
মুহম্মদ শহীদুল্লাহ্র দীর্ঘ কর্মময় জীবন কেটেছে ভারতীয় উপমহাদেশের ভাঙাগড়ার কালের মধ্যে। তাঁর জন্মের বছরেই যাত্রা শুরু করেছিল ভারতের জাতীয় আন্দোলনের প্রধান সংগঠন কংগ্রেস। এর অল্প দিন আগে গঠিত হয়েছিল জ্ঞানচর্চার প্রতিষ্ঠান রয়েল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। তাঁর স্কুলজীবনের শেষদিকে বঙ্গভঙ্গ রদ হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনের বছরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন অসহযোগ-খেলাফত আন্দোলনের কালে। তাঁর জ্ঞানচর্চার প্রধান পর্বটিতে ঘটেছে ভয়াবহ দাঙ্গা ও ভারত বিভাগ। বিভাগোত্তর কালে তিনি যখন পূর্ব বাংলার চিন্তাবিদদের মধ্যে প্রধান, তখন এ ভূখণ্ডের মানুষ ভাষা আন্দোলন থেকে স্বাধিকার অর্জনের পথে অগ্রসর হচ্ছে। এসবের মধ্যে এবং এসবকে সঙ্গী করেই মুহম্মদ শহীদুল্লাহ্ হয়ে উঠেছিলেন জ্ঞানতাপস।
শহীদুল্লাহ্র জন্ম কলকাতার অদূরবর্তী বশিরহাটে, ১৮৮৫ সালে। লেখাপড়া ও এন্ট্রান্স পাস হাওড়া স্কুলে (১৮৯৬-১৯০৪)। এফএ কলকাতা মাদ্রাসার মাধ্যমে (১৯০৪-০৬)। কিছুদিন যশোর জেলা স্কুলে শিক্ষকতার (১৯০৮-০৯) পর ব্রাহ্ম-প্রভাবিত সিটি কলেজ থেকে অনার্সসহ বিএ (১৯০৯-১০)। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে এমএ পড়তে চেয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ের মতো উপাচার্যও মুসলমানকে বেদ পড়ানোর ব্যবস্থা করতে পারেননি। ফলে নতুন স্থাপিত তুলনামূলক ভাষাতত্ত্বে ভর্তি হয়ে এমএ ডিগ্রি অর্জন (১৯১১-১২)। উচ্চতর গবেষণার জন্য জার্মানিতে বৃত্তি পেয়েছিলেন (১৯১৩); ‘স্বাস্থ্যগত’ সমস্যা দেখিয়ে সরকার যাওয়ার অনুমতি দেয়নি।
এ সময়ে শহীদুল্লাহ্ আইনে ডিগ্রি নিলেন (১৯১৪)। তবে প্রথমে পেশা হিসেবে বেছে নিলেন শিক্ষকতা—চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুলের প্রধান শিক্ষক হয়ে (১৯১৪-১৫)। বিএল-কে বড লাইভলিহুড মনে করলেও বাধ্য হয়ে কিছুদিন আইন ব্যবসা করলেন বশিরহাটে (১৯১৫-১৯); সঙ্গে বশিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। এ বছরেই তাঁর জীবন ঠিক পথে বাঁক নিল। আশুতোষ মুখোপাধ্যায়ের আগ্রহে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন শরৎকুমার লাহিড়ি গবেষণা-সহায়ক পদে (১৯১৯-২১)। দীনেশচন্দ্র সেনের সঙ্গে শুরু করলেন গবেষণার কাজ।
তখন পূর্ববঙ্গের মুসলমানদের সন্তুষ্ট করতে গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক পদে আবেদন করলেন শহীদুল্লাহ্। পদে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুর দিনেই ১৯২১ সালের ১ জুলাই। ১৯৩৭ সালে দায়িত্ব নিলেন বাংলা বিভাগের অধ্যক্ষের; সাত বছর পর প্রথম অবসর (১৯৪৪)। কিন্তু দেশভাগের সময় বাংলার অধিকাংশ শিক্ষক ঢাকা ত্যাগ করলে সংখ্যাতিরিক্ত শিক্ষক হিসেবে শহীদুল্লাহ্ আবার ফিরে এলেন বাংলা বিভাগে (১৯৪৮); নিলেন অধ্যক্ষের দায়িত্ব। ছয় বছর পর আবার অবসর (১৯৫৪)। ১৯৬৭ সালে তাঁকে বাংলা বিভাগের ইমেরিটাস প্রফেসর করা হয়। মৃত্যু পর্যন্ত (১৯৬৯) এ পদে ছিলেন।
