জীবনে জীবন যোগের ব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্‌জীদা খাতুন (জন্ম: ৪ এপ্রিল ১৯৩২) প্রতিকৃতি এঁকেছেন মাসুক হেলাল
সন্‌জীদা খাতুন (জন্ম: ৪ এপ্রিল ১৯৩২) প্রতিকৃতি এঁকেছেন মাসুক হেলাল

পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক সংঘাতই বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটি সামনে নিয়ে আসে। এর সূচনা হয় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে।
ভাষার সূত্র ধরে চলে আসে সাহিত্যসহ ভাষাবাহিত অন্যান্য সাংস্কৃতিক উপাদানের প্রশ্ন। ক্রমে বিরোধ ও সংঘাত সংস্কৃতির সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়ে। পাকিস্তান চেয়েছিল হিন্দু ও মুসলমানকে কেবল দুটি পৃথক নয়, পরস্পরবিরোধী জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে। ভারত-পাকিস্তান বিরোধের বীজ এভাবে পরিচর্যা করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানি সরকার বাঙালি ও উর্দুভাষীর মধ্যে মৌলিক সাংস্কৃতিক বিরোধের জন্ম দেয়। তবে এই সংঘাত আমাদের আত্মবিকাশের প্রেরণা দেয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। স্বাধীনতা ও রাষ্ট্রের জন্ম রাজনৈতিক কর্ম। তাই যার সূচনা হয়েছিল সাংস্কৃতিক সংগ্রাম হিসেবে, তা পরিণতি পেল বাংলাদেশের অভ্যুদয়ের রাজনীতিতে।
সন্জীদা খাতুনের জন্ম ব্রিটিশ আমলে, ১৯৩৩ সালে। স্কুলপর্ব শেষ করেই তাঁকে ভাষা আন্দোলনের মুখোমুখি হতে হয়। পারিবারিক সূত্রেই তিনি সংগীত ও সাহিত্যের অনুরাগী, বিশেষভাবে, রবীন্দ্রসংগীত ও বাংলাসাহিত্য। ফলে ভাষার প্রশ্নে উর্দুর পক্ষে জিন্নাহর গোঁয়াতুর্মি তাঁর তরুণমনে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তাই ছিল স্বাভাবিক। এই সাংস্কৃতিক চেতনাই সন্জীদা খাতুনকে বাঙালির অধিকার রক্ষার সংগ্রামে জড়িয়ে নিয়েছে।
তখন তিনি সংগীত ও সাহিত্য উভয়েরই ছাত্রী। সাহিত্য তাঁকে কত দূর টানবে কিংবা সংগীতে তিনি কতটা পথ এগোবেন তা সেই তরুণ বয়সে তাঁরও বোঝার কথা নয়, কিন্তু বাঙালি-সংস্কৃতির দায় যে তাঁর প্রাণের দায় সেটা তখনই স্পষ্ট হয়েছে। এখান থেকে সরে আসার সুযোগ নেই তাঁর জন্যে, সরার পথও নেই, বরং উত্তরোত্তর আরও আরও জড়িয়ে পড়াই হলো তাঁর বাস্তবতা, যেনবা ভবিতব্য।
হ্যাঁ, তরুণ বয়স থেকেই সন্জীদা খাতুন একজন দায়বদ্ধ মানুষ। তাঁর মূল দায় বাঙালির প্রতি, মূলত তাঁর সংস্কৃতির প্রতি, সেই সূত্রে গান বিশেষত নাগরিক বাঙালির ধ্রুপদি সংগীত, রবীন্দ্রসংগীতের প্রতি এবং সাহিত্য, বিশেষত বাঙালির উদার মানবতাবাদী সাহিত্যের প্রতি, যার প্রধান নির্মাতা আবার রবীন্দ্রনাথ। ফলে রবীন্দ্রনাথ সন্জীদা খাতুনের যাত্রাপথের নিত্যসঙ্গী, পথপ্রদর্শক, সম্পদে-বিপদে অবলম্বন। সেই যাত্রা শুরুর কাল থেকে, জীবনসায়াহ্নে আজও, হয়তো আজ পরিপক্ব মনে আরও বেশি করেই তা সত্য।
