

বেশ কিছু বড় সাংস্কৃতিক উৎসব হয়ে গেল এ বছর। চারটি বড় সংগীত উৎসবের পাশাপাশি সাহিত্য উৎসব, নাট্যোৎসবও ছিল উল্লেখযোগ্য।
চারটি বড় সংগীত উৎসব হয়েছে ২০১৫ সালে, যা নানা কারণেই ছিল ব্যতিক্রমী। বছরটি শুরু হয়েছিল সুফি ফেস্ট দিয়ে। সে সময়টি ছিল অবরোধ আর উৎকণ্ঠার। বিএনপি ও তার জোটের ডাকা টানা অবরোধের মধ্যে ঢাকা সামরিক জাদুঘর মাঠের এই আয়োজনটি কতটা সফল হবে, তা নিয়ে শুরুতে ছিল সংশয়। কিন্তু ২৭ জানুয়ারি উৎসবের প্রথম দিনেই আগ্রহী সংগীতরসিকদের, বিশেষ করে তরুণদের ভিড় জানিয়ে দেয়, সংগীতের কাছে অবরোধ অচল। তিউনিসিয়ার দল ‘মেশকেত’, ভারতের শিল্পী জাবেদ আলী, মিসরের মাওলাউয়িআহ, পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান ও স্পেনের ‘জিকর’ দলটির কথা মনে রেখেছেন আগ্রহী শ্রোতারা। আর ভারতের অর্ক মুখার্জি পৃথিবীর আদিম এক সুরযন্ত্র ‘কাজু’ বাজিয়ে সংগীত পরিবেশন করেন, যা নজর কাড়ে দর্শক-শ্রোতাদের। ব্লুজ কমিউনিকেশনস আয়োজন করে তিন দিনের এই উৎসবটির।
‘গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’ শুরু হয় ৪ সেপ্টেম্বর। চলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হয় এর উদ্বোধন। যৌথভাবে উৎসবের উদ্বোধন করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার। উৎসবে দেখানো হবে ভারতের তিনটি, রাজশাহীর একটি, চট্টগ্রামের একটি ও ঢাকার ৪৮টি দলের নাটক।
ঢাকা সামরিক জাদুঘর মাঠে ৫ নভেম্বর শুরু হয় তিন দিনব্যাপী ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব’। এ উৎসবের মূল আকর্ষণ ছিল জ্যাজশিল্পী জন ম্যাকলাফলিন। উৎসবের প্রথমদিনেই যাঁর অনন্য বাদন ও গায়কি দেখার সৌভাগ্য হয় দর্শকদের। উৎসবে নজর কাড়েন ফ্রান্সের জ্যাজশিল্পী চায়না মোজেস, ভারতের লুইস ব্যাংক, সোলমেট, ব্রাজিলের এসড্রাস নগুয়েরা কোয়ার্টেট। এ উৎসবের আয়োজক ছিল ব্লুজ কমিউনিকেশনস।
মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস আয়োজন করেছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৫’। এটিও ছিল তিন দিনের উৎসব। শুরু হয়েছিল ১২ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। ভারতের পার্বতী বাউল, অর্ক মুখার্জি, পাপন, পাকিস্তানের সাঁই জহুর, আবিদা পারভীনের কথা মনে রাখবে মানুষ।
১৯ নভেম্বর শুরু হয়েছিল ‘ঢাকা সাহিত্য উৎসব’। বাংলা একাডেমিতে তিন দিন ধরে অনেকগুলো চিত্তাকর্ষক বিষয়ে আলোচনা হয়েছে এ উৎসবে। ভারতের সাহিত্যিক নয়নতারা সেহগাল, অমিত চৌধুরী ও শোভা দে ছিলেন এ আয়োজনের আকর্ষণ। নোবেলজয়ী হ্যারল্ড ভারমাসের আলোচনাও ছিল মনগ্রাহী। ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেকগুলো অধিবেশনে সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি লোকনাট্য, গল্প বলা, গান ইত্যাদিও সমৃদ্ধ করে উৎসবটিকে।
বছরের শেষ বড় আয়োজন ছিল বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘উচ্চাঙ্গসংগীত উৎসব’টি। চতুর্থবারের মতো এই আয়োজন ছিল আর্মি স্টেডিয়ামেই, ২৭ নভেম্বর থেকে পাঁচ দিন ছিল যার বিস্তার। এবারই প্রথম ঢাকার দর্শক ‘সরস্বতী বীণা’ শুনতে পেলেন, বাজালেন ভারতের জয়ন্তী কুমারেশ। ওস্তাদ জাকির হোসেন, রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাশিয়া, বম্বে জয়শ্রী, বালমুরালী কৃষ্ণ ছিলেন এ আয়োজনের আকর্ষণ।
চারটি উৎসবেই বিদেশি অতিথি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীদেরও ছিল উজ্জ্বল উপস্থিতি।

দর্শক উপস্থিতির বিচারে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবটি পৃথিবীর সবচেয়ে বড় শাস্ত্রীয় সংগীতের উৎসব। এ উৎসবে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। বিশেষ করে উৎসবের তৃতীয় দিন থেকে আর্মি স্টেডিয়ামে যেন তিলধারণের ঠাঁই ছিল না। ফোক ফেস্টিভ্যাল ও উচ্চাঙ্গসংগীত উৎসবের বৈশিষ্ট্য ছিল, অনলাইনে বিনা মূল্যে টিকিট প্রাপ্তির নিশ্চয়তা। এই প্রক্রিয়াটিতে ব্যাপক সাড়া মেলে। সুফি ফেস্ট আর জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবে ছিল অর্থ দিয়ে টিকিট কেনার ব্যবস্থা।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও উৎসবগুলোয় মানুষের উপস্থিতি বলে দেয়, নৈরাজ্য ও ব্যস্ততার মধ্যেও দুদণ্ড সাংস্কৃতিক পরিমণ্ডলে অবগাহন করার সুযোগ পেলে মানুষ তাতে সাড়া দেয়। বিশেষ করে, তরুণ প্রজন্ম উৎসবগুলোকে যেভাবে সফল করে তুলেছে, তা ছিল আশাব্যঞ্জক। একই মানুষ লোকসংগীত ও জ্যাজের মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার সংগীত শুনতে যাচ্ছে, সুফি ও ধ্রুপদি সংগীতে কান পাতছে—এটা এক বড় ব্যাপার।