্রান্সজেন্ডারদের মধ্যে যৌনবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। এটা তাদের যৌন ও প্রজননস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সেবা পায় না। ২০১৬ সালের জাতীয় এইডস/এসটিডির প্রোগ্রামের এক গবেষণায় দেখা গেছে যে এই কর্মসূচির মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ৪০ শতাংশের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। অন্য এক গবেষণায় জানা যায়, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর ৩০ শতাংশ ধর্ষণের শিকার হয়েছিল।
যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে কম বয়সী ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকিপূর্ণ। ইচ্ছা থাকলেও ছোটবেলা থেকে তারা পরিবারের সঙ্গে থাকতে পারে না। স্কুল ও সমাজে প্রতি ক্ষেত্রে হেয় হতে হয়। তাদের ভিন্নধর্মী আচরণের জন্য লেখাপড়াসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বেশি দূর যেতে পারে না। একসময় তাদের হিজড়াদের তত্ত্বাবধানে চলে যেতে হয়। কৈশোরে তাদের কেউ কেউ যৌনকাজের সঙ্গে জড়িয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে শুরুটা হয়ে থাকে অনিচ্ছা ও অপরিকল্পিতভাবে।
এই জনগোষ্ঠী কেবল নির্দিষ্ট কিছু সেবাকেন্দ্র থেকে সেবা নিয়ে থাকে। বৈষম্য ও প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণে তাদের অনীহা রয়েছে। তারা মূলত সেবা নেয় এনজিও পরিচালিত ড্রপ ইন সেন্টার থেকে। এসব কেন্দ্রে এইচআইভি ও যৌনবাহিত রোগকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এখন চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি খাত বাস্তবায়িত হচ্ছে। মূলধারায় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে ট্রান্সজেন্ডারের বিষয়টি সেভাবে উল্লেখ নেই।
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল যৌন ও প্রজননস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। হিজড়া জনগোষ্ঠী এর ব্যতিক্রম নয়। ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প—স্বাস্থ্য, সমাজসেবা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ অন্যদের অংশীদারের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্ট অপারেশনাল প্ল্যানে হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
তানিশা চৈতী
আমি একজন ট্রান্সজেন্ডার। ট্রান্স উইমেন। লাইট হাউস সাইকো সোশ্যালে সেবা দিচ্ছি। আমি স্বাস্থ্যসেবা দিই। আমার কমিউনিটির মানুষ আমার কাছে আসে। তারা সহজে তাদের সমস্যা আমার কাছে বলতে পারে। সাধ্যমতো তাদের সেবা দিতে চেষ্টা করি। হিজড়া জনগোষ্ঠীর জন্য একটা নীতিমালা দরকার। সবচেয়ে বড় সমস্যা একজন হিজড়া নারী না পুরুষ হিসেবে সেবা নেবে। বিষয়টি ঠিক করতে হবে।
আমি কোভিড-১৯ টিকা নিতে গিয়ে খুব বিব্রত অবস্থায় পড়েছি। আমি পড়াশোনা করেছি বলে তাদের বোঝাতে পেরেছি। বোঝানোর পরও আমাকে বিব্রত হতে হয়েছে। তাদের বলেছি আমি একজন ট্রান্সজেন্ডার। তারা ট্রান্সজেন্ডার বোঝে না। বললাম হিজড়া। তখন বুঝল। কিন্তু একজন সাধারণ হিজড়ার জন্য এসব বোঝানো অনেক সমস্যা।
সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত একজন হিজড়া পরিবারের সঙ্গে থাকে। তখন তার নাম-পরিচয় অনেক কিছু ঠিক হয়ে যায়। একজন হিজড়া মানসিকভাবে নারী।
আমাদের কমিউনিটির মানুষ সাধারণ চিকিৎসকের কাছে যায় না। চিকিৎসকের কাছে গেলে সে নারী না পুরুষ, এমন অবস্থায় পড়তে হয়। সাধারণ জ্বর-সর্দিতে ফার্মেসি থেকে ওষুধ নেয়। অধিকাংশ ক্ষেত্রে তারা ড্রপ ইন সেন্টারে সেবা নিতে আসে। কারণ, এখানে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ সেবা দেয়।