গান শিখতে শিখতে গান শিখিয়েছেন, অনুষ্ঠান আয়োজন করেছেন। সাহিত্য পড়তে পড়তেও নিজের চর্চার চেয়ে অন্যদের মধ্যে আগ্রহ তৈরি এবং সে আগ্রহের রসদ জোগানোর কাজ তিনি করে গেছেন। দায়বদ্ধ মানুষকে দায় নিতে হয়। আর যে সমাজে দায়িত্ব এড়ানোর স্বভাব প্রায় অধিকাংশের মজ্জাগত সেখানে, প্রায় নিজের অজান্তেই, দায় বইতে বইতে আর অন্যের বকেয়া দায় টানতে টানতে, কখন যে দায়িত্বশীল একজন হিসেবে পরিচয় দাঁড়িয়ে যায় তা নিজের পক্ষেও বোঝা মুশকিল। নেতৃত্বের দায় এঁরা এড়াতে পারেন না, সংগঠন এঁদের পিছু ছাড়ে না। মানুষের প্রত্যাশা বাড়ে, কাজের পরিধি বাড়তে থাকে, দায়িত্বের চাপও সমান তালে বেড়ে চলে।
আমরা, তাঁর অনুজেরা, কখনো কাছ থেকে কখনো দূর থেকে, এভাবেই তাঁর পথচলা দেখে এসেছি। নিশ্চয় এই যাত্রাপথে তিনি একা নন, একলা চলেননি, আরও অনেক সমমনা মানুষ তাঁর সহযাত্রী হয়েছেন। কিন্তু তারপরেও নিঃসংশয়ে বলা যায়, এই সাংস্কৃতিক অভিযাত্রায় সন্জীদা আপাকেই নিতে হয়েছে মূল উদ্যোগী ভূমিকা। আজকের সাংবাদিকী ভাষায় হয়তো বলা যায়, তাঁকে এসব কাজে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়েছে।

২.
পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের ৪৫ বছরের অধিকাংশ সময় কেটেছে বৈরী শাসকদের দাপটে। পাকিস্তানের মতোই বাংলাদেশের বৈরী শাসকেরাও বস্তুতপক্ষে পাকিস্তানের, বিশেষত সামরিক স্বৈরাচার আইয়ুব খানের, পথ ধরেই দেশ শাসন করতে চেয়েছে। চেয়েছিল বাংলাদেশকে ফিরে পাকিস্তান বানাতে। ফলে বাঙালির উদার মানবতাবাদী সংস্কৃতির বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ তখন চলছিল সরকারের দিক থেকে। জয় বাংলা নিষিদ্ধ হয়ে বাংলাদেশ জিন্দাবাদ ফিরে এল; বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ বলা চালু হলো। আরও বড় বিপর্যয় এল যখন সংবিধানে ঘোষিত রাষ্ট্রীয় মূলনীতিতে পরিবর্তন ঘটল। জিয়া সরাসরি বাদ দিলেন ধর্মনিরপেক্ষতা, আর এরশাদ যোগ করলেন রাষ্ট্রধর্ম ইসলাম। এই আলোকে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের আদর্শিক পুনর্গঠনের চেষ্টাও চলেছে।
