পুরাতনের আয়নায় নতুনকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চম্পা ও মিম। ছবি: খালেদ সরকার
চম্পা ও মিম। ছবি: খালেদ সরকার

কিশোরীবেলার মায়াবী চোখে গুলশান আরা চম্পার কাছে চিত্রজগৎ ছিল এক স্বপ্নপুরী। শুটিং দেখতে যেতেন বড় দুই বোন সুচন্দা আর ববিতার সঙ্গে। সবকিছু মনে হতো স্বপ্ন স্বপ্ন। বিদ্যা সিনহা মিমকেও চলচ্চিত্র ভুবন টানত চুম্বকের মতো। নায়ক-নায়িকা দেখবেন বলে ছোট্ট মিম গিয়েছিলেন এফডিসিতে। চম্পা আর মিম। দুজনই রুপালি জগতের সোনালি মানুষ। দীর্ঘ এক পথ চম্পার পেছনে, আর মিমের সামনে। সিনেমায় বহুবর্ণ চম্পা যখন পা রেখেছেন, এফডিসি-কেন্দ্রিক চলচ্চিত্রে তখনো সূর্যাস্ত নামেনি। আর মিমদের এ সময়ের জগতে বইছে খোলা হাওয়া। আকাশ-সংস্কৃতি এখন উন্মুক্ত, প্রযুক্তি হাতের মুঠোয়।
নতুন ইংরেজি বর্ষের আগে মুখোমুখি হলেন চম্পা আর মিম। দুই প্রজন্মের এ দুই অভিনেত্রীর আড্ডা মানে এক সময়ের আয়নায় আরেকটি সময়কে মেলে দেখা।
চম্পার গল্পে কি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান না এসে পারে? ‘জহির ভাই ছিলেন আমার বড় বোন সুচন্দার স্বামী। ছোটবেলায় তিনি প্রায়ই আমাকে বলতেন, তুমি তো অনেক ছোট। বড় হও, আমি তোমাকে নায়িকা বানাব।’ আক্ষেপের স্বরে বলেন চম্পা, ‘না, সে সৌভাগ্য আমার হয়নি। তবে শৈশবে আমি অভিনয়-অভিনয় খেলতাম। বড় বোনদের অভিনয় দেখে এসে তাঁদের নানা চরিত্রে অভিনয় করে নিজেই নিজেকে নম্বর দিতাম। নিজের অভিনয়ে মুগ্ধ হয়ে কখনো নিজেকেই বলতাম, আরে, তুমি তো পপির (ববিতার ডাকনাম) চেয়েও ভালো অভিনয় করছ। কিন্তু পরে চলচ্চিত্রে আসার পর প্রথম চ্যালেঞ্জ ছিল—আমার অভিনয় যেন কোনোভাবেই বোনদের সঙ্গে না মেলে। এ সংগ্রামটি আমি প্রথম দিন থেকেই করে এসেছি।’
চম্পার গল্প মিমকেও টেনে নিয়ে গেল পুরোনো সময়ে। চলচ্চিত্রের আবহাওয়ায় শ্বাস-প্রশ্বাস নিতে নিতে চম্পা বড় হয়েছেন। মিম এখানে এসেছেন নিঃসঙ্গ অভিযাত্রীর মতো, সাবধানে পা ফেলে ফেলে। বিনোদন জগতে মিমের পা পড়েছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। কিন্তু তিনি চলচ্চিত্র ভুবনের নাগরিক হলেন হুমায়ূন আহমেদের হাত ধরে, তাঁর পরিচালনায় আমার আছে জল ছবিতে অভিনয় করে। ‘আমি নায়িকা হব—এ স্বপ্ন যতটা না আমার, তার চেয়ে বেশি ছিল মায়ের। তখনো লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় অংশ নিইনি। বাবার এক ছাত্র একটি নাটকে আমাকে জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেন। আমি বললাম, না, হলে নায়িকাই হব।
‘২০০৮-এ আমি যখন চলচ্চিত্রে আসি, এখানকার পরিস্থিতি ভালো নয়। প্রথম প্রথম এ জগতের সঙ্গে খাপ খাওয়াতে তাই বেশ কষ্ট হয়েছে।’
‘চিত্রজগতের অবস্থা যখন খারাপ দিকে মোড় নিতে শুরু করে, সে সময়ই আমি নিজেকে গুটিয়ে নিই।’ মিমের কথা রেশ ধরে বলেন চম্পা।
এরপর কথা চলতে থাকে হাজারো প্রসঙ্গ ছুঁয়ে ছুঁয়ে। এখনকার চলচ্চিত্রে ভালো গল্পের আকাল, একঘেয়ে কাহিনি, চরিত্রে গভীরতার অভাব, প্রেক্ষাগৃহের জীর্ণ দশা ইত্যাদি নানা বিষয়ে চলতে থাকে কথা। সংকটের পাশাপাশি প্রত্যাশা ও সম্ভাবনার কথাও বাদ পড়ে না। আমাদের দেশের শিল্পীদের বিচরণ ক্রমশ এখন দেশের সীমানার বাইরে ছড়িয়ে পড়ছে। কিন্তু একদিন এ যাত্রা শুরু হয়েছিল ববিতাকে দিয়ে। সে এক চোখধাঁধানো সূচনা। সত্যজিৎ রায়ের অশনি সংকেত-এ ববিতার অভিনয় সেদিন চমকে দিয়েছিল বিশ্বকে। বড় বোনের পরপর এলেন চম্পা। তিনি যখন বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের শিখরে, তখনই ডাক এল গৌতম ঘোষের কাছ থেকে। পদ্মা নদীর মাঝিতে প্রতিবন্ধী মালা চরিত্রে চম্পা চমকে দিলেন সবাইকে। এরপর একের পর এক শিখর জয়। ডাক এল বুদ্ধদেব দাশগুপ্ত ও সন্দ্বীপ রায়ের কাছ থেকে। আবার অরণ্যে ছবিতে গৌতম ঘোষ আবারও ডেকে নিলেন তাঁকে।
বাংলাদেশের শিল্পীদের সীমানার এপারে-ওপারে অভিনয় এখন কতই না সাধারণ দৃশ্য। নতুন তারকাদের মধ্যে সেই তালিকায় আছে মিমের নামও। পশ্চিমবঙ্গের পরিচালক রাজা চন্দের ব্ল্যাক ছবিতে অভিনয় করে মিম দেশের সীমানার বাইরে পা রেখেছেন সম্প্রতি। বাইরের দেশের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন এই দুই শিল্পীর?
