কবিতা

আল মাহমুদ
প্রেমেই বৃদ্ধি পরমায়ু
লোকে কয়—
প্রেমেই নাকি বৃদ্ধি হয় পরমায়ু
স্নায়ুর ভেতর খেলতে থাকে নানান তৃষ্ণা
কেউবা শ্যামল কেউবা শাদা কেউবা কৃষ্ণা—
তবু প্রেমের নাই বিতৃষ্ণা।
বাছাই করতে পারলে তবে
ধরতে যেন ইচ্ছে হবে,
ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল, পরাণ কাঁপে—
হাঁটতে গেলে ইচ্ছে করে ছুঁয়ে দেখি,
আরে আরে আমি তবে করছি একি!
এ কভু নয় আমার লজ্জা-শরম ও ভয়
না না না, এ কভু নয়;
আমি শুধু থাকব পাশে, আশেপাশে
যেমন থাকে ফুলের গন্ধ—
মৃদুমন্দ হাওয়ায় ভেসে
তেমনি আমি থাকব পাশে
ফুলের গন্ধ নাকে আসে এই বাতাসে;
কেউ বুঝিবা মুচকি হাসে
আমার কাছেই সবুজ ঘাসে!
প্রেমকে কভু যায় কি ধরা
স্পর্শ করা যায় কি কভু?
না না না, ছোঁয়া তো নয়
ভালোবাসায় ধোয়া তো নয়,
তবু গন্ধ ফুলের গন্ধ পাপড়ি-ঝরা
মৃদুমন্দ আকুল করা ব্যাকুল করা
কোনো বাগানের গোলাপ গন্ধ...
ঝরছে কেবল আমার হাতে
শিশির ঝরার শব্দ বুঝি
আমার গন্ধ আমিই খুঁজি...

রফিক আজাদ
আপন আলোয়
তিন শত পঁয়ষট্টি প্রদীপের নিচে
ছিল খুব কিমাকার আঁধার—
অনিবার্য আঁধারেরই প্রতিপত্তি ছিল পুরো
পরিসরজুড়ে!—জ্যোৎস্নার স্নিগ্ধতা ছাড়া
বাকি তিন ভাগ জলে বৈদেশে বিরানে অবসিত।
—তবু কি সোয়াস্তি আছে? অস্বস্তিও সঙ্গে সঙ্গে গেছে!
এমন সুন্দর পটে কল্পনায়ও আলোর অভাব
থাকার কথা তো নয়—তবু ছিল, এ-ও বাস্তবতা;
‘মাৎস্যন্যায়’ কাকে বলে তুমি কি তা জানোনি অতীতে?
বিস্মৃতিপ্রবণ যদি, তবে, কী আর করার আছে!
সময় বা কাল যাবে—চলে যায় চৌদ্দ শ একুশ
গবাদি শাবক;—মাঙ্গলিক আসন্ন শাবকটিকে
তিন পুণ্য-নদীজলে ধুয়ে-মুছে তুলে নাও তবে
অন্তর্গত আপন আলোয় সুখময় গৃহকোণে।

ফরিদ কবির
সাপ-লুডু
সাপ-লুডু বেশ বিপজ্জনক!
খেলতে গেলেই দেখি, সাপগুলি জ্যান্ত হয়ে যায়
ছোবলের ভয়ে আমি লুডুর এ ঘর থেকে অন্য ঘরে
ক্রমাগত ছুটতে থাকি!
ওপরে যাওয়ার জন্য মই দরকার
একটু আগেও পড়ে ছিল, যত্রতত্র
কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন
সিঁড়িগুলি সরিয়ে ফেলেছো!
আমি যে ধরব, নেই তেমন একটা হাতও
অথচ তোমরা আছ লুডুর পাশেই
সাপগুলি আস্তে আস্তে ঘিরে ফেলেছে চারপাশ থেকে
আর, আমি ছোবল খাওয়ার জন্য তৈরি হতে থাকি
তুষার দাশ
শিশুস্পর্শ
যেকোনো স্পর্শই তোমাকে আলাদা করে দেবে,
শিশুস্পর্শ হলে এ ব্যাপারে দ্বিগুণ আনন্দ—
ছুঁয়ে দেখো তবে—আনন্দেরই সে সুযোগ এ জীবনে
সহস্রবারের কিছু বেশি হবে—কারও কারও
একবারও নেই—ওদের জন্যই থাকে আমার সমবেদনা।
শিশুস্পর্শ মানে শিশুগান, শিশুকথা,
শিশু–মেলা, শিশু স্বপ্ন, শিশুর চিৎকার—
শিশু এক অভূতপূর্ব জগৎ থেকে নেমে এসে
আমাদের চারপাশে কলকাকলির যত ঝরনাধারা
সব বইয়ে দেয় এক অদ্ভুত সহজ আর নিপুণ ভঙ্গিতে,
যত দেখি যত স্পর্শ করি—তত সুখ পাই,
আনন্দে নাচতে থাকে এই মন শিশুর মতোন।
যারা খুন করে, যারা যুদ্ধে যায়, যারা নদী বা সমুদ্রগামী
যারা মধ্যপ্রাচ্য, ইউরোপ-আমেরিকা যায়,
ইট-কাঠ-লোহা আর ধাতবের সংস্পর্শে থাকার বাধ্য অভিলাষে—
তাদের অনেককেই আমি লক্ষ করেছি তখন,
তারা খুব গভীর আবেগে শিশুদের বুকে ধরে
খুব জোরে দীর্ঘশ্বাসকে টেনে নেয় ভেতর গহিনে—
এই সব তাদের বুকের মধ্যে জমে থাকে
ফের দেখা হবার আগের মুহূর্তগুলো পর্যন্ত
শক্তি হয়ে, আশা হয়ে—
সেই সব নতুন শিশু নড়াচড়া করে বিদেশ-বিভুঁইয়ে।
কামাল চৌধুরী
হৃদয়লিপি
আজ বিকেলে প্রেম লিখেছি
ইতস্তত হাতে
সন্ধ্যাতারা হৃদয়লিপি
গোধূলি সম্পাতে।
হঠাৎ দেখি বৃষ্টি এল
দিল-দরিয়া জল
গলির মোড়ে খোলা আকাশ
হারিয়ে যাব চল।
পথ চিনি না, তবু হারাই
তবু বর্তমানে
শুকনো পাতা মাড়িয়ে যাব
নবজন্ম গানে।
সুমন রহমান
ফ্ল্যাশমব
যে জাহাজ ঘুরেফিরে বারমুডা ট্রায়াঙ্গলে
যে মিছিল হারায়েছে সাহারায়
তারা যদি পুনর্জন্ম পায় করপোরেট-প্রতিভায়
কিছু অ্যানার্কি না হয় হোক আজ সিসিটিভি-পাহারায়
আমাদের পাকস্থলী পিত্তহীন
আমাদের রুট ক্যানেল করা দাঁত
আমাদের কারোরই নাই মতাদর্শের মহাজনী ঋণ
এই গ্র্যাভিটিবিহীন স্পেইসে আমরাই সুখী অ্যাস্ট্রোনাট
আমাদের ইতিহাস-শিক্ষক মৃত
আমাদের ভূগোল বইয়ের পাতা ছেঁড়া
আমাদের দু শ মেগাবাইটের মেমোরি
খুলে নিয়ে গেছে ভবঘুরে সারসেরা
তুমি তাকে ভাবছ যা খুশি
এই ইউনিপোলার টিউব-দুনিয়ায়
আমাদের স্মৃতি ডিসপোজেবল
আমাদের মুখছবি নাই!
আসমা বীথি
প্রবহমান
চুমুকে অঢেল কান্না শুষে শুষে
আজ তুই একফোঁটা শিশির, পবিত্র ভোর
যে পথে জল, রক্তের ফিনকি, সবুজ তৃণ
বারবার নত হই সে পথেই, অশরীরী অন্ধকারে
গম্ভীর অপেক্ষার এ বিরতিহীন খেলায়
ওধারে হাওয়া ওড়ে তো, এইধারে আঁধার
একদিন তোকে ভাসিয়ে নেবে পৃথিবীর গান
স্নেহের পাতা ফাঁদ টপকে উড়েও যাবি তুই
যেতে যেতে কোনো একদিন মনে হবে
রক্তের আখ্যানে রক্ত শুধুই প্রবহমান