নারায়ণগঞ্জে সাত খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছর দেশে সবচেয়ে আলোচিত অপরাধ ছিল নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা। সরকারের ‘এলিট বাহিনী’ বলে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সরাসরি এই খুনের সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। তবে তদন্ত শেষ হলেও মামলা নিয়ে ধীরে চলার নির্দেশ রয়েছে ওপর মহলের। 
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করেন র্যাব-১১ এর কতিপয় সদস্য। এর তিনদিন পর সাত জনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
এই ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। অভিযোগ করা হয়, নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাঁর প্রতিপক্ষকে খুন করেছে র্যাব। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এ মামলাটি তদন্ত করছে। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মামুনুর রশিদ মামলার তদন্তকারি কর্মকর্তা।
মামলা দায়েরের পরপরই পুলিশ র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, কর্মকর্তা মেজর (অব) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব) এম এম রানাকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার আরেক আসামি নূর হোসেন পালিয়ে ভারতে গেলেও সেখানে ধরা পড়েন। তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
দেশজুড়ে ব্যাপক আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তা ছাড়াও ১২ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্র থেকে জানা যায়, অপহরণ, খুন ও লাশ গুমের সঙ্গে যুক্ত এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর এমন ২৩ সদস্যের নাম ও পরিচয় তাঁদের হাতে এসেছে। অবশ্য তিন র্যাব কর্মকর্তারসহ সবার স্বীকারোক্তি, প্রত্যক্ষদর্শী, নূর হোসেনের দেহরক্ষী ও ঘনিষ্টজনদের স্বীকারোক্তিতে এখন পর্যন্ত ২৩ র্যাব সদস্যসহ ৩৮ জনের নাম এসেছে।
সাত খুনের মামলার তদন্ত শেষ হয়ে এলেও শিগগিরই অভিযোগপত্র দেওয়ার কোনো পরিকল্পনা তদন্তকারীদের নেই। সবকিছু শনাক্ত হলেও মামলা নিয়ে কিছুটা ধীরে চলার নির্দেশ রয়েছে ওপর মহলের। কবে এর তদন্ত শেষ হবে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, এত বড় মামলার সবকিছু গুছিয়ে তদন্ত শেষ করার জন্য সময়তো লাগবেই।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে তিনি যাদের নাম উল্লেখ করেছেন পুলিশ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ নিজেদের পছন্দ মতো আসামি ধরে রিমান্ডে এনেছে।