ট্যাংকারডুবি: বিপন্ন সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের শ্যালা নদীতে ডুবছে তেলবাহী ট্যাংকার৷ ছবি: সুমেল সারাফাত
সুন্দরবনের শ্যালা নদীতে ডুবছে তেলবাহী ট্যাংকার৷ ছবি: সুমেল সারাফাত

বিদায়ী বছরের শেষ দিকে, ৯ ডিসেম্বর সকালে সুন্দরবনের শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি ফার্নেস তেল নিয়ে ওটি সাউদার্ন স্টার-৭ নামের একটি ট্যাংকার ডুবে যায়। ঘটনার প্রথম কয়েক দিনে তেল অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় বনের ৩৫০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা এই দুর্ঘটনাকে ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন।
এর আগে ইন্দোনেশিয়া, পানামা, নাইজেরিয়া ও অস্ট্রেলিয়াসহ যেসব শ্বাসমূলীয় বনে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, তার কোনোটাতেই ৫০-৬০ কিলোমিটারের বেশি তেল ছড়ায়নি। প্রতিটা ঘটনায় প্রথম দিন থেকে তেল নিয়ন্ত্রণের প্রচেষ্টা নেওয়া হলেও ওই দেশগুলোতে বনের দীর্ঘমেয়াদি ক্ষতি এড়ানো যায়নি।
এসব বিবেচনায় বিশেষজ্ঞ ও বনের ওপর নির্ভরশীল স্থানীয় বনজীবীরা তাঁদের লোকায়ত জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেখতে পান, ছড়িয়ে পড়া তেলের কারণে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের এ অংশটুকুর বিপদ সহজে কাটছে না। বরং সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছেন তাঁরা।
তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলে, ‘সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদ আশঙ্কামুক্ত’। সুন্দরবনের নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দেখে তারা এই মতামত দেয়। এদিকে ছড়িয়ে পড়া তেল সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপরে কী ধরনের প্রভাব ফেলেছে, তার প্রাথমিক হিসাব করে মন্ত্রণালয়ের অধীন বন বিভাগ জানায়, তেলের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিলুপ্তপ্রায় ইরাবতীসহ ছয় ধরনের ডলফিনের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত চাঁদপাই এলাকা। এ ছাড়া তেল ছড়িয়ে পড়ার পর তাদের পক্ষ থেকে বন থেকে মৃত প্রাণীর সন্ধান পাওয়া গেছে বলেও বলা হয়। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের একটি গবেষক দল তেল ছড়িয়ে পড়া ৬০ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করে দেখতে পায়, সুন্দরবনের প্রাণিকূলের পাশাপাশি খাদ্যচক্রের ওপরও ফার্নেস তেলের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে।
এ ঘটনার পর জাতিসংঘের পাশাপাশি উদ্বেগ জানায় এর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) এবং বিশ্বের জীববৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক জলাভূমিবিষয়ক সংস্থা রামসার। ঘটনার প্রতিক্রিয়ায় ইউনেসকো জানায়, তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের ‘অসামান্য এবং বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ’ প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছে। রামসারের বৈজ্ঞানিক ও কারিগরি মূল্যায়ন প্যানেলের প্রধান রয় গার্ডনার বলেন, রামসার ইতিমধ্যে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। এর আগে গত জুনে ইউনেসকো সরকারকে চিঠি দিয়ে সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ এবং বনসংলগ্ন এলাকায় শিল্পকারখানা স্থাপনে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল।
এ ছাড়া ট্যাংকার ডুবে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণসহ অন্যান্য তথ্য সংগ্রহের জন্য জাতিসংঘের ১৪টি দেশ থেকে আসা ২৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ২৩ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করে।