একতরফা নির্বাচন: অভিঘাত বহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটারবিহীন একটি ভোটকেন্দ্র৷ ছবি: এম সাদেক
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটারবিহীন একটি ভোটকেন্দ্র৷ ছবি: এম সাদেক

বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির অন্যতম ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন, যার অভিঘাত দেশের রাজনীতিতে এখনো রয়ে গেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে এটি ছিল ‘সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন’। বিরোধী দলের কাছে এটি ‘গণতন্ত্র হত্যার নির্বাচন’। সাধারণ ভোটার, নাগরিক সমাজ, পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের বৃহত্তর অংশ এটিকে ‘একতরফা নির্বাচন’ হিসেবে অভিহিত করে থাকেন।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনেই সাংসদ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) দেশের অর্ধেকের বেশি ভোটার ভোট দেওয়ার সুযোগ পাননি। নির্বাচনের এক সপ্তাহ আগ থেকে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ‘কার্যত গৃহবন্দী’।
আর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ‘আটকে’ রাখা হয়। অবশ্য তিনি পরে নির্বাচন কেবল মেনেই নেননি, নিজে হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আর তাঁর স্ত্রী রওশন এরশাদ হয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা।
নির্বাচন-পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো তিন দফা ঢাকা সফর করেও সফল হতে পারেননি। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশি-বিদেশি সব আহ্বান-উদ্যোগ উপেক্ষা করে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যধারী বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সঙ্গে মহাজোটভুক্ত তার মিত্র দলগুলো এতে অংশ নিয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও তাঁর মিত্র জামায়াতে ইসলামী। ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে বিএনপি-জামায়াত টানা হরতাল-অবরোধ পালন করে। দীর্ঘ সময় ধরে সহিংসতা চলে, জনজীবন ও জাতীয় অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত ৪১ দিনে নিহত হয়েছে ১২৩ জন। আর ভোটের দিন সহিংসতায় মারা যায় ১৯ জন। ভোটের দিন এত সংখ্যক মানুষের প্রাণহানি এর আগে দেখা যায়নি।
এ ছাড়া নির্বাচন-বিরোধীরা নির্বাচনের আগের দিন ১১১টি ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়। এর সব কটিই ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ভোটের ৭০টি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাই হয়েছে। একতরফা এ নির্বাচনেও বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে।
অবশ্য নির্বাচনের পর বিরোধী দল দম হারিয়ে ফেলে। দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ হয়, স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসে। বিদায়ী বছরের শেষে বিএনপি ৫ জানুয়ারির এক বছর পূর্তিকে সামনে রেখে আবার রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আর মাঠ দখলে রাখতে সরকারি দলও মাঠে থাকার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে।