ইউক্রেন সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত, বিহ্বল কিশোর শিক্ষার্থী৷ ছবি: এএফপি
আহত, বিহ্বল কিশোর শিক্ষার্থী৷ ছবি: এএফপি

ইউক্রেনের মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রতিবাদ বিক্ষোভের জেরে পদত্যাগে বাধ্য হন। এর কদিন পরই ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর দখল করে নেয় রুশপন্থী বন্দুকধারীরা। রাশিয়া আর ইউরোপীয় ইউনিয়নের রশি টানাটানির প্রেক্ষাপটে রুশভাষী পূর্ব ইউক্রেনে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। এপ্রিলে রুশপন্থী বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে বেঁধে যায় পূর্ণমাত্রায় যুদ্ধ। কয়েক মাস পর একটি যুদ্ধবিরতি হলেও তা বিভিন্ন মাত্রায় প্রায়ই ভঙ্গ হচ্ছে। বিদ্রোহীদের সহায়তায় ইউক্রেনের পূর্বাংশে রুশ সেনাদের প্রবেশ বিষয়টিকে জটিল ও বিস্ফোরক করে তোলে। তবে রাশিয়া বরাবরই তার সেনাদের অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করে এসেছে।
ইউক্রেন সংকট নতুন করে ইতিহাসের ধূসর পাতা থেকে আলোচনায় নিয়ে এসেছে ক্রিমিয়াকে। মধ্য ১৮ শতকের এক যুদ্ধের কারণে খ্যাত ক্রিমিয়া হঠাৎ করেই আবার বিশ্ব আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
১৭৮৩ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ক্রিমিয়া রাশিয়ারই অংশ ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রেসিডেন্ট নিকিতা খ্রুশ্চভ রুশ ভাষাভাষী ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ছেড়ে দিয়েছিলেন ‘উপহার’ হিসেবে। ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার কিছুদিন পরই ক্রিমিয়া দখলে নেয় রুশ সেনারা। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ক্রিমিয়ায় মার্চ মাসে গণভোটও করা হয়। ফলে দেখা যায় ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটারই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই গণভোটের বৈধতা দেয়নি। ক্রিমিয়ায় রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০০০ সালে প্রথম রাশিয়ার ক্ষমতায় বসার পর থেকেই ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রভাব থেকে সাবেক সোভিয়েত দেশগুলোকে মুক্ত রাখার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। নিকট প্রতিবেশী ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ যাতে বড় একটি বাণিজ্য চুক্তি করে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ না হয়ে ওঠেন সে জন্যই পুতিন দেড় হাজার কোটি ডলার ঋণ দেওয়ার টোপ দিয়েছিলেন।
কিন্তু ইউরোপপন্থীদের আন্দোলনে পতন ঘটে ইয়ানুকোভিচের। ক্রিমিয়া যুক্ত করে নেওয়াসহ ইউক্রেনে রাশিয়ার কথিত ‘হস্তক্ষেপের’ কারণে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার বড় ধরনের টানাপোড়েন চলছে।