দিল্লির মসনদে নরেন্দ্র মোদি

২০১৪ সালের এপ্রিল-মে। লোকসভা নির্বাচন নিয়ে সরগরম ভারত। উদার, শাসনের দীর্ঘ অভিজ্ঞতাঋদ্ধ কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত কংগ্রেস, আর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে ভোটের লড়াই। তবে ভোটাররা দল হিসেবে বিজেপিকে যতটা নয় তার চেয়ে বেশি সমর্থন জানিয়েছে দিয়েছে ‘সুশাসক’, ‘উন্নয়নের ধ্বজাধারী’ হিসেবে আলোচিত নরেন্দ্র দামোদর মোদিকে। গুজরাট দাঙ্গায় বিতর্কিত ভূমিকা নিয়ে দুর্নাম আর উগ্র হিন্দুত্বের উত্থানের ভয় ছাপিয়ে গেছে মোদির উন্নয়ন মন্ত্রের শক্তি জোরালো হয়ে ওঠে। বিপুলভাবে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি। ৭ এপ্রিল থেকে ১২ মে অনুষ্ঠিত লোকসভার ৫৪৩ আসনের মধ্যে বিজেপি একাই পায় ২৮২টি আসন, যা এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত। বিজেপি জোটগতভাবে পায় ৩৩৬ আসন।
পর্যবেক্ষকেরা বিজেপির জয়ের পেছনে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। দুর্নীতি-দুঃশাসন ছাড়াও প্রচারণায়ও কৌশলের ভুল করেছিল দেশের প্রাচীনতম দল, আগের দুদফা ক্ষমতায় থাকা কংগ্রেস। কাকে নির্বাচনী প্রচারণার প্রধান বা সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে তা প্রকাশ করতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির তুলনায় অনেক দেরি করে দলটি। অন্যদিকে অনেক আগে থেকেই ছিলেন মোদি বিজেপির নির্বাচনী প্রচারণার ‘মুখ’। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি, তরুণ ভোটারদের আকৃষ্ট করা, প্রচারণায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বিজেপির জয়ে সহায়ক হয়। দুর্নীতি ও আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘পাহারাদারের মতো’ কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি৷ অন্যদিকে মোদির বিপরীতে কংগ্রেস যাকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছিল, সেই রাহুল গান্ধী কার্যত নিজেকে ভোটারদের সামনে মেলে ধরতে পারেননি। নির্বাচনী প্রচারণার সময় রাহুলসহ জ্যেষ্ঠ কংগ্রেস নেতাদের অবস্থা দেখে অনেকে মন্তব্য করেছেন, তাঁরা হারার আগেই হেরে বসেছেন।
নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে দুর্নীতি, লালফিতা এমনকি অপরিচ্ছন্নতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও ব্যাপক চেষ্টা করছেন তিনি। তবে মধুচন্দ্রিমার সময় শেষে এবার পর্যবেক্ষকদের নির্মোহ আতশি কাচের নিচে পড়বে তার আমলনামা। ইতিমধ্যেই হিন্দুত্ববাদের পুনরুত্থান নিয়ে অনেকের উদ্বেগ সত্য হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ধর্মান্তর নিয়ে বিজেপির আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএসএস) ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) যা করছে তা দেশে-বিদেশে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ সমস্যা সমাধানে ‘মোদি ম্যাজিক’ কতটা সফল হয় সেটাই দেখার।