ইতিহাস না কিংবদন্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিভিত্তিক সমাজের কণ্ঠস্বর খনা বেঁচে আছেন আবহমান বাংলার কৃষিজীবী মানুষের মধ্যে। ছবি: প্রথম আলো
কৃষিভিত্তিক সমাজের কণ্ঠস্বর খনা বেঁচে আছেন আবহমান বাংলার কৃষিজীবী মানুষের মধ্যে। ছবি: প্রথম আলো

খনা নামে একটা মঞ্চনাটক লিখেছিলাম, যা বটতলা মঞ্চায়ন করে আসছে ২০১০ সাল থেকে। ২০০১ থেকে এ নাটক লেখার প্রস্তুতির শুরু। তখন থেকে আজ পর্যন্ত খনার সঙ্গে আমার বেশ টানাপোড়েনের সম্পর্ক। মনে হয় ‘তারে ধরি ধরি মনে করি/ধরতে গেলে সে আর ধরা দেয় না’। তাঁর চরিত্রে অভিনয়ও করি বলে, খনাকে নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়। তিনি ঐতিহাসিক চরিত্র না হওয়ায় সে সব প্রশ্নের উত্তর নিজেকেই যুক্তিসাপেক্ষে খুঁজে বের করতে হয়। নানা বই ঘাঁটাঘাঁটি আর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার হাড়োয়া অঞ্চলের চন্দ্রকেতুগড় ঘুরে পেয়ে যাই খনা-মিহিরের ঢিবি। মনে হয় এ বাংলাতেই, আমাদের খুব কাছাকাছি খনার নাড়ির খবরের কিছু বুঝি হদিস মিলল। তবে মনে করিয়ে রাখি, কিংবদন্তির চরিত্রই এমন, যে সমাজে এর জন্ম, সে সমাজ এমন এমন পদচিহ্ন এঁকে রাখে যে মনে হয় সত্যি ছিল ঘটনাটা, শুধু কিংবদন্তি নয়। তবে গল্পগুলো আবার একটা আরেকটার থেকে অনেক আলাদা। সেই সব অমিল থেকে খনার সবচেয়ে চেনা বা জরুরি চেহারাটা সামনে আনা দরকার।
খনা পরিচিত তাঁর বচনের কারণে। কৃষি, আবহাওয়া, গৃহনির্মাণ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত খনার নামে চালু নানা বচন-প্রবচনগুলো কেবল বাংলায় নয়, ছড়িয়ে আছে বিহার, আসাম থেকে ওডিশা পর্যন্ত। দাবিটি অনেক চিন্তকের। বাংলার কৃষকের অন্যতম সুহৃদ খনা এক বিদুষী জ্যোতিষী। স্বামী মিহিরও একই বৃত্তিধারী। শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব দেখে বরাহের হীনম্মন্যতা ও ঈর্ষা। পুরুষের এই ঈর্ষাটুকু বোঝা ততটা কঠিন নয়। কঠিন থাকেওনি। খনা নারী, তাঁর ঔদ্ধত্যের (পড়ুন সাফল্য) প্রতিকার হিসেবে শ্বশুরের নির্দেশে স্বামী মিহির তাঁর জিব কেটে নেন।
এই নাটকীয়তাটুকুও তাঁর গল্প বেঁচে থাকার একটা কারণ বলে মনে হয়। সমাজ তার কিংবদন্তি দিয়ে সামাজিকদের কিছু তো শেখাতে চায়। নারীকে শেখায়, কী করে লক্ষ্মণরেখার মধ্যে কাটাতে হয় জীবন, যে রেখা নারী নিজে আঁকেনি কোনো দিন, বরাবরই এঁকেছে পুরুষ। শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহ্বা কর্তন এবং তাঁর খনা হয়ে ওঠার গল্প তাই পেরিয়েছে প্রজন্মের সীমানা। আবার এমনও হতে পারে, প্রাথমিক গল্পটা চালু হবার সময় নারীকে বৃত্তাবদ্ধ করার উদ্দেশ্য না থাকলেও পরবর্তী সময়ে সমাজে নারীর অধস্তনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ উদ্দেশ্য গল্পটার টিকে থাকার ক্ষেত্রে সহায়তা করেছে। তাই একবিংশ শতকেও খনার বচন হাতড়ে বেড়ানো।
