
একটি ফ্যাশন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই মৌসুমের ট্রেনগুলো বড়ই সাদামাটা’। জঘন্যভাবেই সাদামাটা।...ট্রেনে শিল্পসম্মত কিছু পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না বারনুম বর্ণিল বগিগুলো নিয়ে রাস্তায় নামছে। ওই বগিগুলোর ছবিতে রক্তাক্ত আর প্রাণ বাজি রাখা লড়াইয়ে নেমেছে নীল বানর, হলুদ বাঘ, বেগুনি হাতি আর ডোরাকাটা সাপ।
—দ্য কোচ পেইন্টার, সংখ্যা ১, নং ২, নেওয়ার্ক এনজে, মার্চ ১৮৮০
বাংলাদেশের রাস্তায় তিন চাকাওয়ালা রিকশার চলাচল শুরু হয়েছে সেই ১৯৪০-এর দশকের শেষের দিকে, ভারত ভাগের সময় থেকেই। তখনকার রিকশা এতটা সজ্জিত ছিল না। ১৯৬০-এর দশক থেকে ঢাকা ও রাজশাহীর রিকশার পেছনে গলবোর্ডে চিত্রতারকাদের মুখচ্ছবি উঁকিঝুঁকি দিতে শুরু করে। তার সঙ্গে ছিল ফুলের বিচিত্র নকশা।
ঢাকার রিকশাগুলো সবচেয়ে জমকালো। এর পরপরই রাজশাহীর রিকশা। নকশার রং, বিস্তৃতি ও বিষয়বৈচিত্র্য—সবকিছুর বিচারেই এ কথা বলা চলে। ১৯৮০-র দশকে ঢাকার ৮০ শতাংশ রিকশাতেই অলংকরণ দেখা যেত। অথচ ১৯৮৬ সালে চট্টগ্রাম ও কুমিল্লায় সশরীরে গিয়ে দেখেছি, সেখানে রিকশা অলংকরণ নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই। অলংকরণের ক্ষেত্রে মানুষের মুখাবয়বের চেয়ে ফুলের ছবিই সেখানে দেখা যেত বেশি। ঢাকার চেয়ে চট্টগ্রাম শহরে ধর্মের প্রভাব গভীর, সিলেটে তা আরও বেশি। তাই এই দুই শহরের রিকশায় অলংকরণ একরকম চোখেই পড়ে না। কুমিল্লা শহরের আশপাশে রিকশা অলংকরণের একধরনের উপধারার সাক্ষাৎ মেলে। সেখানকার রিকশা সাদামাটা হলেও এর হুডগুলো হয় চমৎকার গাঢ় নীল ও সবুজ রঙের, সেখানে মিনার বা ফুলের ছবি দিয়ে ‘আল্লাহ’ শব্দটি ফুটিয়ে তোলা হয়। আবার রিকশার হুডে মিনারওয়ালা মসজিদের ছবি চিত্রিত থাকে। তার সঙ্গে থাকে বাঁকা চাঁদ। তার ওপরে বাংলায় লেখা হয় ‘আল্লাহু’ শব্দটি।
১৯৭০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রিকশা অলংকরণ ছড়িয়ে পড়তে শুরু করে। যুদ্ধের প্রভাবে রিকশা অলংকরণে দেশাত্মবোধক চিত্র দেখা দিতে শুরু করে—মানুষ দাঁড়িয়ে দেশের পতাকার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে কিংবা একজন নভোচারী চাঁদের বুকে বাংলাদেশের পতাকা গেড়ে দিচ্ছে। এই সময় যুদ্ধের সহিংসতার ছবিও রিকশাচিত্রে দেখা গেছে। সেসব ছবির একদিকে থাকত অপরাধের চিত্র: পাকিস্তানি সেনারা নারীদের ধর্ষণ ও হত্যা করছে। আর অন্যদিকে থাকত শাস্তির দৃশ্য: বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে বেয়নেট মারছে। অন্যান্য প্যানেলে আবার থাকত শুধু অপরাধেরই ছবি। একজন রিকশাচিত্রী আমাকে বলেছেন, সরকার ১৯৭২ সালের দিকে জানতে পারে যে বাংলাদেশে বসবাসরত বিদেশিরা সহিংসতার ছবির ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠেছে। তারা বাজার থেকে বিপুল পরিমাণে এসব ছবিসংবলিত প্যানেল কিনছে। সরকার তখন শিল্পী ও ব্যবসায়ীদের এ ধরনের ছবি আঁকা ও বিক্রি বন্ধ করতে নির্দেশ দেয়। ১৯৭৫ সালে আমি যখন প্রথম বাংলাদেশে যাই, তখন সেখানে সহিংসতার কিছু মলিন ছবির দেখা মিলত। রাজশাহীতে সে সময় যুদ্ধরত ট্যাংক, বিমান ও জাহাজের কিছু পুরোনো ও মলিন ছবি দেখতে পেয়েছি।
