
জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পদার্থবিজ্ঞানী জাহিদ হাসান এক চাঞ্চল্যকর আবিষ্কারের ঘোষণা দেন। তাঁর নেতৃত্বে একদল গবেষক পরীক্ষাগারে খুঁজে পেয়েছেন ভাইল ফার্মিয়ন নামে এমন এক কণা, ৮৫ বছর ধরে যেটার অনুসন্ধান চলছিল। ওই মাসের বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ এই কণার পরীক্ষামূলক প্রমাণের বিষয়টি বিস্তারিত ছাপা হয়।
ভাইল ফার্মিয়নের অস্তিত্ব প্রমাণের মাধ্যমে দ্রুতগতির এবং অধিকতর দক্ষ নতুন যুগের ইলেকট্রনিকসের সূচনা হবে। এর বরাতে এখনকার মুঠোফোন, কম্পিউটারের মতো ইলেকট্রনিক সামগ্রীর গতি বাড়বে, হবে শক্তিসাশ্রয়ী।
ভাইল ফার্মিয়ন কণার ভর নেই বলে এটি ইলেকট্রনের মতো পথ চলতে গিয়ে ছড়িয়ে পড়ে না। ফলে একে কাজে লাগিয়ে তৈরি নতুন প্রযুক্তির মুঠোফোন ব্যবহারের সময় সহজে গরম হবে না। অবশ্য জাহিদ হাসানের ধারণা, নতুন যুগের সেই ইলেকট্রনিকসের জন্য হয়তো আরও ১০ থেকে ২০ বছর অপেক্ষা করতে হবে।
১৯২৯ সালে হারম্যান ভাইল এই কণার অস্তিত্বের কথা প্রথম জানিয়েছিলেন। তাঁরই পরীক্ষামূলক প্রমাণ হাজির করেছেন জাহিদ হাসান। মোট তিন ধরনের ফার্মিয়ন কণার মধ্যে ডিরাক ও মায়োরানা নামের বাকি দুই উপদলের ফার্মিয়ন বেশ আগেই আবিষ্কৃত হয়েছে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ভেবেছেন, নিউট্রিনোই সম্ভবত ভাইল ফার্মিয়ন। কিন্তু ১৯৯৮ সালে নিউট্রিনোর ভরের ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর থেকে আবার ভাইল ফার্মিয়নের খোঁজ শুরু হয়।
জাহিদ হাসান ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি পড়েন অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন শিক্ষক হিসেবে।
প্রথম আলো ডেস্ক