কানাই সরকার
আমি মেডিকেল অফিসার হিসেবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করি। আমি ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর যৌন ও প্রজননস্বাস্থ্যসেবাসহ প্রায় সব ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। বাংলাদেশে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও সমাজসেবা অধিদপ্তর আমাদের সহযোগিতা করছে।
১৮টি জেলায় আমাদের ২৬টি সেবাকেন্দ্র আছে। এসব কেন্দ্রের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা প্রদান করি।
ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামে আমরা কাজ করি। রোগীরা প্রায় সব ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমাদের কাছে বেশি আসে যৌনবাহিত রোগ গনোরিয়া, সিফিলিস ইত্যাদি নিয়ে। সাধারণ রোগ নিয়েও আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের গাইডলাইন করে দেওয়া আছে। আমরা সেভাবে চিকিৎসা দিয়ে থাকি।
সালেহ আহমেদ
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি প্রধানত যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। মানবাধিকার নিয়েও আমরা কাজ করি। আমাদের কাজের বড় ক্ষেত্র হলো ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী।
বাংলাদেশ সরকার মানবাধিকার, স্বাস্থ্যসেবাসহ বিভিন্নভাবে ট্রন্সজেন্ডার জনগোষ্ঠীকে সহযোগিতা করছে। কোনো প্রতিষ্ঠান যদি হিজড়া জনগোষ্ঠীকে চাকরি দেয়, তাহলে সে প্রতিষ্ঠান কর রেয়াত পাবে। চাকরির জন্য একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। কিন্তু বিভিন্ন বৈষম্যের জন্য তারা বেশি লেখাপড়া করতে পারে না। ঝরে পড়ে। এ বিষয়ে নীতিনির্ধারণী জায়গা থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
যদি যৌন ও প্রজননস্বাস্থ্যসেবার কথা বলি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দরকার। তা না হলে তারা ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকে। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী চরম বৈষম্যের শিকার হচ্ছে। পরিবার থেকে এই বৈষম্যের শুরু।
অনেক ক্ষেত্রে তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। এসব বিষয়ে উদ্যোগ নিতে হবে।
ফৌজিয়া করিম ফিরোজ
২০১৪ সাল থেকে হিজড়া জনগোষ্ঠী জাতীয় পরিচয়পত্র পাচ্ছে। তাঁদের কেউ নারীর পোশাক পরেন, কেউ পুরুষের পোশাক পরেন। আবার কারও নাম হয়তো নারীর, কিন্তু আচরণ পুরুষের মতো। এসব বিষয়ের জন্য একটা নীতিমালা দরকার। ভারত, পাকিস্তান ও নেপালে এ বিষয়ে কিছু উল্লেখযোগ্য রায় আছে। সেখানে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। রায়ের পর ভারতের সংসদে বিল আনা হয়েছিল। কিন্তু এ বিলের বিষয়ে কেউ একমত হতে পারেননি।
আমাদেরও শুধু আইন থাকলে হবে না, আইন প্রয়োগের একটা নীতিমালা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নীতিমালা না হবে, ততক্ষণ তাদের অধিকার নিশ্চিত হবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিকতা। স্কুল, কলেজসহ অধিকাংশ ক্ষেত্রে তাদের তেমন গ্রহণযোগ্যতা থাকে না। এ ক্ষেত্রে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। প্রতি পেশায় তাদের জন্য কোটা থাকা উচিত। আমরা অধিকারের কথা বলি। অধিকার তো কাগজে–কলমে থেকে যাবে, যদি প্রয়োগের নীতিমালা না থাকে।
মো. হারুন অর রশিদ
