ছবিতে ২০১৫ : জাতীয়

অবরোধ ও সহিংসতা
গুলশানের ‘অবরুদ্ধ’ দলীয় কার্যালয় থেকে বেরোতে না পেরে ৫ জানুয়ারি সাংবাদিকদের সামনে খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। এই অবরোধ তিন মাসেরও বেশি সময় ধরে চলে। অবরোধের সময় বাসে পেট্রলবোমা নিক্ষেপ থেকে শুরু করে নানা রকম সহিংস ঘটনা ঘটতে থাকে। এসব সহিংসতায় অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু ঘটে, ২২৫ জন নানা মাত্রায় দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট দগ্ধ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে।

সফর ও ছিটমহল
৬ জুন ঢাকা সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের পত্র বিনিময় হয়। এরপর ভারতের পার্লামেন্ট এ চুক্তি অনুসমর্থন করে তাদের সংবিধান সংশোধন করে। ৩১ জুলাই মধ্যরাতে দুই দেশের ছিটমহল বিনিময় হলে ৬৮ বছরের দীর্ঘ সীমান্ত জটিলতার স্থায়ী অবসান ঘটে।

যুদ্ধাপরাধীর ফাঁসি
২১ নভেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের। এর আগে ১১ এপ্রিল রাতে একই কারাগারে ফাঁসি দেওয়া হয় আরেক জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে। এঁদের তিনজনের বিরুদ্ধেই একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ প্রমাণিত হয় এবং বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এঁদের দণ্ডিত করেন। এর মধ্যে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পরিকল্পনা ও সহযোগিতার অপরাধে।

জঙ্গি হামলা
বছরজুড়ে ছিল বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর সহিংস তৎপরতা। ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে। এরপর আট মাসে আরও চারজন লেখক, ব্লগার ও প্রকাশককে হত্যা করা হয় প্রায় একই কায়দায়। এ ছাড়া ২৩ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলায় এক কিশোর নিহত ও শতাধিক লোক আহত হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের সড়কে গুলি করে হত্যা করা হয় ইতালির নাগরিক সিজার তাবেলাকে।


গণকবর
মে মাসজুড়ে থাইল্যান্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে একের পর এক গণকবর আবিষ্কারের ঘটনায় বাংলাদেশে সাড়া পড়ে যায়। তথ্য আসতে থাকে, এসব কবর থেকে উদ্ধার করা মরদেহগুলো আসলে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী আর অভিবাসনের উদ্দেশ্যে সমুদ্রপথে পাড়ি জমানো অবৈধ বাংলাদেশিদের।

নিষ্ঠুরতা
সিলেটে শিশু সামিউল আলম ওরফে রাজনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যার ছবি প্রচার করা হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। জনমতের চাপে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করে প্রশাসন ও আদালত। ৮ নভেম্বর চারজনের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। একই দিন খুলনার আরেক শিশু রাকিব হত্যার রায়ে আরও দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।