বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ে জাতীয় দুর্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশ বিদ্যুৎহীন; যানবাহনের আলোয় চলা রাজধানীর রাস্তায়৷ ছবি: আশরাফুল আলম
সারা দেশ বিদ্যুৎহীন; যানবাহনের আলোয় চলা রাজধানীর রাস্তায়৷ ছবি: আশরাফুল আলম

ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলোর অনুষ্ঠান। আমরা সবাই ঢাকার কারওয়ানবাজারে সিএ ভবনের ১০ তলার মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হতে না হতেই বিদ্যুৎ চলে গেল। অনেকে বিষয়টি বোঝার আগেই জেনারেটর চালু হয়। কিন্তু জেনারেটরে এসি চলে না। ফলে কিছুক্ষণের মধ্যে মিলনায়তনে অবস্থান কষ্টকর হয়ে উঠল। খোঁজ পড়ল বিদ্যুতের।
এই সাতসকালে লোডশেডিং! ব্যাপার কী, জানতে গিয়ে খবর পাওয়া গেল সেই বিপর্যয়ের। ১ নভেম্বরের বিদ্যুৎ গ্রিড বিপর্যয় কার্যত জাতীয় দুর্যোগে পরিণত হয়। দেশের সবচেয়ে ব্যাপক ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের রেকর্ড সৃষ্টি হয় সেদিন।
কেন ঘটেছিল এই গ্রিড বিপর্যয়? কী হয়েছিল সেদিন? বিদ্যুৎ গ্রিড এমনই একটি স্পর্শকাতর স্থাপনা যা সামান্য কারণে বন্ধ হতে পারে। ফ্রিকোয়েন্সিতে সামান্য হেরফের; লাইনে ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ সঞ্চালিত হওয়া (ওভারলোড); এমনকি সক্রিয় লাইনে পাখি বসা, গাছের ডালপালা ভেঙে পড়া বা কোনো জৈব পদার্থের সংস্পর্শ থেকেও গ্রিড বন্ধ হয়ে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
২০০৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-কানাডার গ্রিড বিপর্যয়ের সূত্রপাত হয়েছিল ওহাইও অঙ্গরাজ্যের লাইনের নিচে বেড়ে ওঠা একটি গাছ সঞ্চালন লাইন স্পর্শ করার ফলে। প্রায় ১৪ বছর ধরে সেখানে ওই গাছটি বড় হতে হতে গ্রিড লাইনের উচ্চতার চেয়েও আট ফুট বেশি উঁচু হয়। সেই গাছের সঙ্গে লাইনের সংস্পর্শ গ্রিড বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। কর্তৃপক্ষের উচিত ছিল গাছটি আগেই কেটে ফেলা।
২০১২ সালের জুলাইতে ভারতের গ্রিড বিপর্যয়ের দিন পাঞ্জাব রাজ্যের কৃষকেরা সেচের জন্য অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ফলে ৪০০ কেভি ‘বিনা-গোয়ালিয়র সঞ্চালন লাইন’ ওভারলোডেড হয়ে বিপর্যয় ঘটায়। সেদিন ওই লাইনটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলেই বিপর্যয় এড়ানো যেত।
বাংলাদেশে ২০১৪ সালের ১ নভেম্বরের জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ হিসেবে বিদ্যুৎ কর্তৃপক্ষ জাতীয় বিদ্যুৎ ‘সিস্টেম ফ্রিকোয়েন্সি’ কমে যাওয়ার (লো ফ্রিকোয়েন্সি ডিস্টার্বেন্স) কথা বলে। কিন্তু গ্রিডের কোথায়, কী কারণে এ সমস্যা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য তাদের কাছে পাওয়া যায়নি।
তবে এ কথা ঠিক যে বিদ্যুৎ গ্রিডে এ ধরনের সমস্যা হতে পারে। তা সামলানোর ব্যবস্থাও সিস্টেমে থাকে, যা হয়তো সেদিন কাজ করেনি। ফলে চাহিদা ও জাতীয় গ্রিডে সরবরাহের মধ্যকার ছন্দ ভেঙে পড়ে। প্রায় সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপর একেকটি কেন্দ্র চালু করে পুরো সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে যায়।
এই ঘটনা থেকে সরকার ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার ও কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা পেয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।