
গত বছর বাংলাদেশের বেশির ভাগ সাফল্য এসেছে মূলত ওয়ানডেতে। যে দল ২০১৪-এ টানা ১২ ওয়ানডেতে হেরেছিল, তারাই কিনা পরের বছর ১৮ ওয়ানডের জিতল ১৩ টিতেই। চারটি সিরিজের সব কটিতেই জয়। তার মধ্যে দুটিতে হোয়াইট ওয়াশ।
বছরের শুরুতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মাথার ওপর ঘুরছিল টুকরো টুকরো শঙ্কার মেঘ। বাংলাদেশ পড়েছিল কঠিন গ্রুপে। বিরুদ্ধ কন্ডিশনে তারুণ্যনির্ভর দলটি পারবে প্রথম পর্বের বৈতরণি পার হতে?
মাশরাফি বিন মুর্তজার কণ্ঠ কিন্তু তখন খুব প্রত্যয়ী শোনাচ্ছিল, ‘তিনটা ম্যাচ তো জিততেই হবে। আফগানিস্তান ও স্কটল্যান্ড তো বটেই, হারাতে হবে শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডকে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল এমসিজিতে। মাঠ তো বটেই, মাশরাফির চিন্তা ছিল লঙ্কান দর্শকদের নিয়েও। কেননা, মেলবোর্নে প্রচুর শ্রীলঙ্কানদের বাস। তবে মাশরাফির চোখে শ্রীলঙ্কার চেয়ে ইংল্যান্ডকেই বেশি শক্তিশালী মনে হয়েছিল।
চারটি প্রস্তুতি ম্যাচেই হার। তবে সব দুশ্চিন্তা উড়িয়ে বিশ্বকাপের আসল পর্বে বাংলাদেশের শুরু হলো দুর্দান্ত। আফগানিস্তান-স্কটল্যান্ডকে হারিয়ে অ্যাডিলেডে বিশ্বকাপ থেকে ইংলিশদের হটিয়ে প্রথমবারের মতো পা রাখল কোয়ার্টার ফাইনালে।
কথা রেখেছে বাংলাদেশ দল। মেলবোর্নে ভারতের বিপক্ষে বহুল আলোচিত সেই কোয়ার্টার ফাইনালে হারলেও বীরের বেশেই ফিরেছিলেন মাশরাফিরা।
২২ মার্চ শাহজালাল বিমানবন্দরের দৃশ্যটাও ছিল মনে রাখার মতো। সেদিন মাশরাফি-সাকিব-তামিমদের বরণ করে নিতে বিমানবন্দরে জড়ো হয়েছিল হাজারো মানুষ। ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। এবার বিশ্বকাপ থেকে ফেরা আর কোনো দল দেশে ফিরে পায়নি এমন রাজসিক অভ্যর্থনা।
বিশ্বকাপের পর আরেক চ্যালেঞ্জ, এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে ঐতিহাসিক বিজয়ের পর পাকিস্তানের বিপক্ষে জয় ছিল অধরা। ১৬ বছর পর বাংলাদেশ জিতল পাকিস্তানের বিপক্ষে। তা-ই নয়, প্রবল বিক্রমেই ধবলধোলাই করল পাকিস্তানকে। সিরিজ শেষে মাশরাফি বললেন, ‘বিশ্বকাপে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার দরকার ছিল। নইলে কথা উঠত।’
জুনে এল ভারত। সিরিজটা বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে বাংলাদেশকে অন্তত একটি ওয়ানডে জিততেই হতো। কিন্তু ভরা বর্ষায় ওয়ানডে সিরিজ আদৌ ঠিকঠাক হবে কি না, তা নিয়ে ছিল সংশয়। ফতুল্লা টেস্টের প্রায় তিন দিন বৃষ্টির পেটে চলে যাওয়ায় শঙ্কাটা আর ঘনীভূত হলো।
মজার ব্যাপার, কয়েক দিনের ব্যবধানে ‘ভয়’ জিনিসটা বাংলাদেশের মাথার ওপর থেকে সরে গিয়ে জেঁকে বসল ভারতের ওপর। মহেন্দ্র সিং ধোনির দলের তখন একটাই চিন্তা, ‘বাংলাওয়াশ’ কীভাবে ঠেকানো যায়! বাংলাদেশ যে সিরিজ জিতে নিয়েছিল এক ম্যাচ বাকি থাকতেই। ভারত অবশ্য শেষ ম্যাচ জিতে নিজেদের মান বাঁচিয়েছিল।
চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করেছে—এমন খবরে যখন তৃপ্তির ঢেকুর তুলছে বাংলাদেশ, তখনই ধা করে ভেসে এল আরেকটি খবর—আগস্টে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সামনে তখন আরেক সমীকরণ। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে জিতলেই দূর হবে চিন্তা।
কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হলো বাজে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হার। টগবগে আত্মবিশ্বাসে এগোতে থাকা দলটির গায়ে হঠাৎ ধাক্কা। সেখান থেকেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শেষ দুটি ওয়ানডে জিতে সিরিজ পকেটে তো পুরলই, নিশ্চিত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। কঠিন সময়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো—বিজয়ীদের গল্প তো এমনই হয়। আর বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে ধবলধোলাই করে দারুণ সমাপ্তিরেখা টানা, কত বিজয়গাথা একটি বছরে।
ওয়ানডেতে গেল বছর বাংলাদেশের সাফল্যের হার ৭২.২২ শতাংশ; বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সফল দল। দলীয় তো বটেই, ব্যক্তিগত সাফল্যও কম নয়। আবির্ভাবেই বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিয়মিত আলো ছড়িয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমানের মতো মতো তরুণ তুর্কিরা। বিশ্বকাপে পরপর দুই সেঞ্চুরিতে রেকর্ড পাতায় নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ। ধারাবাহিকভাবে জ্বলে উঠেছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালের মতো সিনিয়র খেলোয়াড়েরাও। আর সবাইকে একবিন্দুতে মিলিয়ে বিরাট শক্তিতে রূপ দিয়ে সফল নেতৃত্বে দলকে এগিয়ে নিয়েছেন মাশরাফি, ‘দ্য ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’।