হিজড়া জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা হলো তাদের পরিচয়। সরকার প্রথমে বুঝতে চাইল কারা হিজড়া, কারা হিজড়া নয়। এ জন্য ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হলো। সেটাতে আমরা সফল হইনি। হিজড়াদের সংখ্যার সঠিক কোনো তথ্য নেই। এইচআইভি প্রোগ্রামের আওতায় একটা ম্যাপিং হয়েছিল, সেখান থেকে সংখ্যাটা প্রায় ১০ হাজার বলে জানা গেছে। এই ১০ হাজার মানুষ কিন্তু এক জায়গায় নেই। ফলে তাদের স্বাস্থ্যসেবা, লেখাপড়া, পুনর্বাসন—কোনোটাই ঠিকভাবে করা যাচ্ছে না। তাদের সক্ষমতা বৃদ্ধি করতে কী দরকার, কী করতে হবে—সেটার কোনো নির্দেশনা নেই।
তারা যেখানে থাকে, সেখানে কোনো বিনিয়োগ নেই। তারা কীভাবে থাকছে, কীভাবে বেড়ে উঠছে, সেটাও একটা বড় ব্যাপার। ঘর থেকেই একধরনের সংস্কৃতি শিখে মানুষ বাইরে আসে। কিন্তু ঘরে তারা প্রায় কিছুই শিখছে না। তাই বাইরে এসে তারা হাততালি দিচ্ছে। মানুষকে অনেক ক্ষেত্রে টাকা দিতে বাধ্য করছে। তবে ভালো খবর হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জন্য কর্মসূচি নিয়েছে। তারা বৈষম্যহীনভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছে। স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যদি একসঙ্গে কাজ করে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।
ডা. নুরুন নাহার বেগম
আমাদের যত সেবাকেন্দ্র আছে, সব জায়গা থেকেই তারা সেবা নিতে পারবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবাকেন্দ্রগুলোয় সাধারণত নারীদের সেবা দেওয়া হয়। কোনো পুরুষ হিজড়া যদি আমাদের সেবাকেন্দ্রে যায়, তাকেও যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করা হয়। সে অন্তত একটা পরামর্শ সহায়তা পায়। আমাদের রেজিস্ট্রারে শুধু নারী-পুরুষ লেখার অপশন আছে। আবার সবাই হিজড়া কি না, এটা যাচাই করার সুযোগ নেই। তবে এ বিষয় কাজ করা দরকার বলে মনে করি। তাহলে তাদের পরিচয়সংকট অনেকটা কেটে যাবে।
আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সুখী পরিবার’ নামে কল সেন্টার রয়েছে। এর নম্বর ১৬৭৬৭। হিজড়া জনগোষ্ঠীসহ যে কেউ এখানে ফোন করে সেবা নিতে পারে। আমাদের বিভিন্ন এনজিও অংশীদার রয়েছে। তারা পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকে। এখান থেকেও হিজড়ারা সেবা নিতে পারে। আমার মনে হয়, এসব সেবার আরও উন্নয়ন করতে হবে। আমাদের নীতিমালা দরকার। তাদের সেবাগুলো সম্পর্কে সবার ধারণা থাকা দরকার। আমরা আলোচনার মাধ্যমে এসব ঠিক করতে পারব। আমাদের আরও আলোচনা করে যেতে হবে।
অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম
ড্রপ ইন সেন্টার হলো সরকারের সাপোর্টেড হেলথ সেন্টার। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, লাইট হাউস—এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা হিজড়া জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকি। আমরা এইডস প্রিভেনশনসহ তাদের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। আমাদের সব সেবা তারা বিনা মূল্যে পেয়ে থাকে। হিজড়া জনগোষ্ঠীর প্রায় শতভাগই আমাদের এই সেবা পেয়ে থাকে। সরকারের উদ্যোগে সব জেলা ও উপজেলা হাসপাতালে তাদের জন্য সেবা উন্মুক্ত আছে। সেখানে তাদের সেবা না পাওয়ার কোনো কারণ নেই। তারপরও যদি কোনো কারণে তারা অস্বস্তিতে ভোগে, সে জন্য আলাদাভাবে তাদের সেবার ব্যবস্থা করেছি।
হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকির প্রবণতা বেশি। তাই তাদের স্বাস্থ্যসেবার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এদের প্রায় ৬০ জন এইচআইভি পজিটিভ। সরকার তাদের বিনা মূল্যে চিকিৎসা করছে। এই করোনার সময়ও তারা ঠিকভাবে সেবা পাচ্ছে। তারা যদি কাউকে না জানিয়ে নিজেই এইচআইভি পরীক্ষা করতে চায়, তাহলে নিজেও পরীক্ষা করতে পারবে। এটা খুব ব্যয়বহুল। তারপরও আমরা চালু করেছি।
