
বাউল গান আমি প্রথম শুনি পাঁচ বছর আগে শান্তিনিকেতনে। সাড়ে চার বছর ধরে আমি বাংলায় পড়াশোনা করেছি আর বাউল-ফকির গানের ওপর গবেষণা করেছি। আমার পিএইচডি অভিসন্দর্ভটি লিখেছিলাম মূলত পশ্চিমবঙ্গের বাউল-ফকির গানের ওপর। তাই আমার ১৪ মাস কাটে পশ্চিমবঙ্গে। গত শীতকালে, ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে, আমি প্রথম বাংলাদেশে আসি।
আসার আগে ভাবছিলাম, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বাউল-ফকিরের মধ্যে কী পার্থক্য থাকতে পারে। আমার গবেষণার উদ্দেশ্য বাউল-ফকির গানের বর্তমান পরিস্থিতি। আমার মনে তাই প্রশ্ন ছিল, বাংলাদেশে গিয়ে আমি কী শিখব? কী খুঁজে পাব?
১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় পৌঁছালাম। কলকাতা আর শান্তিনিকেতনের বন্ধুদের সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ করে বাস নিয়ে ২০ ডিসেম্বর চলে এলাম বেনাপোলে। আসার আগে সাইমন জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম। শান্তিনিকেতনে আমার বন্ধু ও শম্ভুনাথ কলেজের ভূগোলের অধ্যাপক শান্তনু দত্ত তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জাকারিয়ার সাহায্য ছিল বিপুল সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশে যেসব জায়গায় আমি গিয়েছি, সেখানেই তিনি আমাকে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। কোথায় যাব, কাদের সঙ্গে আলাপ করব—সে সম্পর্কেও অনেক কাজের পরামর্শ দেন।
যা হোক, জাকারিয়ার পরিচিত সাইদ হাফিজ বেনাপোলে এসে আমার সঙ্গে দেখা করলেন। যশোরের ঝিকরগাছায় আমি কাটালাম চার দিন। আলাপ করলাম ওখানকার কবি, লেখক, ছাত্র ও বিখ্যাত মানুষজনের সঙ্গে। এলাকার সাধু ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলাম। তাঁদের সঙ্গে কথা হলো। একসঙ্গে আমরা গান-বাজনা করলাম। বুঝতে পারলাম, ওই এলাকায় অনেক সাধু আর ভক্ত গানের শিল্পী আছেন।
যশোরের পরে গেলাম ঝিনাইদহ আর কুষ্টিয়ায়। সেখানে গিয়ে বুঝতে পারলাম, সাধুরা গান-বাজনাকে সবচেয়ে জরুরি কাজ বলে মনে করেন না। তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গানের কথা, তত্ত্ব আর সাধনা। গান-বাজনা সে তুলনায় গৌণ ব্যাপার। এটি একদমই আধ্যাত্মিক সাধনার অংশ। শিল্পী-সাধকেরা আমাকে বললেন যে গানের গুরুত্ব এ কারণে যে গানের মধ্য দিয়ে গূঢ় কথা প্রকাশ করা যায়। গানে গায়কের মনের ভাব প্রকাশ পায়। পাশাপাশি তা সবাইকে আনন্দও দেয়।
