প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগমনী
লুৎফর রহমান রিটন

পাখির পালকে ভোর, রৌদ্রের স্পর্শ
ঘাসফুল হেসে ওঠে—শুভ নববর্ষ!
শিশিরের বিন্দুতে সূর্যের মিতালি
বৃক্ষ ও পল্লবে পাখিদের গীতালি
নদীও কোরাস গায়, অপরূপ আগমনী
সমুদ্রে সমবেত ঊর্মির সিম্ফনি।
বাতাসের এসরাজ সমতলে পাহাড়ে
ভালোবাসি, কানে কানে কে বলিবে কাহারে!
শিশুদের কোলাহল শুনি সর্বত্র
ডালে ডালে উৎসবে সবুজের পত্র।
নেচে ওঠে ঝরাপাতা মন তার উড়ু উড়ু
আমাদের হলো শেষ, তোমাদের হলো শুরু।
প্রবীণের ক্লান্তি ও অবসাদ মুছে যাক
নবীনের দীপ্তিতে ব্যর্থতা ঘুচে যাক।
প্রাণে প্রাণে হাসি গানে দেশ ভরপুর হোক
অশুভ ও অশান্তি দূর হোক দূর হোক...