আতঙ্কের নাম ইবোলা

২০১৪ সালে বিশ্বে এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় ইবোলা ভাইরাস। মারাত্মক সংক্রামক এ ভাইরাসজনিত রোগটি পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নসহ কয়েকটি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। মূলত পশ্চিম আফ্রিকায় সীমাবদ্ধ থাকলেও বিশ্বায়িত এ সময়ে চিকিৎসাসেবা ও ভ্রমণসহ বিভিন্ন সূত্রে ইবোলা রোগী বা সন্দেহভাজন আক্রান্ত চিহ্নিত হয়েছে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী ভূখণ্ডেও। এ রোগের এক শ ভাগ কার্যকর ওষুধ বা প্রতিষেধক নেই। কয়েক দফা এ রোগের বিস্তার ঘটলেও এবারের মতো প্রাণসংহারী রূপ আগে দেখা যায়নি। সাড়ে সাত হাজারের বেশি নিশ্চিত মৃত্যুর মধ্যে কয়েক শ চিকিৎসক ও নার্স পর্যন্ত আছেন। সবচেয়ে বিপদের কথা, আক্রান্ত বলে চিহ্নিতদের ৭০ শতাংশই মারা যায়।
১৯৭৬ সালে প্রথম শনাক্ত হয় ইবোলা ভাইরাস। মধ্য আফ্রিকার ইবোলা নদীর তীরে প্রথম সংক্রমণ ঘটে বলে নদীটির নামেই ভাইরাসটির নামকরণ হয়। ইংরেজিতে রোগটির নাম দেওয়া হয়েছে ইবোলা ভাইরাস ডিজিজ বা ইভিডি। বলা হচ্ছে, বাদুড়ের খাওয়া ফল থেকে এ ভাইরাস মানুষের দেহে প্রথম প্রবেশ করে। পরে তা মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে। দেহ থেকে নিঃসৃত বিভিন্ন তরল থেকে এ রোগ ছড়ায়।
২১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে মোট ১৯ হাজার ৪৬৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সাত হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই পশ্চিম আফ্রিকার মানুষ। ইবোলার এবারের মহামারিকে গোটা বিশ্বে কয়েক দশকের মধ্যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ডব্লিউএইচও।
ইবোলার মারাত্মক প্রভাব পড়েছে উপদ্রুত দেশগুলোর অর্থনীতিতে। সেখানে কৃষি ও শিল্প উৎপাদনসহ অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংক বলে, ইবোলা ভাইরাসের ভয়াবহতা সিয়েরা লিয়ন, লাইবেরিয়া ও গিনির অর্থনীতিকে কাবু করে ফেলছে। ক্রমশ অবস্থা এমন পর্যায়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি দেশে জরুরি অবস্থা বা কারফিউ জারি করতে হয়েছে। সেরে ওঠা রোগীদের দেহ থেকে নেওয়া সিরাম দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশে প্রতিষেধক তৈরির কাজ চলছে। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, ২০১৫ সালের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।