তালেবানি হামলায় রক্তাক্ত বিদ্যালয়
১৬ ডিসেম্বর, ২০১৪। শীতের নরম রোদে উজ্জ্বল সকাল। পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে দিন শুরু হয়েছিল আর দশটা দিনের মতোই। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর বিদ্যালয়-প্রাঙ্গন। হঠাৎ করেই নরক ভেঙে পড়ল। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একদল আত্মঘাতী জঙ্গি স্বয়ংক্রিয় মারণাস্ত্র আর বোমা নিয়ে হামলে পড়ল প্রবল আক্রোশে। বুলেট আর বিস্ফোরণের ঘায়ে ঝরে পড়ল ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনের প্রাণ। এ ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
টিটিপি দায়িত্ব শিকার করে বলে, সীমান্ত এলাকায় সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই তারা ওই বিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালায়। টিটিপিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নিরাপদ আস্তানা পাকিস্তানের আফগান-সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত কিছু এলাকা। ৮ জুন করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তান সেনাবাহিনী গত ১৫ জুন থেকে ওই এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ‘জারব-ই-আজাব’ নামের অভিযান শুরু করে।
পেশোয়ারের নির্মমতা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। পাকিস্তানকে বাধ্য করেছে জঙ্গিবাদ মোকাবিলার কৌশল তথা দেশটির সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় উগ্রপন্থার বিস্তার নিয়ে নতুন করে ভাবতে। জাতীয় শোকের মুহূর্তে পাকিস্তানের সরকার, বিরোধী দল ও সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়। হামলার পরের দিনই পেশোয়ারে সর্বদলীয় সম্মেলন করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ডান, বাম ও মধ্যপন্থী প্রধান সব রাজনৈতিক দলই এতে যোগ দেয়। এমনকি তালেবানের প্রতি নরম বলে পরিচিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই) অংশ নেয়। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ছিল, সরকার ‘ভালো ও খারাপ তালেবান’ বলে আর কাউকে আলাদা করবে না। সব সন্ত্রাসীকে নির্মূলের বিষয়টি নিশ্চিত করবে। ইতিমধ্যে তার প্রমাণও পাওয়া যাচ্ছে। সরকার সন্ত্রাসবিরোধী নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি ঘোষণা দিয়েছে দ্রুত ফয়সালার জন্য সন্ত্রাসবাদের বিচারের জন্য সামরিক আদালত গঠন করা হবে। পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী ১৬ ডিসেম্বরের ঘটনায় সরাসরি এবং অবর্ণনীয়ভাবে ক্ষতিগ্রস্ত বলে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তবে নতুন উদ্যমে সামরিক অভিযান আর দৃশ্যত তাড়াহুড়ো করে দণ্ডিত জঙ্গিদের ফাঁসি কার্যকরের হিড়িকের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রয়েছে উদ্বেগ আর প্রশ্ন।