তাঁকে নিয়ে গল্পের শেষ নেই, শেষ নেই ভিন্নমতেরও। একেকজন একেক রকম স্থান-কালে স্থাপন করেন খনাকে। তাই আমরা জানতে চাই, কে এই নারী? খনা কে ছিলেন, সে প্রশ্নেরও আগের প্রশ্ন, তাঁর নাম খনা কেন? কারও মতে, ‘শুভক্ষণে’ জন্ম তাঁর, নাম তাই খনা। কেউ বা বলেন, জিহ্বা কর্তিত বলে তিনি খোনা, সেখান থেকে খনা। তবে তাঁর আরেকটি নাম লীলাবতী। কেউ বলেন, খনা লঙ্কাদ্বীপের ভাগ্যবিড়ম্বিত রাজকন্যা। রাক্ষসের কবলে পড়ে পিতৃমাতৃহীন হয়ে দ্বীপবাসীর কাছে প্রতিপালিত। আবার কেউ বলেন, তিনি অন্য দ্বীপের রাজকন্যা, রাক্ষসের আক্রমণে অনাথ হওয়ায় লঙ্কার রাক্ষসেরাই তাঁকে লালন করেছে। আবার আরেক পণ্ডিতের মতে, রাজতরঙ্গিনীতে বলা আছে ‘বঙ্গ-রাক্ষসৈঃ’। অর্থাৎ, বাংলাদেশকেও রাক্ষসের দেশ আখ্যা দেওয়া হয়েছিল। ফলে খনা বঙ্গীয় কোনো দ্বীপবাসিনীও হতে পারেন। অন্য পণ্ডিত বলেছেন, খনার জন্ম পূর্ববঙ্গে। আসলে এ রকম নানান জন্মবৃত্তান্ত থাকাটা খুব অস্বাভাবিকও নয়। যেমনটা বলেছি আগে, খনাকে নিয়ে লিখিত কোনো ইতিহাস না থাকায় তিনি যে কোথা থেকে এসে কোথায় ভেসেছেন—সে প্রশ্নসহই আমরা তাঁকে পাঠ করি।
খনার কিংবদন্তি কোন রাজসভার, তা নিয়েও আছে নানা মত। কেউ বলেন, বিক্রমাদিত্যের রাজসভায় বরাহ মিহির নামে যে জ্যোতিষী ছিলেন, খনা তাঁরই পুত্রবধূ। আবার কেউ বলেন, খনা এসেছেন বাংলারই কোনো অঞ্চল থেকে; তারপর গিয়েছেন উজ্জয়িনীতে বিক্রমাদিত্যের সভায়। কিন্তু চব্বিশ পরগনার হাড়োয়াতে খনা-মিহিরের ঢিবি তো স্বচক্ষে দেখেছি। তাহলে খনা কোথায় ছিলেন? উজ্জয়িনীতে, নাকি বাংলায়? হাড়োয়ার বেঁড়াচাপা গ্রামে চন্দ্রকেতুর গড়ের সামনেই সেই ঢিবি।
রাজা চন্দ্রকেতুর পূর্বপুরুষ ধর্মকেতু ছিলেন দেউলনগরের রাজা। দেউলনগরের আদি নাম ছিল কেতু গ্রাম। ইছামতী আর ভাগিরথী-বিধৌত এ প্রাচীন ভূমি গঙ্গারিদই বা গঙ্গাঋদ্ধি নামে পরিচিত। সে অঞ্চলে প্রাকৃত-অনার্য কৃষককুল অধ্যুষিত বালহণ্ডার দেউলনগর, বেঁড়াচাপা, জীবনপুর, দেগঙ্গা, পৃথিবীগুণা, ঝিকরা, হাড়োয়া—এমন সব জনপদজুড়ে ছিল রাজা ধর্মকেতুর শাসন। উত্তরে স্রোতস্বিনীর উর্বর বিস্তার আর পশ্চিম ঘিরে বিদ্যাধরী নদীর কোমল স্পর্শ। সমুদ্র বুঝি খুব দূরে নয়, অন্তত সেকালে হয়তো ছিল না। এর প্রমাণ মেলে বচনের ছত্রে ছত্রে।