>‘আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড় বাংলাঘর তুলতে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মুহম্মদ শহীদুল্লাহ্ দুটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর একটি বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ (১৯৪৪-৪৮)। রাজশাহীতে পূর্ব বাংলার দ্বিতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে শহীদুল্লাহ্ এর বাংলা বিভাগের অধ্যক্ষের দায়িত্ব নেন (১৯৫৫-৫৮)।
মুহম্মদ শহীদুল্লাহ্র প্রধান পরিচয় জ্ঞানতাপস। ৩৪ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে যে জ্ঞানচর্চা শুরু করেছিলেন, পরবর্তী অর্ধশতক তাতে কোনো ছেদ পড়েনি। প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছিলেন (১৯২৬-২৮) প্রাচীন চর্যাকার সরহ ও কাহ্নের পদ নিয়ে। বস্তুত বৃহত্তর বঙ্গের প্রাচীনতম সাহিত্য উপকরণ চর্যাপদের চর্চা ও পাঠদানে শহীদুল্লাহ্ পথিকৃতের ভূমিকা পালন করেছেন। মধ্যযুগের সাহিত্য, বিশেষত চণ্ডীদাস, বিদ্যাপতি, নাথসাহিত্য ও ধর্মমঙ্গল, আলাওল প্রমুখকে নিয়ে তাঁর বিশ্লেষণ এখনো সাহিত্যের ইতিহাসবেত্তাদের প্রধান সহায়। ভাষাতত্ত্ব, বিশেষত ধ্বনিতত্ত্বে গবেষণা শুরু করেছিলেন প্যারিসেই। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে তাঁর ‘গৌড়ী অপভ্রংশ থেকে উদ্ভব’ তত্ত্ব যুগান্তকারী। বাংলা ধ্বনিতত্ত্ব ও ব্যাকরণ রচনায়ও তিনি পথিকৃৎ। বস্তুত ভাষা ও সাহিত্যের গবেষণার মধ্যে তিনি বাঙালির শিকড়ের সন্ধান করেছিলেন।
বহুভাষাবিদ হিসেবে তিনি কিংবদন্তি। মৌলবির বেতের ভয়ে স্কুলে আরবির বদলে সংস্কৃত নিয়েছিলেন; ফলে ইংরেজি, বাংলাসহ তিনটি ভাষা শেখেন স্কুলে। কৈশোরে ঘরে শিখেছিলেন ফারসি, উর্দু; সঙ্গে ব্যতিক্রমী উড়িয়া। প্যারিস গিয়ে শেখেন ফরাসি, সংস্কৃত, তিব্বতি ও প্রাচীন পারসিক। পরে প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন ভাষা রপ্ত করেন। এই ভাষা-দক্ষতার প্রকাশ দেখা যায় তাঁর প্রাচীন ভারতীয় সাহিত্য ও বিশ্বসাহিত্যের এবং ভাষাতত্ত্বের আলোচনায়। অভিধান প্রণয়নেও বহু ভাষাজ্ঞান তাঁর সহায়ক হয়েছিল।