ফলে যেভাবে পাকিস্তান আমলে চলেছে ঠিক সেভাবেই, ১৯৭৫ সালের পর থেকে, বাংলাদেশেও সাংস্কৃতিক স্বাধিকারের সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। আবারও একুশে ফেব্রুয়ারি ও বাংলা নববর্ষ সেই উদ্দীপনায় উদ্যাপিত হতে থাকল। আবারও রবীন্দ্র জন্মোৎসব, নজরুলজয়ন্তী, বাইশে শ্রাবণ ঘিরে বাঙালির সাংস্কৃতিক জাগরণের কাজ চালিয়ে যেতে হলো। এর সঙ্গে এখন যুক্ত হলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস। এই সাংস্কৃতিক লড়াইয়ে আবারও এক সংগ্রামী ভূমিকা পালন করলেন সন্জীদা খাতুন।
তাঁর এই সংগ্রামের মূল অস্ত্র সংগীত, মূল অবলম্বন রবীন্দ্রনাথ আর মূল মঞ্চ ছায়ানট। একসময় তাঁর ভূমিকা খর্ব করার জন্যে আইয়ুবের এদেশীয় দোসর গভর্নর মোনায়েম খান তাঁকে বদলি করেছিল উত্তরের শহর রংপুরে। হয়তো স্বৈরাচারী সরকারের ধারণা ছিল, তাতে ঢাকায় তাঁর কাজকর্ম বন্ধ হবে, হয়রানির মুখে তিনিও হাল ছেড়ে দেবেন। কিন্তু তিনি যে কোন ধাতুতে গড়া তা স্বৈরাচারের ধ্বজাধারী ব্যক্তি কীভাবে বুঝবেন! বাধা দিলে বাধবে লড়াই—এই মন্ত্রসিদ্ধ কর্মী তিনি; ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের—তিনি এই মন্ত্রেই তো দীক্ষিত। ফলে বৈরী আবহের বিরুদ্ধে যুঝতে যুঝতে সন্জীদা খাতুনের নিজের বিকাশ ঘটেছে, তাঁর কর্মযজ্ঞের পরিধি বেড়েছে এবং তাঁর কাজের ভূমিকা ও প্রভাব দিনে দিনে ব্যাপকতা পেয়েছে। সংস্কৃতির প্রাণশক্তি কোথায় থাকে তা জানবে কীভাবে সামরিক দুঃশাসক—হোক পাকিস্তান হোক না বাঙালি!
সন্জীদা খাতুন কেবল অধ্যাপনা আর ছায়ানটে আবদ্ধ থাকলেন না, ছায়ানটও কেবল রবীন্দ্রসংগীত শেখানোর স্কুলে সীমাবদ্ধ থাকল না। একে ছাপিয়ে যাওয়ার, ছাড়িয়ে ওঠার কাল এল।

ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ছবি: প্রথম আলো
ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ছবি: প্রথম আলো

৩.
সামরিক শাসক জিয়ার আমলে বিশেষ বৈরী পরিস্থিতিতে জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ও ছায়ানটের শিক্ষক জাহেদুর রহিমের অকালমৃত্যুতে তাঁর স্মরণে আয়োজিত হয় শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। এই উদ্যোগই কালে রূপ নেয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে, যার ৩৫তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলো এ বছরের মার্চের প্রথমার্ধে পটুয়াখালীতে। এ সংগঠনের রূপরেখা তৈরি ও লক্ষ্যাদর্শ প্রণয়নে বড় ভূমিকা ছিল প্রয়াত সংগীতসাধক ও সংস্কৃতি সংগঠক ওয়াহিদুল হকের। তবে বরাবরের মতো সন্জীদা আপাই মূল সাংগঠনিক দায়ভার বহন করেছেন। ছোট সংগঠনের খোলস ভেঙে বড় সংগঠনে রূপান্তর সময়ের প্রয়োজনেই ঘটেছে।
রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ ছিল তাঁর পিএইচডির গবেষণার বিষয়, এরপর মনোযোগী হলেন এর ধ্বনির রূপমাধুর্যের সন্ধানে। বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে বরাবর কবিতার আগ্রহী নিবিষ্ট পাঠক ছিলেন। এবার আগ্রহের বিষয় হয়ে ওঠে আবৃত্তি ও উচ্চারণ, আজ যা বাচিকশিল্প নামে পরিচিত। ওয়াহিদুল হকের ছায়ায় বেড়ে ওঠা বাচিক চর্চার সংগঠন কণ্ঠশীলনের তিনিই আজ সভাপতি। বাংলাদেশ ব্রতচারী সমিতিরও তিনি সভাপতি। ২০০১ সালে ছায়ানটের নববর্ষের অনুষ্ঠান জঙ্গিবাদী হামলার শিকার হওয়ার পরে ওয়াহিদুল হকের সঙ্গে সন্জীদা খাতুনও সঠিক সাংস্কৃতিক চেতনায় শিশুমানস বিকাশের উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষার কাজে হাত দিলেন। প্রতিষ্ঠিত হলো স্কুল নালন্দা। এটির শক্ত ভিত গড়ে ওঠার আগেই ওয়াহিদুল হকের মৃত্যুতে এ কাজেরও কান্ডারির দায় তাঁকেই নিজ কাঁধে তুলে নিতে হয়।
কোনো প্রতিষ্ঠানে বা সংগঠনে কী পদে আছেন, সেটি তাঁর ক্ষেত্রে মুখ্য বিষয় নয়। আদতে দায় নিতে নিতে, বিশেষত সূচনার অত্যুৎসাহী অনেকের পিছুটান, খামখেয়ালি বা অন্য যেকোনো ঘাটতি পূরণের দায় বইতে বইতে তাঁর অবস্থান ও ভূমিকা আপনিই হয়ে ওঠে মুখ্যজনের। কাজের গুণে ও মাপেই তাঁর মুখাপেক্ষী হয়ে ওঠেন অন্যরা।
যোগ্যতা, আন্তরিকতা, একনিষ্ঠতা সব সময় একপাত্রে মেলে না। আর সবটা মিলে যখন এ দায় বইতে হয় তখন সব সময় মিষ্টি কথায়, এমনকি আপসে কাজ হয় না; প্রায়ই নির্দেশ জারি করতে হয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার মতো অপ্রীতিকর কাজ সারতে হয়। যোগ্যতা, আন্তরিকতা, নিষ্ঠার রসায়নে গড়া ব্যক্তিত্ব আপনিই অন্যদের মান্যতা পান বটে, তবে অনেক সময় সংগঠনের প্রয়োজনে, কাজের তাৎক্ষণিক তাগিদে, তা আদায় করে নিতে বা তার প্রয়োগ ঘটাতেও হয়। এভাবে কাজের সূত্র ধরেই মানুষটার ব্যক্তিত্বের এমন একটা বহিরঙ্গ তৈরি হতে থাকে, যাতে ললিতরূপটি ঢাকা পড়ে যায় কঠোর রূপের কাছে। তখন রাশভারী, গম্ভীর, একটু সুদূরবর্তী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করে সচরাচর দূরত্ব বজায় রেখেই চলতে চায় মানুষ।
এর বিপরীত ছিলেন ওয়াহিদুল হক। ব্যক্তিত্বের কোনো আবরণই তৈরি হতে দিতেন না তিনি। এখনো বাংলাদেশে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক সম্পর্কের চেয়ে বেশি। তাঁর ব্যক্তিগত সংযোগের পথ ধরে রবীন্দ্রচেতনা বা বাঙালি সংস্কৃতির রুচি নির্মাণের কাজ দেশব্যাপী ছড়িয়েছে। তবে তাঁর ব্যক্তিত্ব সাংগঠনিক কাঠামোয় সব সময় বাঁধা থাকেনি, সেটি বরাবরের মতো ধরে রেখেছেন সন্জীদা আপা। চেতনা ও আদর্শের বিস্তার ও সংস্থিতির মধ্যেকার দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটেছিল তাঁদের যৌথ কাজে।

৪.