হিজড়া জনগোষ্ঠীর জন্য আমরা প্রিভেন্টিভ থেরাপির ব্যবস্থা করেছি। দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে এইচটিআই পরীক্ষা সম্প্রসারণের ব্যবস্থা করেছি। গত বছর আমরা মেডিকেল ও জেলা হাসপাতালগুলোয় এইচটিআই ড্রাগ সাপ্লাই করেছি। এ বছরই উপজেলায় সরবরাহ করব।
আমাদের এসব সেবা সবার জন্য উন্মুক্ত। আমরা হিজড়া জনগোষ্ঠীকে হাসপাতালে বিশেষ সেবা দেওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় পাঁচটা হাসপাতালে পাইলটিং শুরু করেছি। এই জনগোষ্ঠী যেন সঠিকভাবে কোভিড টেস্ট করাতে পারে, সে জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি।
সরকার তাদের জন্য যেমন বিশেষ সেবার ব্যবস্থা রেখেছে, তেমনি একই সঙ্গে সরকারি যেকোনো হাসপাতালেও তারা সেবা নিতে পারবে। তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য যেন না হয়। অন্য রোগীর সঙ্গে তাদের সেবাও নিশ্চিত করতে হবে। আমরা সেভাবেই কাজ করছি।
ডা. মোহাম্মদ শরীফ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) একটা কথা আছে, হেলথ ফর অল। সে লক্ষ্যে আমরা কাজ করছি। সেটা চিন্তা করেই আমাদের অপারেশন প্ল্যানগুলো সাজিয়েছি। ম্যাটারনাল চাইল্ড ও অ্যাডলসেন্ট হেলথ আমার কর্মক্ষেত্র। ১০ থেকে ১৯ বছর বয়সীরা হলো কিশোর-কিশোরী। কৈশোরবান্ধব স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্টর প্রোগ্রামের মধ্যে ১ হাজর ১০৩টি কৈশোর স্বাস্থ্যসেবাকেন্দ্র করেছি। ঢাকায় মোহাম্মদপুর, আজিমপুর ও লালকুঠি জাতীয় হাসপাতাল রয়েছে। জেলা পর্যায়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এসব জায়গায় ১ হাজার ১০৩টি কৈশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্র আছে। আমাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ২০১৭ থেকে ২০৩০ সালে পর্যন্ত স্বাস্থ্যসেবার কর্মপরিকল্পনা করেছি। এখানে বিস্তারিত লেখা আছে—ট্রান্সজেন্ডার/ হিজড়া, আন্ডার প্রিভিলেজড ও ডিজঅ্যাবল ব্যক্তিদের জন্য কী ধরনের সেবা প্রয়োজন।
আমাদের সেবাকেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। কিন্তু করোনার কারণে কাজগুলো সামনে আসছে না। এসব কেন্দ্রে সবার সেবা নিশ্চিত করা হয়েছে। কে হিজড়া, কে সাধারণ—এটা দেখার কোনো সুযোগই নেই।
মাননীয় প্রধানমন্ত্রী অটিস্টিক ও হিজড়াদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করেছেন। তাদের সেবার জন্য আমাদের ও মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। আমাদের সব সেবাকেন্দ্রে হিজড়া জনগোষ্ঠীর সেবার ব্যবস্থা আছে। তাদের সফলতার অনেক উদাহরণ আছে।
কোনো কোনো দেশে তাদের দিয়ে ট্রাফিক পুলিশিং করানো হয়। আমাদের কোনো সেবাকেন্দ্র থেকে হিজড়া জনগোষ্ঠীর কেউ যদি সেবা না পায়, তাহলে আমাদের জানালে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব।
শেখ রফিকুল ইসলাম
অবহেলিত জনগোষ্ঠীকে মূল স্রোতোধারায় ফিরিয়ে আনার জন্য সরকার অনেক কাজ করছে। সরকার তাদের জন্য আইন তৈরি করেছে, অর্থ বরাদ্দ করেছে। ২০১২-১৩ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসূচি গ্রহণ করেছে। ২০১৬ সালে হিজড়া জনসংখ্যার একটা জরিপ হয়েছে। সে জরিপে দেখা গেছে হিজড়া জনসংখ্যা ১১ হাজার ৯৩। এদের মধ্যে যাঁদের বয়স ৫০ বছরের বেশি, সরকার তাঁদের ৬০০ টাকা ভাতা দিচ্ছে।