ফোকলোর ও লোকসাহিত্যচর্চার গুরুত্ব অনুধাবন ও তাতে নিজেকে নিয়োজিত রাখা শহীদুল্লাহ্র কর্মজীবনের আরেকটি বিশিষ্ট মাত্রা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গবেষণা-সহায়ক, দীনেশচন্দ্র সেন তখন মৈমনসিংহ গীতিকার পাণ্ডুলিপি চূড়ান্ত করছেন। ১৯২০-এর দশকে ঢাকায় শিখা গোষ্ঠীর চেয়ে তাঁর বেশি যোগ ছিল পূর্ববঙ্গ সাহিত্য সমাজের সঙ্গে—এ প্রতিষ্ঠানের কাজ ছিল পূর্ববঙ্গের বিভিন্ন এলাকা থেকে পুঁথি ও লোকসাহিত্যের নিদর্শন সংগ্রহ। পরের দশকের শেষ দিকে (১৯৩৮) আশুতোষ ভট্টাচার্যকে নিয়ে বাংলা বিভাগে গঠন করেন লোকসাহিত্য সংগ্রহ সমিতি। পরের অর্ধযুগে বেশ কয়েকজন সংগ্রাহক নিয়োগ করে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল থেকে উপকরণ সংগ্রহ করা হয়েছিল। বাংলা বিভাগের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তিনি মৈমনসিংহ গীতিকাকে অনার্স পর্যায়ে পাঠ্য করেন, যা তখন ছিল প্রায় অভাবিত। ১৯৫০-এর দশকে বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রহের যে বিপুল আয়োজন তার প্রস্তাবক ছিলেন শহীদুল্লাহ্। লোকসাহিত্যের চর্চা সম্পর্কে তাঁর মন্তব্য: ‘আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড় বাংলাঘর তুলতে।’ শহীদুল্লাহ্ নিজে লোককথা, ছড়া, প্রবাদ, ধাঁধা, গীতিকা, প্রভৃতির সাহিত্যমূল, নৃতত্ত্ব, ইতিহাস মিলিয়ে নতুন বিশ্লেষণ উপস্থাপন করে এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সৃষ্টিশীল সাহিত্যের ধারায় শহীদুল্লাহ্র অবদান কবিতা ও অনুবাদ। তবে ‘শৌখিন’ সাহিত্যচর্চায় তাঁর সায় ছিল না। জীবনের শেষ প্রান্তে এসে (১৯৬৫) অনুভব করেন, সাহিত্যে আনন্দ-উদ্যম ও প্রকৃতির চিত্রাঙ্কন অর্থহীন যদি তাতে ‘জাতির অভাব মোচনা না হয়’। ফলে নিজেকে রাজনীতির মানুষ নন বলে ঘোষণা করলেও জাতির ক্রান্তিলগ্নে তিনি একাধিকবার রাজনীতিকদের পথপ্রদর্শক হয়েছেন।

এর সর্বোচ্চ প্রকাশ দেখা যায় আমাদের ভাষা আন্দোলনের সময়ে। পাকিস্তান প্রতিষ্ঠার আগের মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। ভারত বিভাগের আগের সপ্তাহে মুহম্মদ শহীদুল্লাহ্ এর প্রতিবাদ করেন এই বলে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা ছাড়া অন্য কিছু হওয়ার প্রশ্ন অবান্তর। তিনি সতর্ক করে দেন, ‘To surrender Bengali to Urdu or Hindi...will be a shameful surrender of Bengal to outsiders which will be as bad as, if not worse, than political subjugation।’ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে শহীদুল্লাহ্ আপসহীন ছিলেন। বগুড়ায় অংশ নিয়েছিলেন ১৯৪৮ সালের মার্চে ভাষা আন্দোলনের মিছিলে।