চম্পা বললেন, ‘আমরা খুব নিয়ম মেনে কাজ করেছি। দেখেছি, কাজের আগে ওরা খুব হোমওয়ার্ক করে। কাজ করে সময় মেনে। অভিনয় একেবারে কাঁটায় কাঁটায় শুরু। কাল কী কী হবে, চরিত্রের জন্য আমার কী কী ধরনের প্রস্তুতি দরকার—সব জানিয়ে আগের দিনই আমাদের একটা চিরকূট দিয়ে দেওয়া হতো।’
‘সময় এখন বদলেছে,’ বললেন মিম, ‘চিরকূটের বদলে এখন টেক্সট মেসেজ পাঠিয়ে সব জানানো হয়। ব্ল্যাক ছবিতে কাজ করতে গিয়ে দেখেছি, সবকিছু সময়মতো হচ্ছে। সবাই সময়মতো সেটে আসছেন, কাজ শেষ হচ্ছে যথাসময়ে। ব্যাপারটি কিন্তু আমাদের দেশে দেখতে পাইনি।’
‘আরও একটি ব্যাপার আছে।’ চম্পার মনে উজ্জ্বল হয়ে উঠেছে স্মৃতি, ‘বাইরের ছবিতে অভিনয় করতে হলে সংলাপ মুখস্থ করতেই হবে। সংলাপ মুখস্থ থাকলে শিল্পী চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারেন। তাঁর অভিনয় অনেক সাবলীল হয়। কিন্তু আমাদের চলচ্চিত্রে পাশ থেকে সংলাপ প্রম্পট করা হয়।’
‘হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। প্রম্পট শুনে শুনে স্বতঃস্ফূর্ত অভিনয় করা কঠিন।’ বলেন মিম, ‘তখন আমি প্রম্পটারের কথা শুনব, সংলাপ বলব, না অভিব্যক্তি দেব?’ অথচ সংলাপ মুখস্থ থাকলে চরিত্রের সঙ্গে মিশে যাওয়া অনেক সহজ।’
মিম এবার অন্য প্রসঙ্গ তোলেন, ‘কলকাতার শিল্পীরা প্রায়ই আমাকে বলেন, তোমাদের বাংলাদেশের ছবি দেখে একসময় আমরা ছবি বানাতাম। কথাটি যতবার শুনেছি, ততবারই মনটা গর্বে ভরে উঠেছে।’
‘তাহলে একটা ঘটনা শোনো।’ চম্পার কণ্ঠে এবার স্মৃতির মধুর আবেশ। ‘আবার অরণ্যে ছবির শুটিং হবে। আমি ছবির সেটে গিয়ে হাজির। দেখি, আমাকে দেখে লম্বামতো একটি মেয়ে উঠে জায়গা ছেড়ে দিল। ভালোভাবে তাকিয়ে দেখি, আরে, এ তো টাবু! টাবুকে পরে জিজ্ঞেস করেছিলাম, আমাকে দেখে তুমি অমন উঠে দাঁড়িয়ে গেলে কেন? উত্তরে ও বলল, গৌতমদা বলেছেন, তুমি নাকি দারুণ অভিনেত্রী। তাই।’
গল্পের যেন আর শেষ নেই। একজনের গল্প টেনে নিয়ে আসছে আরেকজনের গল্প। তবে গল্পগুলো সবশেষে গিয়ে মিলল একটিমাত্র প্রত্যাশায়—বাংলাদেশের চলচ্চিত্রে সুসময় আসুক।
মিম বললেন, ‘তোমাদের সময় নায়ক-নায়িকা ছিল রূপকথার রাজপুত্র আর রাজকন্যা। দর্শক দলে দলে হলে গিয়ে ছবি দেখত। এখন সব দিকে খাঁ খাঁ। তবু আমি আশাবাদী। আমি চাই ভালো পরিচালক আসুক, ভালো ছবি হোক, পাইরেসি বন্ধ হোক, মানুষ আবার ভিড় করে হলে গিয়ে ছবি দেখুন।’
মিমের স্বপ্ন আরও জোরালো হলো চম্পার কণ্ঠে, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা, অনেক কিছুই আমাদের নেই। ভালো গল্প নেই, কুশলী নেই, সিনেমা হল নেই। তবু আমি হতাশ নই। পরিচালকদের বলব, আমাদের যে মেধার অভাব আছে, তা তো নয়। ভালো ছবির জন্য দরকার আকর্ষণীয় কাহিনি আর চরিত্র অনুযায়ী শিল্পী। সেদিকে সবাই নজর দিন। আর মিম, তোমাদের মতো নতুন শিল্পীদের বলব, তোমরা থেমে যেয়ো না, স্বপ্নটা বড় রেখো।’
ভবিষ্যতের সেই স্বপ্ন ঝকমকিয়ে উঠল উজ্জ্বল দুই জোড়া চোখে।