ললিতে-কঠোরেই তৈরি সন্জীদা খাতুন। সাহিত্য ও সংগীত যাঁর জীবনের মূল রসদ, যাঁর জীবন ও কর্মের প্রেরণা রবীন্দ্রনাথ, তিনি যে জীবনরসিক মানুষ তা বলাই বাহুল্য। সে রসের সন্ধান যেমন তিনি জানেন, তেমনি তা বিলোতেও পারেন। তাই তাঁর অন্তরে-অন্দরে ঠাঁই পেয়ে অবাক হন অনেকেই, দূর থেকে জানা ভুল ভাঙে তাঁদের। কিন্তু তিনি তো কেবল নিজের মধ্যে থেকে সন্তুষ্ট হতে পারেননি কখনো, মানুষ ও সমাজের, ইতিহাস ও জাতির প্রয়োজনের দিকে চোখ গেছে বরাবর। বিবেক তাঁকে টেনেছে বড় পরিসরের কাজে। একে রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় জীবনে জীবন যোগ করার তাগিদ। এই তাগিদ থেকেই নিজেকে ছাড়িয়ে ওঠার শিক্ষা তাঁর যা শুরু হয়েছিল প্রথম জীবনে ভাষা আন্দোলন থেকেই। তারই রেশ ধরে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান ভেঙে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। উত্তরোত্তর এ পথে নিজের দায় বাড়িয়েছেন। এ পথেই ঘটেছে ১৯৬০-এর দশকে এ জাতির রূপান্তর, হয়েছে মুক্তিযুদ্ধ, এসেছে স্বাধীনতা। অবশ্য অনেক দুঃখেই আমরা জানি, রাষ্ট্রজীবনে পঁচাত্তর-পরবর্তী দুঃসময় কাটলেও, আজও উদার মানবতাবাদী সমাজ গঠনের কাজ আরব্ধ রয়ে গেছে। তাই ৮৪ বছরে পৌঁছেও তাঁর ছুটি নেই, দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সম্মাননায় তাঁর পূর্ণতা ঘটে না।
এখনো সমাজের, বিশেষত সংখ্যাগুরু বাঙালি মুসলমান সমাজের, সংস্কৃতি নিয়ে মনের জড়তা কাটেনি। তাদের মনে এসব বিষয়ে নানা কূটতর্ক নানান বিভ্রান্তি। কূটতর্ক ও বিভ্রান্তিও মদদ পেলে ছড়াতে থাকে, সমাজে প্রভাব ফেলতে পারে। দুষ্টচক্রের মতো তা বাড়তেও থাকে। মাঝে মাঝে সংশয় হয়, যেটি শুদ্ধ ধারার অন্দরমহল হিসেবে পরিচিত হচ্ছে তারই বা মান, চিন্তাচেতনা, কর্ম-এষণার ধারা কেমন থাকছে। এসব ভাবনা-দুর্ভাবনা আমাদের পিছু ছাড়ে না।
এসব আলামত অবশ্য তাঁর অজানা নয়। আর জানা হলে কেবলই দায় বাড়ে। ইতিহাস নির্মাণে সচেতন ভূমিকা পালন করে জাতির যাত্রাপথের সহযাত্রী হন যিনি তাঁর অবশ্য কখনোই অবসর মেলে না। ইতিহাস তো চলমান, নির্মীয়মান। তাকে অভীষ্ট পথে চালানো আর যথার্থ রূপে নির্মাণের কান্ডারির পথচলার তাই বিরাম নেই। না, জীবনান্তেও নয়, কারণ এমন মানুষ রেখে যান ভাবশিষ্য, পথনির্দেশ।
এভাবেই মানুষের এগিয়ে চলার ইতিহাস গড়ে ওঠে। কেউ না কেউ হাল ধরবে, পথের তো শেষ নেই। হয়তো কখনো সংশয়াকীর্ণ মনে প্রশ্ন জাগতে পারে—পথের শেষ কোথায়, একি নিরুদ্দেশ যাত্রা? কিন্তু রবীন্দ্রভাবনাসিক্ত সন্জীদা খাতুনের মনের যোগ তো বিশ্বসাথে। সেখানে মহাজীবনের সন্ধানও পান। মহৎ জীবন পথের বাঁশি বাজিয়ে এগিয়ে চলে। তৈরি করে নেয় পথিক ভুবন। সেখানে ভালোবাসায় যুক্ত হয় সমাগত অনুসারী পথিকজন। তাদের জন্য প্রেরণার বাড়তি রসদ মেলে সন্জীদা খাতুনের মতো মানুষের জীবন থেকে।
আবুল মোমেন: সাংবাদিক ও প্রাবন্ধিক।