আমার প্রথম রিকশাচিত্র দেখার সুযোগ মেলে ১৯৭৫ সালের বসন্তে। তখন আমি রাজশাহীতে থিতু হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত হয়েছিলাম ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের নৃবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে। সময়টা তখন রাজশাহী রিকশাচিত্রের জন্য বাড়বাড়ন্ত নয়। তবে তখনকার রিকশায় অদ্ভুতুড়ে কিছু প্রাণীর ছবি দেখা যেত, যেমন জিরাফ বা ক্যাঙারু। এসব প্রাণী বাংলাদেশে নেই। একটি ছবি ছিল আমার খুব প্রিয়: কয়েকটা টিয়াপাখি হারমোনিয়াম বাজিয়ে গান করছে।
১৯৭৫-৭৬ সালের দিকে আমি ঢাকায় তেমন একটা সময় কাটাইনি। তাই ঢাকার রিকশাচিত্র দেখার সুযোগ তার আগে আমার হয়নি। তবে প্রচুর পরিমাণে প্রাণীর ছবি আমি দেখেছি। একটি ছবিতে তো মার্কিন চিত্রতারকা জেইন মেন্সফিল্ডও ছিলেন। এই ছবিটি ছিল নদীর প্রায় শুকিয়ে যাওয়া তলদেশে পানির ধারার দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রাণিকুলের চিত্রধারার। তবে এর বিশিষ্টতা ছিল এই যে হাতিগুলো এখানে শুঁড় উঁচিয়ে নায়িকাকে অভিবাদন জানাচ্ছে, আর জলহস্তী মুখ হাঁ করে বের করে রেখেছে তার গোল গোল দাঁত।

ঢাকায় আসার পর, ১৯৭৭-৭৮ সালে, আমি মনোযোগ দিয়ে রিকশাচিত্র পাঠ করতে শুরু করি। ঢাকার অন্যতম পটু রিকশাচিত্রী আলাউদ্দিনের (শিল্পী হিসেবে তাঁর ছদ্মনাম ‘নাজ’) সঙ্গে আমার পরিচয় হয়। আমরা যখন গেলাম, তখন তিনি নানা প্রাণীর পৌরাণিক ছবি আঁকছিলেন। সে সময় ঢাকা শহরের রিকশায় চিত্রতারকা ও মানুষের ছবির বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক’ প্রতিক্রিয়া জানানো হয়েছিল। শিল্পীরা সে কারণে অবিরাম কল্পিত পাখিদের অলীক ছবি আঁকতে শুরু করেছেন। সেই পাখিগুলো হয় ঝাঁক বেঁধে আছে, নয়তো ঠোঁট দিয়ে একে অন্যকে আদর করছে বা প্রেমিক-যুগলের মতো কুজন করছে। পৌরাণিক প্রাণীর ছবির ব্যবহারও ছিল ব্যাপক। একবার চলাচলের পথে আমি একটি রিকশাচিত্র দেখেছিলাম, কিন্তু তার ছবি তুলতে পারিনি: একটি বিড়াল বিজনেস স্যুট পরে টেলিফোনে কথা বলছে, আর তার ভৃত্য ইঁদুর চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি ‘মোটা বিড়াল’-এর আদলে কোনো কিছুর ব্যঙ্গচিত্র? মানুষের মুখাবয়বের চিত্রকল্প অপসৃত হলে সামনে চলে আসে প্রাণীর চিত্রকল্প। আরেকটি পৌরাণিক চিত্রে দেখা যায়, একজন ভিআইপি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর পাশে বিচিত্র সব প্রাণী তার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য উঁচু হয়ে স্যাল্যুট করছে। ভিআইপিটি ছিল সিংহ। তার মাথায় পাগড়ি পরা। ব্যঙ্গাত্মক নয় কি?
