পদাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রবিউল হুসাইন
এখন সুখময় দিন

বিষণ্ন সংসারে ভেসে যায় হলুদ ত্রিভুজ, ডোবাগুলো পচাপ্রেমে ডুবে নদী হতে চায়, সামনে জলের পাহাড়ে কালো অরণ্যে ফোটে ধূসর গোলাপ, শিমুলের লাল জবা ফুলের সেই এক শ নব্বই হাত কাপড়ে কজন কুমারীর আবরু আবৃত হবে, কার্পাসের তুলো সুতোহীন সাদা ঘুড়ি হয়ে ওড়ে, নিষিদ্ধ পল্লি নিয়মানুগ হয়ে ওঠে, চাহিদানুযায়ী বেগুনি ছিল মাত্র তিন দিন বা দুদিন, একদিন খুব ভোরে নীল আরেক দিন দুপুরে বর্ণিল অদৃশ্য রাত ছিল মাটির ভেতরে, অতি নির্জনে সূর্য ডুবলেই বিষধর সাপ আর হুতোম প্যাঁচার চোখের দুটি দায়িত্ব—দর্শন আর ক্রন্দন, কেউ কেউ চোখ দিয়ে নয় শুধু সমস্ত দেহ নিয়ে অবাক হয়ে দেখে আর হু হু কাঁদে তবু অশ্রু ঝরায় না, কেউ কেউ মরণেও কোনো মৃত্যু যন্ত্রণা পায় না, বরং সুস্বপ্নে ভোরে উঠে পার্থিব জীবন-পরিজনেরা প্রজাপতি হয়ে ওড়ে আকাশের পাশ দিয়ে, উড্ডীন বিমানের পাখা ধরে ঝুলন্ত মানুষেরা গহন জনারণ্যে বাঘের সমাজে গিয়ে ওঠে, সেখানে খাঁচায় ভর্তি সব মানুষ আর মানুষ, প্রগতির পরীক্ষাগারে যাওয়ার জন্য প্রস্তুত, এইমাত্র যাত্রা করবে, সাগর-ভাসা জাহাজ, যে জাহাজে মানুষের জন্য নয় সুখ ও শান্তি জীব ও উদ্ভিদ, যারা অমানুষ মনুষ্যেতর, পশুপাখি মৎস্য ও বৃক্ষকুল শুধু তাদের জন্যই বরাদ্দের এই সুব্যবস্থা, একদল মানুষ খুব বিগলিত ভাবনাহীন দুশ্চিন্তামুক্ত, যেহেতু তারা অজান্তেই মনুষ্যপদহীন বিবেচিত ও প্রমাণিত, বেশ তাদের এখন সুখময় দিন।

কামাল চৌধুরী
কবিতা আমার ভাষা

অশান্ত ডানার নিচে পাখিদের সঙ্গে কিছুদিন

কিছুদিন মৌনগাছে—শেকড়ের প্রোথিত মুদ্রায়

নদীতে ছিলাম আমি ভাঙনের মুখোমুখি স্রোতে

চালচুলোহীন রাতে—অনিকেত মধুচন্দ্রিমায়।

বর্ণমালা থেকে খসে পড়া তীব্র তারার আগুনে

গণকবরের পাশে, যুদ্ধ ও বিজয় উৎসবে

কিছুদিন রাজপথে, হন্তারক সময়ের দ্রোহে

স্বদেশের কাদামাটি—অশ্রুবিন্দু, প্রতিবাদী ভাষা।

একদা নদীর তীরে হাত ধরে পৃথিবী প্রেমিক

সম্পর্ক লিখেছি আমি বানভাসি সকাতর স্নানে

প্রতিটি চুম্বন শেষে জাগতিক মহাশূন্যতায়

জীবিকা আশ্রমে জাগে প্রাত্যহিক কবিতা পথিক।

এভাবেই বেঁচে আছি—ছিন্নলেখা বাতাসে উড়িয়ে

আগুন, বৃষ্টির কাছে জমা রাখি ধূলি-নশ্বরতা

কবিতা হাড়ের মধ্যে রাত জাগে, আমাকে জাগায়

কবিতা আমার ভাষা—আমি তার বাঙালি সন্তান।

জাহিদ হায়দার
ভালোবাসার স্তোত্র

ভালো ভালোবাসা প্রগতিশীল

                মানবের ছায়া চৈত্রদিনে

                পাথরের পথে সত্যস্বর।

ধুলো গায়ে ফিরি মার খাওয়া,

                ক্ষত-সংবাদে শান্তি-হাত

                উপশম-আলো নক্ষত্রের,

                দরজায় তুমি মাধবীলতা।

নির্জনতার অন্ধকারে

একটি কথার শেকড়ভূমি

জ্বলা লণ্ঠন: এখানে আমি।

নির্মাণগুলি সমুদ্রের

সমবণ্টনে সূর্যরীতি

ত্যাগের প্রহর দ্যুতি-হীরক।

ভালো ভালোবাসা হাসপাতালে

                শরণ-সঙ্গ নিদ্রাহীন

                বলে না বিদায় মধ্যরাতে।

রোখসানা আফরীন
মনপাখি

আমি জানি মানুষের বন্ধুতা

পাখির স্বভাব ভালোবাসে

মন তার পাখি

ডানা মেলে মেঘের ওপারে

চলে যায়, চলে যায়, চলে যেতে থাকে

সহস্র আলোকবর্ষ দূরে

মহাকাশে, নভোমণ্ডলে...

দিন যায়, দিন যায়, দিন যেতে থাকে

তারপর যদি কোনো দিন

তার মনে পড়ে—

‘তুই ফেলে এসেছিস কারে...’

যদি সে ফিরে আসে ফের

এই ক্লান্ত বুকে, জমিনে, পাঁজরে

সে যদি আবার আসে

এই ভেবে বসে থাকি

পথের কিনারে একা একা

মন কি আসবে ফিরে?

আবারও কি হবে বন্ধু

তার সঙ্গে দেখা?

কামরুজ্জামান কামু
বৈশাখে

হেন বৈশাখে কোনো কথা নাই

কান্দির মেলা মন্ডা-মিঠাই

ধু ধু খোলাদিন বেতবনছায়া

কাঁটায় রয়েছে জড়ায়ে

কেন বৈশাখে পানি পেয়ে চারা

তড়তড় হেসে পাগলের পারা

কী স্বয়ংক্রিয় উচ্চাভিলাষী

দেখিয়াছি তার ভ্রুকুটি

যেন বৈশাখে তুমি আর আমি

সুপ্ত-শঙ্খ-অন্তর্যামী

সাদা প্রান্তর কালো জঙ্গল

পেরিয়ে চলেছি গোপনে

ইমরান মাঝি
এই জঙ্গলে

এই জঙ্গলে। পাখিগুলো নিশ্চয়ই ফুলেদের দলে। বড় চাঁদ ঝুলে থাকে যেন কোনো বল। কিছু গাছে ফল। কিছু গাছে ফল নেই আছে শুধু কাঠ। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট মাঠ। তার পাশে ঘর। হাতি আসে মাঝে মাঝে ভয়ংকর। ঘরে ঘরে সুন্দরী যেন সব ফুল। গায়ে ছোট জমা আর কানে ভারী দুল। হাতে দাও নিয়ে তারা খুব একা চলে। এই জঙ্গলে। পাখিগুলো নিশ্চয়ই ফুলেদের দলে।