এখন ২ হাজার ৬০০ জন হিজড়া মাসিক ভাতার আওতায় আছেন। হিজড়াদের জন্য প্রতি জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ উপকরণের জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৯ হাজার হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩১৮ জন স্বাবলম্বী হয়েছেন।
সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে হিজড়াদের মূল জনস্রোতে ফিরিয়ে আনা। মহাপরিচালকের দায়িত্বে আসার পর হিজড়াদের সঙ্গে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তাদের প্রশিক্ষণ দেখেছি। সরকার তাদের জন্য অনেক কিছু করছে। তবে আরও করার আছে। তাদের জন্য সবচেয়ে বড় কাজ হবে সামাজিকভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা। তাদের পরিবারে রাখা।
আমার কাছে একজন বলছিলেন যে তাঁর বাবা অসুস্থ। বাবাকে দেখতে তাঁর খুব ইচ্ছা করে। তারপরও তিনি বাড়ি যেতে পারেন না। অনেকে তাঁকে উত্ত্যক্ত করে। আমি তাঁকে বাড়ি যাওয়ার ও তাঁর বাবাকে দেখার ব্যবস্থা করে দিয়েছি। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য ১৮৮২ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করেছিলেন। কিন্তু শুধু আইন করে সতীদাহ প্রথা বিলোপ করা যায়নি। এর জন্য রাজা রামমোহন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামাজিক আন্দোলন করতে হয়েছে।
ইউরোপীয় মানবাধিকারে পরিবারে থাকা হলো সবচেয়ে বড় মানবাধিকার। আমাদের দেশে সব হিজড়া পরিবারে থাকতে পারে না। আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় সে কেন পরিবারে থাকতে পারবে না? সে তো একজন মানুষ। তার পরিবারে থাকার অধিকার রয়েছে। সাধারণ স্কুল–কলেজে পড়াশোনা করবে। অনেক হিজড়ার সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা নিজেদের নারী হিসেবে পরিচয় দিতে চান। তাঁরা মনে করেন, তাঁদের কিছু অপারেশন ও চিকিৎসা প্রয়োজন। স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখার জন্য।
সরকারের প্রধান উদ্দেশ্য হলো তারা যেন পরিবারে ফিরে যেতে পারে। তাদের যেন এমন কষ্টের জীবন না থাকে। তাদের জন্য যেন আলাদা স্কুল-কলেজ করতে না হয়। তারা যেন পরিবারের সঙ্গে থেকে সুন্দর জীবন যাপন করতে পারে। এই সরকার হলো প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে বন্ধু সরকার।
ড্যানিয়েল বাকম্যান
আজকের আলোচনায় থাকতে পেরে আনন্দিত। আপনাদের ধন্যবাদ এমন একটি গরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের জন্য। আমাদের কাছে বিষয়টি অত্যন্ত গরুত্বপূর্ণ।
ঢাকায় বিভিন্ন সামাজিক কর্মীদের সঙ্গে হিজড়া বা ট্রান্সজেন্ডারদের সঙ্গে কাজ করতে পেরেছি। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকারের ব্যাপারে আমি এবং আমরা সহকর্মীরা খুবই যত্নশীল। ট্রান্সজেন্ডারদের বিভিন্ন সেবার মধ্যে স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ। এই কমিউনিটিতে যারা আসছে, তারা খুবই সাহসী পদক্ষেপ নিচ্ছে। তাদের ঝুঁকিমুক্ত জীবনের জন্য যৌন, প্রজননস্বাস্থসেবাসহ মৌলিক চাহিদা পূরণ খুবই জরুরি। তাদের প্রতি সামাজিক বৈষম্যসহ যাবতীয় বাধা দূর করা আমাদের সবার দায়িত্ব। যেসব প্রতিষ্ঠান তাদের জন্য কাজ করছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই তাদের জন্য কাজ করলে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী একটি সুন্দর জীবন পাবে।
সুমনা বিনতে মাসুদ