১৯৮২ সালে ঢাকায় ফিরে এসে আমি লক্ষ করি, জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রকল্প ব্যবহারে নতুন করে আগ্রহ জন্মেছে। তখন চিত্রতারকাদের দারুণ সব ছবি আঁকা হচ্ছিল। পাশাপাশি চিরন্তন বিষয়গুলোতেও আগ্রহ লক্ষ করেছি: নদীর শুকিয়ে যাওয়া তলদেশ, নগরচিত্র, শান্তিপূর্ণ প্রাণীর চিত্র, প্রাণীদের উপকথা, গরু-বাছুরসমেত গ্রামীণ চিত্র, মসজিদ, পদ্মের ওপর তাজমহল, বসার চেয়ার ও বেঞ্চের সজ্জা হিসেবে ফুলদানির নকশার ব্যবহার ইত্যাদি।
১৯৮৬-৮৭ সালে ঢাকার রিকশায় সব ধরনের নকশা দেখা যেত। ফিল্মি ছবি থেকে ধর্মীয়—সব। রাজশাহীর রিকশায় চিত্রতারকাদের ছবিই বেশি দেখেছি। সেখানকার রিকশার হুড ও পেছনের পর্দাও চমৎকারভাবে সাজানো হতো। ঢাকার রিকশার হুড ও প্যানেল, দুই জায়গাতেই আমি নারীর বিধ্বংসী রূপ দেখেছি। প্যানেলে দেখা গেছে ভারতের প্রখ্যাত দস্যুরানি ফুলন দেবীর ছবি। তাঁর হাতে একে-৪৭ রাইফেল বা তিনি পিস্তল ঘোরাচ্ছেন। রাজশাহীতে নাগ-নাগিনী চলচ্চিত্রটিও রিকশাচিত্রের বেশ জনপ্রিয় বিষয় ছিল। ওই ছবিটিতে ভাই আর বোন নিজেদের গোখরা সাপে রূপান্তরিত করতে পারত। রাজশাহীর শিল্পী রবু নাগ-নাগিনীর বিন্দুবাদী (পয়েন্টিলিস্ট) ছবি আঁকতে পারতেন। চট্টগ্রামে রিকশামিস্ত্রির দোকানে চিত্রতারকাদের ছবিসংবলিত প্যানেল দেখেছি, তবে রাস্তায় সেসব ছবিওয়ালা রিকশা কখনো চলতে দেখিনি। তার বদলে দেখতে পেয়েছি প্রাকৃতিক নিসর্গচিত্র ও শান্তিপূর্ণ প্রাণীর ছবিসংবলিত রিকশা। চট্টগ্রাম আর্ট কলেজের শিক্ষক ও চিত্রশিল্পী চন্দ্রশেখর দের সঙ্গে আমি বহু রিকশামিস্ত্রির দোকানে গিয়েছি। সেখানে দেখতে পেয়েছি হুডের রুমালে ফুলদানির রঙিন নকশা এবং চকচকে সোনালি ও রুপালি প্লাস্টিকের রঙিন জরির কাজ।
১৯৯২ সালে আমার সহযোগী কেভিন বাবরিস্কি ঢাকা আসেন। তিনি এসেছিলেন আরামকো ওয়ার্ল্ড (জানুয়ারি-ফেব্রুয়ারি, ১৯৯৪) ম্যাগাজিনে আমাদের নিবন্ধে ব্যবহারের জন্য রিকশাচিত্রের সাম্প্রতিক ছবি তুলতে। কিছু কিছু রিকশার প্যানেলে তিনি উপসাগরীয় যুদ্ধের নায়ক সাদ্দাম হোসেনের ছবি দেখতে পান। ছবিতে সাদ্দাম নামাজের ভঙ্গিতে বসে আছেন। তাঁকে ঘিরে আছে উড়ন্ত যুদ্ধবিমান। আগে উল্লেখ করা বিভিন্ন চিত্রকল্প তখনো সমান জনপ্রিয়। পুরোনো ঢাকার আহমেদ আর্টের শিল্পী আহমেদ বাবরিস্কিকে নানা দিকনির্দেশনা দেন। সাদ্দাম হোসেনের এই ছবি রিকশাচিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্টে্যর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে। দেশের রাজনীতিতে চলমান ঘটনা (মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ কিংবা উপকথার প্রাণীদের ব্যঙ্গচিত্র), এমনকি বিশ্বরাজনীতির (চাঁদে অবতরণ বা উপসাগরীয় যুদ্ধ) প্রতি সাধারণ মানুষের আগ্রহ প্রায়ই রিকশাচিত্রে প্রতিফলিত হচ্ছে। সামাজিক পর্যালোচনা হিসেবে ত্রিনিদাদের ক্যালিপসো গান ও র্যাপসংগীতের সঙ্গে এর মিল আছে।