সেই দেউলনগরের রাজা ধর্মকেতুর রাজ-জ্যোতিষী বরাহ-বরাহ মিহির। অদ্বিতীয় জ্যোতিষী তিনি। নমস্য কালে-কালে। কিংবদন্তিতে প্রকাশ, লঙ্কাদ্বীপ বা পূর্ববঙ্গের কোনো দ্বীপ থেকে খনা তাঁর স্বামী মিহিরকে সঙ্গে করে পৌঁছে দেন মিহিরের পিতা বরাহ মিহিরের কাছে। পুত্র মিহিরের জন্মের সময় বরাহ হারান তাঁর প্রাণপ্রিয় স্ত্রীকে। এ জন্য তিনি দায়ী করেন পুত্রের দুর্ভাগ্যকে। মিহিরের জন্মকোষ্ঠী ভুল গণনা করে বরাহ মনে করেন, এ শিশু আনবে ধ্বংস, বিনাশ ও অন্ধকার। তাই শিশু মিহিরকে একটি তাম্রপাত্রে করে ভাসিয়ে দেন তিনি বিদ্যাধরীর জলে। বহু বছর পর সেই মিহিরকে নিয়ে খনা হাজির হন বরাহের সামনে। প্রমাণ করেন বরাহের গণনা ছিল ভুল। ধর্মকেতুর রাজসভায় পরিচিত হন মিহির ও লীলাবতী। রাজসভাসদ পদও পান দ্রুত। পুত্রবধূর এই সাফল্য মেনে নিতে পারেন না বরাহ। ঈর্ষান্বিত বরাহ পুত্রকে আদেশ করেন খনার জিব কেটে তাঁকে উৎসর্গ করতে।

>কৃষি, আবহাওয়া, গৃহনির্মাণ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত খনার নামে চালু নানা বচন-প্রবচনগুলো কেবল বাংলায় নয়, ছড়িয়ে আছে বিহার, আসাম থেকে ওডিশা পর্যন্ত

যদি খনা লঙ্কাদ্বীপ থেকে এসে থাকেন, তাহলে এ অঞ্চলের মাটি আর ফসলের গূঢ় কথা তিনি জানলেন কী করে? এ তো একটা প্রশ্ন বটে। বেশির ভাগ লোকই মনে করে, খনার বচনে বিধৃত জ্ঞান তাঁরই। কিন্তু যুক্তি বলে, খনা তাঁর কালের বিখ্যাত জ্যোতিষী হলেও বাংলা বা উজ্জয়িনীর ফুল-ফসল-লতার জ্ঞান তাঁর থাকার কথা নয়। বেগুনখেত বা কলা বাগানের পাতা ও শেকড়ের বর্ণ, গন্ধ, পরিচয় জানতে তিনি নিশ্চয়ই মিশেছেন কৃষকদের সঙ্গে। শিখেছেন তাঁদের কাছ থেকেই। শুঁকে শুঁকে চিনেছেন কার্পাস কি রাই বা শালী ধানের পত্র-পুষ্প-ফলের ঘ্রাণ।
অবশ্য আরেকভাবেও ভাবা যায়। খনা আসলে হয়তো এই বাংলারই এক সাধারণ কিষানী, যিনি তাঁর কালের কৃষিজ্ঞান বচন আকারে গেঁথেছেন। কিন্তু পুরুষের এই পৃথিবীর নাভিশ্বাস তোলা অন্ধকারে এ কাব্য টিকবে না ভেবে সমাজ তাঁর সঙ্গে জড়িয়েছে রাজকন্যার তকমা আর শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের নাটকীয়তা। এসব বচন যদি হয় কৃষকের আপন জ্ঞানকোষ, এর জ্ঞান কিন্তু মানুষের, জনপদের-মাটির-জলের-ফসলের। এ কারণেই বচনগুলো হারিয়ে যায়নি। কালের সীমানা ছাড়িয়ে টিকে গেছে।
