ছবিতে ২০১৫ :আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে একযোগে ২০১৫ সালের ১৩ নভেম্বর সন্ত্রাসী হামলা চালায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে ১৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সবচেয়ে বেশি মারা যায় প্যারিসের কেন্দ্রস্থলের বাতাক্লঁ কনসার্ট হলে। ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। প্যারিসে এ হামলার পরিণাম হতে পারে বহুমুখী ও দীর্ঘমেয়াদি। এর প্রভাবে শরণার্থী সংকট মোকাবিলার কাজটা ইউরোপীয় সরকারগুলোর জন্য আরও কঠিন হয়ে পড়তে পারে। এর আগে ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদো সাময়িকীর কার্যালয়ে আল-কায়েদার ইয়েমেন শাখার সন্ত্রাসীদের হামলায় নিহত হন ব্যঙ্গচিত্রশিল্পীসহ ১১ জন।

ভূমিকম্পে লন্ডভন্ড নেপাল
শক্তিশালী এক ভূমিকম্পে ২০১৫ সালের ২৫ এপ্রিল লন্ডভন্ড হয়ে যায় হিমালয়কন্যা নেপালের অনেক এলাকা। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ কয়েকটি দেশে। এক নেপালেই প্রাণহানির সংখ্যা নয় হাজার ছাড়িয়ে যায়। আহত হয় ২৩ হাজারের বেশি মানুষ। নেপালে গত ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি। বহু লোকের প্রাণহানি ছাড়াও এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় অনেক ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে রয়েছে কাঠমান্ডুর ধারাহারা বা ভীমসেন টাওয়ারও। ১৮৩২ সালে নির্মিত এই ভবনসহ অনেক স্থাপনা একেবারে মাটিতে মিশে যায়।

ইরান চুক্তি
২০১৫ সালের ১৪ জুলাই ভিয়েনায় চূড়ান্ত হয় ঐতিহাসিক ‘যৌথ নিবিড় কর্মপরিকল্পনা’। তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি বিশ্ব রাজনীতিতে নানা কারণে গুরুত্বপূর্ণ। সমঝোতা অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। এর ফলে তেহরান অন্তত আগামী ১০ বছর পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

নতুন পথে যুক্তরাষ্ট্র-কিউবা
২০১৫ সালটা সত্যিকার অর্থেই ছিল যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের স্বর্ণবছর। জুলাইয়ে এ দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক আবার চালু করে। পরস্পরের কূটনৈতিক মিশনকে পূর্ণ দূতাবাসে পরিণত করা হয়। ৫৪ বছর পর যুক্তরাষ্ট্রের আকাশে ওড়ে কিউবার পতাকা; কিউবার আকাশে যুক্তরাষ্ট্রের পতাকা।

মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচন
মিয়ানমারের দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচন ২০১৫ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গত কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই প্রথম নির্বাচন। ঐতিহাসিক এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির চূড়ান্ত বিজয় হয়। অবশ্য নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করলেও মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারছেন না সু চি। দেশটির সংবিধানের ৬৯ ধারায় আছে, কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা তাঁর সন্তান অন্য কোনো দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সু চির স্বামী ও সন্তানেরা যুক্তরাজ্যের নাগরিক।

শরণার্থী সংকটের প্রতিচ্ছবি আয়লান
পেছনে অথই সাগর। সৈকতে পড়ে আছে একটি ছোট্ট শিশুর নিথর দেহ। শিশুটি সিরিয়ার শরণার্থী শিশু আয়লান কুর্দির। ২০১৫ সালের ২ সেপ্টেম্বরের এই ছবিই শরণার্থীদের বিপন্নতা আর মরিয়া অবস্থার প্রতীকে পরিণত হয়। গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে আয়লানের পরিবার আশ্রয় নিয়েছিল তুরস্কে। সেখান থেকে নৌকায় চেপে গ্রিস যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হয় তারা। নৌকা ডুবে গেলে বাবা আবদুল্লাহ কুর্দির হাত ফসকে সাগরের ঢেউয়ে তলিয়ে যায় দুই ছেলে—তিন বছর বয়সী আয়লান আর পাঁচ বছর বয়সী গালিব। ভূমধ্যসাগর কেড়ে নেয় ওদের মা রেহানাকেও। তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের ছোট নিথর দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে শরণার্থী সংকট নিয়ে দ্বিধাগ্রস্ত ইউরোপসহ বিশ্ববাসীর ঘুম ভাঙে।

হজে দুর্ঘটনা
২৪ সেপ্টেম্বর হজ পালনকালে মিনায় এক হুড়োহুড়িতে পদদলিত হয়ে ২ হাজার ২৩৬ জন হাজির মৃত্যু হয়। হজ পালনের ইতিহাসে এটিই সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বার্তা সংস্থা এপি মৃত হাজির সংখ্যা ২ হাজার ৪১১ বলে দাবি করে। মিনার জামারত ব্রিজের কাছে ঘটা এই দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় অনেক বাংলাদেশি হাজির মৃত্যু ঘটে। তবে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিচিত্র ঘটনা
কেলেঙ্কারির একশেষ
এত বড় আসরে এ রকম ভুল কেউ চিন্তাও করতে পারে না। মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের ৬৪তম আসরের ফাইনালে ভুল করে প্রথম রানারআপ মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিয়েরেস আরেভালোর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। পরে ভুল সংশোধন করে সেই মুকুট তাঁর মাথা থেকে খুলে পরিয়ে দেওয়া হয় মিস ফিলিপাইন পিয়া আলোনজোর মাথায়। কী যে এক কেলেঙ্কারি! ভুলটা উপস্থাপক স্টিভ হার্ভির। তিনিই ভুল নাম ঘোষণা করেছিলেন। নাম ঘোষণা শুনে আর মাথায় মুকুট পরে মিস কলম্বিয়া আনন্দে আপ্লুত হওয়ার অভিব্যক্তি রীতিমাফিকই দিয়েছিলেন। এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন উপস্থাপক হার্ভি।

ব্রিজের ওপর দিয়ে বিমান
এমন ভয়াবহ দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছিল মুঠোফোনের বরাতে। গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তাইওয়ানের রাজধানী তাইপের এই সেতুর ওপরে যানবাহনের চাপ বেশি ছিল না। গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক চালক। তাঁর চোখের সামনে আকাশ থেকে নেমে আসে এক ঢাউস উড়োজাহাজ। চোখের সামনে দিয়ে সেটা সেতু ছুঁয়ে নদীতে আছড়ে পড়ে। ট্রান্স এশিয়ার এই বিমানটি মাত্রই তাইপে বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল। ৫৩ জন যাত্রী ছিল ওতে। দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়।