সাধারণভাবে বললে, ১৯৮০-র দশকে বাংলাদেশের অভিজাত শ্রেণি রিকশাচিত্রকে অরুচিকর বলে মনে করত। বহু চারুশিল্পী আবার একে সাধারণ মানুষের রুচি ও আগ্রহের প্রকাশ হিসেবে গুরুত্বও দিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম আর্ট কলেজে গিয়ে এ ব্যাপারে আমার ধারণা হয়। রিকশাচালক, রিকশাচিত্রী এবং রিকশাচিত্রের সরঞ্জামাদির বিক্রেতাদের জিজ্ঞেস করেছি, এই শিল্পের ভোক্তা কারা। তাঁরা সবাই একবাক্যে উত্তর দিয়েছেন, ‘সাধারণ মানুষ’। একজন একেবারে ইংরেজি শব্দটি ব্যবহার করেই বলেছেন, ‘অর্ডিনারি লোক।’
রিকশাচিত্র কেমন শিল্প? বাইরের একজন মানুষ হিসেবে আমি বলতে পারি, এটা ‘জনগণের শিল্পকলা’। একে নির্দিষ্ট একটি বর্গে ফেলে বিচার করা উচিত নয়। কারণ, এর মধ্যে লোকাচার, চলচ্চিত্র, রাজনৈতিক ও বাণিজ্যিক চিত্রকল্প এবং করণকৌশল মিলেমিশে একাকার হয়ে আছে। নারী, ক্ষমতা, সম্পদ, এমনকি ধর্মের প্রতি রাজপথের মানুষের বাসনাকে এ শিল্প ভাষা দিয়েছে। এই শিল্প তার নির্মাতার মর্যাদাবোধের স্মারক, তার রুটি-রুজির উৎস। এই শিল্পীদের কোনো আনুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ নেই। এ এক পরম্পরা।
একজন রিকশাচিত্রীর কথা দিয়েই শেষ করি। আলাউদ্দিনকে ১৯৮৬ সালে আমি জিজ্ঞেস করেছিলাম, রিকশাচিত্র কি চারুকলা, না বাণিজ্যিক কারুপণ্য? তাঁর ভাষ্য, এটি একটি বাণিজ্যিক কারুপণ্য। এটি এক নজরে উপভোগ করার শিল্প, চারুশিল্পের মতো পর্যালোচনা বা মাথা খাটানোর জিনিস নয়। আরেকজন প্রখ্যাত রিকশাচিত্রী একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সঙ্গে দেখা করতে আসেন। অধ্যাপকের ঘরের দেয়ালে ঝোলানো একটি চিত্রকর্মের মর্ম উদ্ধার করতে ব্যর্থ হন। তাঁর মনে হয়, এটি কোনো ছবি নয়, কেবলই হিজিবিজি। ছবিটিতে কী আছে? অধ্যাপককে এ প্রশ্ন করলে তিনি উত্তর দেন, ‘একটি মেয়ে নাচছে।’ তিনি তখন আবার প্রশ্ন করেন, ‘আপনি কী করে বুঝলেন?’ উত্তরে অধ্যাপক বললেন, ‘শিল্পী বলেছেন’।
অনুবাদ: প্রতীক বর্ধন
জোয়ানা কার্কপ্যাট্রিক: সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ; সাবেক অধ্যাপক, নৃতত্ত্ব, বেনিংটন কলেজ, ভারমন্ট, যুক্তরাষ্ট্র।