ঝিনাইদহ গিয়ে আরজ আলী বয়াতির বাড়ি গিয়ে রাত্রিবেলায় গান-বাজনা করে অনেক আনন্দ পেলাম। তাঁর গ্রামের বাড়ির পরিবেশ খুব শান্ত। পরদিন তিনি আমাকে তাঁর চাষের খেত দেখাতে নিয়ে গেলেন। ধানের খেত, পেঁয়াজ-রসুন, মাছের পুকুর, গরু-মুরগি-হাঁস-ছাগল দেখে মন ভরে গেল। সেখানকার হাটের পরিবেশে গিয়ে আমার পশ্চিমবঙ্গের নদীয়ার অভিজ্ঞতার কথা মনে পড়ল। দুই বাংলার যেকোনো দুটো শহরের মধ্যে বেশ অনেক পার্থক্য পাওয়া যাবে, কিন্তু দুই বাংলার দুটো গ্রামের মধ্যে মিলের পরিমাণ অনেক।
কুষ্টিয়া গিয়ে থাকলাম আলম ডাক্তারের বাড়িতে। ওখানে যাওয়ার পেছনে আমার মনে একটি উদ্দেশ্য ছিল। এখানে আমার গবেষণার মূল ক্ষেত্র লালনের মাজারকে কেন্দ্র করে। কিন্তু কুষ্টিয়ায় আলম ডাক্তারের বাড়িতেই আমার সবচেয়ে দারুণ অভিজ্ঞতাটি হলো। ওখানে আলম ডাক্তারের নিজের একটি হ্যামিওপ্যাথির দোকান আছে। কিন্তু তিনি অত্যন্ত পরিচিত একজন সাধু। তবে সাধু হওয়া সত্ত্বেও তাঁর চুল লম্বা বা দাড়ি নেই। তাঁর সঙ্গে কথা বলে আমি শিখতে পারলাম, মানুষ যেমন বিভিন্ন রকমের হয়, জীবনেরও তেমনই বিভিন্ন অবস্থা আছে। তিনি আমাকেও সাধু বলে ডাকলেন। কারণ, তাঁর মনে হয়েছে যে আমার মধ্যে অহংকার নেই। তাঁর কথা শুনে আমি মনে মনে উপলব্ধি করার চেষ্টা করলাম, সাধু মানেটা তাহলে কী?
লালনের মাজার দেখে বেশ ভালো লাগল। কিন্তু লালনের মাজারের আশপাশে প্রচুর দোকানপাট দেখে ভালো লাগেনি। ওই রকমের পর্যটনশিল্প আর ভোগবাদের সঙ্গে লালনের ভাব মেলানো যায় না। শান্তিনিকেতনেও আমি একই রকমের পরিস্থিতি দেখেছি। তবে সবকিছু সত্ত্বেও লালনের মাজারের অভিজ্ঞতা পাওয়ার সুযোগটা ছিল আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার।
কুষ্টিয়া থেকে চলে এলাম ঢাকা। সাইমন জাকারিয়ার সঙ্গে এই প্রথম দেখা হলো। নানা প্রশ্ন করে তাঁর কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। তিনি আমাকে ভালো ভালো কিছু বই দিলেন। মৌলিক কিছু ধারণার কথাও বললেন। ঢাকা থেকে তাঁর দুজন সহযোগী আমাকে তাঁদের সঙ্গে করে নিয়ে গেলেন ময়মনসিংহে। ওখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থাকলাম দুই রাত। ছাত্রদের পরিবেশনায় দারুণ দুটি নাটক দেখলাম। একটা নাটকের বিষয় ছিল মুক্তিযুদ্ধের সময় নিয়ে, আরেকটি ছিল রামায়ণের একটা গল্পের ওপর ভিত্তি করে। সৈয়দ মামুন রেজা পরিচালিত দ্বিতীয় নাটকটি ছিল চমৎকার। জাকারিয়ার পরামর্শে নাটকটি চলল বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামে। ফলে লোক বিষয়ভিত্তিক নাটক গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে আবার এসে পরিবেশিত হলো গ্রামবাসীর লোকদের মাঝখানে। নাটক শেষ হলে অভিনেতাদের সঙ্গে ছাত্রছাত্রীরা গান-বাজনা করলে। আমি দারুণ অনুপ্রাণিত বোধ করলাম। দেখে খুব ভালো লাগল যে এখানকার ছাত্রছাত্রীরা তাঁদের নিজেদের আঞ্চলিক নাটক ও গানের সম্প্রীতির বোধটি ধরে রেখেছেন। বর্তমানে বিশ্বভারতি যদিও রবীন্দ্রনাথের আদর্শ হারিয়ে ফেলছে, নজরুল বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণার চর্চা করে চলেছে।