আর খনার সময়কাল নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র বলে, যে কালের কৃষকেরা এই বাংলায় ফলাচ্ছেন কার্পাস, কাউন, চিনা, বেগুন, কলা, পাট আর হরেক পদের ধান—সেকালে খনা ছিলেন। তখনো একক ভাষা হিসেবে বাংলা প্রাণিত হয়নি। লেখ্য বাংলার চল তো বহু দূরের কথা। ছিল হয়তো অপভ্রংশ-প্রাকৃত ও মাগধীর মিশেল। তাই প্রয়োজন হয়েছিল বচনের। যাতে কৃষিসমাজের বহু যুগের সঞ্চিত ফসলের জ্ঞান প্রজন্মান্তরে ছড়িয়ে যেতে পারে। তার মানে, খনা হয়তো ছিলেন চর্যাপদেরও আগে, সম্ভবত গুপ্ত যুগের শেষ ভাগে। সময়ের হিসাবে প্রায় চৌদ্দ শ কি পনেরো শ বছর আগের কথা। পৃথিবীর দেশে দেশে অনেক কৃষিসমাজ লেখ্য ভাষাহীনতার কালে এ ধরনের বচন জন্ম দিয়েছে।
কিন্তু খনা-মিহিরের ঢিবি তো বাংলায়। তাহলে বিক্রমাদিত্যের উজ্জয়িনীর খনা-মিহির-বরাহকে কী করে মেলানো যায়? তখন বুঝি যে, হিসাব মেলাতে গেলেই বিপদ। মজাটা এখানেই। খনাকে নিয়ে আছে হিসাব না মেলা অজস্র গল্পগাথা। কখনো কোনোটা মেলে, কখনো মেলে না। কোনোটাই ভুল নয়। তাহলে কি খনা ছিলেনই না কোনো কালে, কোথাও? খনা যদি না-ও থেকে থাকেন, তবু তাঁর বচনের মূল্য বা প্রাসঙ্গিকতা হারিয়ে যায় না।
ঈর্ষান্বিত শ্বশুর বরাহ পুত্র মিহিরকে আদেশ করেছিলেন খনার জিব কেটে তাঁর ঔদ্ধত্যের শাস্তি দিতে। কথিত আছে, জিব কাটার আগে সাত দিন সাত রাত লীলাবতী টানা কথা বলেন কৃষকদের সঙ্গে। তিনি জল, জংলা আর ফসলের সূত্র দিয়ে যান তাঁদের। তাঁকে ঘিরে বসে সব প্রাণে গেঁথে নেন দেউলনগরের কৃষকেরা। সাত দিন শেষে কাটা জিবের রক্তক্ষরণে প্রাণ যায় খনার।
একজন নারী বলেই কি খনার এই নির্মম পরিণতি? নাকি চাষাভুষাদের সঙ্গে যে তিনি মিশেছিলেন, সে-ই তাঁর কাল হয়েছিল? পুরুষতন্ত্র নাকি শ্রেণি কাঠামো? নাকি দুটোই দাঁড়িয়ে গিয়েছিল তাঁর বিপক্ষে? তাঁর পরিণতিই বা কোনটি? মৃত্যু? সে তো সবার জন্যই অনিবার্য। মিহিরের হাতে তাঁর জিহ্বা কর্তন আর খনা হয়ে ওঠাই তাঁর আসল পরিণতি। কণ্ঠস্বর স্তব্ধ করা হয় সব যুগে, সব সমাজে। তবু কি আটকে পড়ে মানুষের জীবনের গান? কোনো সমাজে কি কোনো কালে? তাই খনার পরিণতি মৃত্যুর মধ্য দিয়ে তাঁর বেঁচে থাকার সূচনায়।
খনার বচনগুলো মানুষের, ব্রাত্যজনের, অভাজনের জীবনের গান। সে কণ্ঠস্বর কতটা সত্যিই খনার কি না, সে প্রশ্ন এ কারণেই অপ্রাসঙ্গিক। লড়াইটাই আসল, কান পাতলে যার ধ্বনি শুনতে পাওয়া যায়।

গ্রন্থপঞ্জি
১. খনার বচন, কৃষি ও বাঙ্গালী সংস্কৃতি, আলী নওয়াজ, ঢাকা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, শ্রাবণ ১৩৯৬।
২. খনার বিজ্ঞান, অরূপ রাহী (সম্পাদনা), ঢাকা, ঐতিহ্য প্রকাশনী, ২০০৭।
৩. চন্দ্রকেতুগড়, এনামুল হক, ঢাকা, আইসিজেবিএ, ২০০১।
৪. ‘খনা ও স্বপ্নযাত্রা’, মুক্তস্বর, সংখ্যা ২, সামিনা লুৎফা, ঢাকা, বিপ্লবী নারী সংহতি, ২০০৮।
সামিনা লুৎফা: নাট্যকার; শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।