বাংলা ভাষার বিরুদ্ধে সব ষড়যন্ত্র অনুধাবন এবং এর প্রতিরোধে তাঁর সুতীক্ষ্ণ বিশ্লেষণ আমাদের অন্ধকারে পথ দেখিয়েছে। ১৯৫০-এর দশকের মাঝামাঝি তাঁর মন্তব্য: ‘হাড়ে হাড়ে বুঝেছিলাম, স্বাধীনতার নূতন নেশা আমাদের মতিচ্ছন্ন করে দিয়েছে। আরবী হরফে বাংলা লেখা, বাংলা ভাষায় অপ্রচলিত আরবী ও ফারসী শব্দের আমদানী, প্রচলিত বাংলা ভাষাকে গঙ্গাতীরের ভাষা বলে তার পরিবর্তে পদ্মাতীরের ভাষা প্রচলনের খেয়াল প্রভৃতি বাতুলতা আমাদের একদল সাহিত্যিককে পেয়ে বসেছে।’ তবে তিনি এই আশার বাণীও শুনিয়েছেন যে, ‘গায়ের জোর বা আইনের জোরে রাতারাতি’ এ ধরনের পরিবর্তন করতে চাইলে তা সফল হবে না। কেননা, ভাষা রাষ্ট্রের আইন অনুযায়ী বদলায় না; বদলায় ভাষাতত্ত্বের নিয়মে।
শহীদুল্লাহ্ বিশ্বাস করতেন, প্রাথমিক স্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সব শিক্ষা মাতৃভাষাতেই দিতে হবে। সেই ১৯১৮ সালেই তিনি অনুভব করেছিলেন, ‘বিদেশী ভাষার সাহায্যে জ্ঞানবিজ্ঞানের চর্চার মতন সৃষ্টিছাড়া প্রথা কখনও টিকিতে পারে না।’ অথচ এ রকমের একটি উদ্ভট ব্যবস্থা নানা যুক্তি দেখিয়ে এখনো টিকিয়ে রাখা হয়েছে।
ধর্মপ্রাণ মুহম্মদ শহীদুল্লাহ্কে অসাম্প্রদায়িক চেতনা ও চর্চার অনুকরণীয় দৃষ্টান্ত মনে করা যেতে পারে। ১৯২৬ সালে বাংলা অঞ্চলে হিন্দু-মুসলমান দাঙ্গা যখন ভয়াবহ রূপ নেয়, তখন তিনি প্যারিসে। ১৯২৭ সালের জানুয়ারি মাসেই সলিমুল্লাহ হল বার্ষিকীর সম্পাদককে তিনি লেখেন, ‘আমার মনে হয় হিন্দু মুসলমান উভয়ই পাগল হইয়াছে।...বাস্তবিক মসজিদের সামনে বাজনা বাজান কি না বাজান, ছায়া লইয়া মারামারি।’ দেশে ফিরে কলকাতায় মুসলমান যুবকদের এক সম্মেলনে (১৯২৮) প্রশ্ন করেছিলেন, ‘ক্ষুদ্র স্বার্থ communalism সেখানে (যুবকদের মধ্যে) ঠাঁই পাবে কেন?’ তিন দশকের দাঙ্গা এবং বহু পরিচিত মানুষের মৃত্যু ও বিপর্যয় শহীদুল্লাহ্র মনোভাবে কোনো পরিবর্তন আনতে পারেনি। ১৯৪৮ সালের ডিসেম্বরের শেষ দিনে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে তাঁর বিখ্যাত উক্তি: ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালী।...মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালীত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে, মালা-তিলক-টিকিতে কিংবা টুপী-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো নেই।’ এই সমন্বয়বাদ ধর্মাচার ও ধর্মনিরপেক্ষতার বিভ্রান্তিকে দূর করতে পারে।
মুহম্মদ শহীদুল্লাহ্ ঐতিহ্যসন্ধানী ছিলেন, ছিলেন ঐতিহ্যের ধারকও। কিন্তু ঐতিহ্যকে আধুনিকতার প্রতিবন্ধকরূপে দাঁড় করাননি। এর বড় উদাহরণ বাংলা দিনপঞ্জির সংস্কার, যাতে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ-ভাবনা অক্ষুণ্ন রেখেই আধুনিক দিনপঞ্জির সন্নিবেশ ঘটেছে।
তাঁর মনন ও পাণ্ডিত্য দীর্ঘকাল আমাদের পাথেয় হয়ে থাকবে।
সৈয়দ মোহাম্মদ শাহেদ: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।