আমরা আমাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করি। আমাদের অন্যতম কাজ হলো সেবা দেওয়া, একই সঙ্গে সবাইকে সচেতন করা। হিজড়া জনগোষ্ঠীকে আমরা শারীরিক ও মানসিক সেবা দিয়েছি। বিভিন্ন ড্রপ ইন সেন্টারের মাধ্যমে আমরা এ কাজ করছি। শারীরিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে তারা নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িয়ে যেতে পারে। এই করোনাকালে হিজড়া জনগোষ্ঠী আরও বেশি সমস্যার মধ্যে আছে। এ জন্য বিভিন্নভাবে আমরা তাদের পরামর্শ সহায়তা দিয়েছি, যেন তারা মানসিকভাবে ভালো থাকে, সুস্থ থাকে। স্বাস্থ্যসেবা হেল্পলাইনের মাধ্যমে আমরা তাদের মানসিক সেবা দেওয়ার চেষ্টা করেছি।
একজন সাধারণ মানুষের মতো হিজড়াসহ সব প্রান্তিক মানুষের আত্মমর্যাদা নিয়ে বাঁচার অধিকার রয়েছে। প্রায় সবাই বলেছেন যে তাদের প্রতি কোনো বৈষম্য থাকা উচিত নয়। বৈষম্য বা বাধা যদি সামাজিক ও পেশাগত দিক থেকে আসে, তাহলে আমাদের সবার উচিত সেটা দূর করার জন্য কাজ করা।
যার যার জায়গা থেকে কাজ করলে আমাদের যে অর্জন, সেটা আরও সমৃদ্ধ করতে পারব।
ক্যারোলিন ক্রসবি
স্বাস্থ্য নিয়ে একটি ফলপ্রসূ আলোচনার জন্য পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে এমন একটি আলোচনার জন্য।
বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেয়। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীসহ সবার অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা আমরা প্রত্যাশা করি। বিশেষ করে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক অধিকারের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তাদের কিছু বিশেষ চাহিদা ও সেবার প্রয়োজন হয়। এ বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশ সরকার ট্রান্সজেন্ডারসহ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে বলে আশা করি।
আজকের আলোচনায় ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাসম্পর্কিত সমস্যাগুলো উঠে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই সে বিষয়ে উদ্যোগ নেবে। ডা. ফাতেমা শবনমের উপস্থাপনায় ট্রান্সজেন্ডারদের বিভিন্ন বিষয় এসেছে। এসব বিষয় বিবেচনায় আনা হবে বলে আশা করি।
ফিরোজ চৌধুরী
আজকের আলোচনায় ট্রান্সজেন্ডারদের বিভিন্ন সুবিধা–অসুবিধার কথা এসেছে। সরকার এই জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। তাদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছে। নানা ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা সম্প্রসারণের কথা বলা হয়েছে।
এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী সমৃদ্ধ হবে বলে আশা করি। আলোচনায় অংশগ্রহণের জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সহযোগিতায়: USAID
আমেরিকার জনগণের পক্ষ থেকে
সুপারিশ
■ হিজড়া জনগোষ্ঠীর চিকিৎসা ও জীবনযাপনের জন্য একটা নীতিমালা থাকা প্রয়োজন।
■ হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার বৈষম্য দূর করতে হবে।
■ হিজড়া জনগোষ্ঠী সম্পত্তির অধিকারসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা দরকার।
■ হিজড়া জনগোষ্ঠী যেন সাধারণ হাসপাতালে স্বাস্থ্যসেবা পায়, সেটা আরও নিশ্চিত করা প্রয়োজন।
■ হিজড়া জনগোষ্ঠীর অনেকে মনে করেন, কিছু অপারেশন ও চিকিৎসা করলে তাঁরা প্রজননক্ষমতায় ফিরে যেতে পারবেন। স্বাস্থ্য বিভাগ যেন বিষয়টি বিবেচনা করে।
■ হিজড়া জনগোষ্ঠীর নিয়মিত প্রিভেন্টিভ হেলথ কেয়ার স্ক্রিনিং দরকার। তা না হলে তাঁরা ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন।
■ হিজড়া জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়। এটা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।
■ হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।