
যুদ্ধবিমানের বোমা আর ট্যাংক-কামানের গোলায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর বাড়ি। রেহাই পাচ্ছে না হাসপাতাল বা জাতিসংঘের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো স্থাপনাও। চারদিকে মৃত্যু। খাবার নেই, বন্ধ বা বিঘ্নিত পানি আর বিদ্যুতের মতো অতি জরুরি পরিষেবা। ২০১৪ সালের মধ্যভাগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের এমনই নির্মমতা দেখল বিশ্ব। কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস বা লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের বেপরোয়া প্রতিশোধ নতুন নয়, কিন্তু ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতির বিচারে এ সামরিক অভিযান ছিল নজিরবিহীন।
উত্তেজনার সূত্রপাত ১২ জুন পশ্চিম তীর থেকে তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যা থেকে। পরে পাল্টা হামলায় ফিলিস্তিনি এক কিশোরকে অপহরণ করে পুড়িয়ে মারে ইসরায়েলিরা। উত্তেজনা বেড়ে যাওয়ায় গাজার নিয়ন্ত্রক হামাস ইসরায়েলে রকেট ছোড়াও বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে হামাসকে ভালো রকম শায়েস্তা করার ঘোষণা দিয়ে ৮ জুলাই অবরুদ্ধ গাজায় ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের সেনা অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্য ছিল, তাদের হামলার লক্ষ্য হামাসের রকেট ছোড়ার স্থান, অস্ত্র চোরাচালানের সুড়ঙ্গ আর সংগঠনটির নেতারা। তবে প্রায় ৫০ দিন চলা এই অভিযানে নিহত ২২শর বেশি মানুষের অধিকাংশই ছিল শিশুসহ সাধারণ মানুষ। ইসরায়েলের পক্ষে নিহতের সংখ্যা ছিল মাত্র ৭২, তাদের মধ্যে ৬৬ জনই সেনাসদস্য।
ইসরায়েলের ওই গাজা অভিযানের আশু কারণ তিন কিশোরের অপহরণ আর হামাসের রকেট হামলা হলেও এর পেছনে উভয় পক্ষে গভীরতর কিছু বিষয় সক্রিয় ছিল। বলা হয়, ইসরায়েলের দিকে এ সামরিক অভিযানের পেছনে কাজ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দুর্বল অবস্থান। সরকারের অংশীদার ডানপন্থীরা ফিলিস্তিনিদের বিষয়ে কঠোর অবস্থানের ব্যাপারে চাপ দিয়ে আসছিল। অন্যদিকে হামাসও সাধারণত এমন যুদ্ধ বাধানোর মাধ্যমে অবরোধ শিথিলসহ কৌশলগত কিছু সুবিধা অর্জনের চেষ্টা করে থাকে।
এ দুই পক্ষের স্বার্থের সমীকরণের বলি হয়েছে অসংখ্য নিরীহ মানুষ। সম্প্রতি বিশেষ করে ইউরোপজুড়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে আগ্রহ দেখা যাচ্ছে, গাজায় এবারের ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিঃসন্দেহে তার পেছনে এক বড় অনুঘটক।