ময়মনসিংহ থেকে গেলাম সিলেটে। ওখানকার প্রথম আলোর প্রতিনিধি সুমনকুমার দাশের সঙ্গে আলাপ করলাম। বাউলশিল্পী শাহিনুর আলম সরকারের সঙ্গে তিনি আমাকে যোগাযোগ করিয়ে দিলেন। শাহিনুর আমাকে নিয়ে গেলেন দুজন বিখ্যাত লোকের বাড়িতে। আমরা গেলাম শাহ আবদুল করিম আর দুরবীণ শাহের বাড়ি। আমার খুব সৌভাগ্য যে তাঁদের ছেলেরা আমাকে স্বাগত জানালেন। দুই জায়গাতেই তাঁদের ছেলেদের সঙ্গে আলোচনা করলাম। তাঁরা আমাকে তাঁদের বাবাদের বই দিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ যে তাঁদের বাবাদের সম্মান জানাতে আসে, এতে মনে হয় তাঁরাও বেশ গর্ব বোধ করেন।
সিলেট শহরে সুমনের সঙ্গে বেশ ভালো আলোচনা হলো। নিজ এলাকার লোকসংগীতের ওপর তিনি গবেষণা করেছেন। আমাকে তিনি তাঁর বই দিলেন।
সিলেটের পর ঢাকায় ফিরে চট্টগ্রামে গেলাম। সেখানে সাংবাদিক নাসির হায়দারের সঙ্গে গেলাম আবদুল গফুর হালির বাড়িতে। গফুর হালি খুব মজার একজন মানুষ। তাঁর বয়স ৮৬ বছর। কিন্তু তা সত্ত্বেও তাঁর মন একেবারে তারুণ্যে ভরা। তাঁর সঙ্গে খুব ভালো আলোচনা হলো। আমরা গান-বাজনা করলাম। খাবার খেলাম। সন্ধ্যারাত্রিতে গান হলো তাঁর বাড়িতে। ফিরে আসার আগে গফুর হালি আমাকে তাঁর গানের বইও দিলেন।
হরতালের কারণে আমি মাইজভান্ডার আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে পারলাম না। তবে ফটোসাংবাদিক কমল দাশের সঙ্গে ভালো সময় কাটল। আলাপ হলো মিউজিক রেকর্ডিং এক্সিকিউটিভ মুহাম্মদ নুরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক এবং চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে।
কাল রাতে দেশে ফিরে যাব। আমার মন খারাপ লাগবে। এত এত ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ, বিচিত্র ভাবসংগীত শোনা, সুস্বাদু বাঙালি খাবার আর মিষ্টি খাওয়া, সাম্প্রতিক বিষয়ে গভীর কথা, বিভিন্ন অভিজ্ঞতা, সুন্দর পরিবেশ উপভোগ—এসব কখনো ভোলা যাবে না। সবকিছুর ওপরে ভোলা সম্ভব হবে না সব কয়টি জায়গায় সবার কাছ থেকে পাওয়া অপূর্ব আতিথেয়তা।
আমি জানি, বাংলাদেশের ভালো বহু গবেষক বিদেশভ্রমণের এমন সুযোগ পাবেন না। আশা করি, আমরা আমাদের দুই দেশের গবেষক আর শিল্পীদের মধ্যে ভালো কোনো আন্তর্জাতিক বিনিময়ের পথ হয়তো কখনো খুলতে পারব। একদিন হয়তো কোনো বাঙালি গবেষক আমার দেশেও আসবেন। আর আমি তাঁকে আমার দেশের লোকশিল্পীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব।
ঢাকা, ৮ জানুয়ারি ২০১৫
মূল বাংলায় রচিত
বেঞ্জামিন ক্রাকাউর: ভিজিটিং সহকারী অধ্যাপক, এথনোমিউজিকোলজি, এমোরি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।