
ঘর থেকে দুই পা ফেলে একটি ধানের শিষের ওপর জমে থাকা একটি শিশিরবিন্দু দেখার দিন শেষ। এখন আমাদের আরও দূরের কিছু দেখার দিন আসছে এবং এর জন্য তৈরিও হচ্ছে বাংলাদেশ।
২৫ বছর ধরে তিরিশাধিক দেশ সফর করে আমার অন্তত এই বোধ জন্মেছে যে কেবল ঐতিহাসিক নিদর্শন আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মানুষ বেড়াতে বেরোয় না, একসঙ্গে কোথাও কিছুদিন সময় কাটিয়ে আসার জন্যও মানুষ ঘর থেকে বেরোয়। আর এই বেরোনোর কাজ ভবঘুরেদের জন্য এক রকম, সংসারীদের জন্য আলাদা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের তথ্য জানাচ্ছে, দেশের ভেতরে বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ দেশি পর্যটক ভ্রমণ করছে। শেষ চার-পাঁচ বছরের হিসাবে এর পরিমাণ বছরে ৮ থেকে ১০ লাখ হারে বেড়েছে। ২০১৫ সালে শুধু দুর্গাপূজার ছুটিতেই ভ্রমণে দেশে এক হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে।
বিলেত-আমেরিকায় বসবাস করা আমার আত্মীয়স্বজন অনেক পরিকল্পনা করে কক্সবাজার সমুদ্রসৈকত দেখতে গিয়ে হতাশ হয়ে ফেরত আসে। সুন্দরবনে যাওয়ার চিন্তা বাদ দেয় ওখানে যাওয়ার প্রস্তুতির কথা শুনলেই। অথচ সিলেটের গ্রাম থেকে ঢাকার পথে ট্রেনে আসার সময়কার দৃশ্যাবলির কথা ভুলতে পারে না। কেউ কেউ এমন বলেছে যে, বাংলাদেশে আসলে আলাদা ট্যুরিস্ট স্পটের দরকার নেই। পুরো দেশটাই এত সুন্দর যে শুধু নিরাপদে থাকার জায়গা করে দিলে যেকোনো জায়গায়ই একসঙ্গে কয়েকজন মিলে কয়েক দিন কাটিয়ে আসতে পারি।
বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের প্রাকৃতিক জায়গার ওপর এখনো মানুষের হাত পড়েনি। কিছুদিন পরপরই এসবের কথা জানা যাচ্ছে। সিলেটের চা-বাগানের বাইরে এক জাফলং আর জৈন্তা রাজবাড়ির কথা জানা যেত। অথচ লালা খাল, রাতারগুল, হাম হাম প্রপাত, বিছানাকান্দি বা রাঙামাটির জেলার বাঘাইছড়ির সাজেক ভ্যালির মতো জায়গা পর্যটনপিয়াসী লোকচক্ষুর আড়ালেই ছিল এত বছর।
বাংলাদেশের পর্যটনকে স্বদেশি আর বিদেশিদের কাছে উপভোগ্য, গ্রহণযোগ্য আর মুনাফানির্ভর করার জন্য এতকাল শুধু বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওপর নির্ভর করতে হতো। এখন বেসরকারি মালিকানায় বন্দোবস্ত দেওয়ার পর এ খাত কিছুটা সচল হয়েছে। তিন-চার বছর ধরে এর চেহারাও পাল্টে যাচ্ছে। স্রেফ ব্যক্তিমালিকানায় গড়ে উঠছে স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেশ কিছু রিসোর্ট, হোটেল, মোটেল। এগুলো বেশ জনপ্রিয়ও হয়ে উঠছে। চার শতাধিক ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি কাজ করছে দেশি-বিদেশি ভ্রমণকারীদের ভ্রমণকে ঝামেলামুক্ত করতে।
বাংলাদেশের পাহাড়, নদী, সমুদ্র, হাওর, বিল, জলপ্রপাত কিংবা উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ধানখেতের পাশে শত শত বছরের পুরোনো স্থাপত্যিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দক্ষিণের কুয়াকাটা-সুন্দরবন বা নতুন গজিয়ে ওঠা মৌসুমি দ্বীপ—এসবকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে আরও অনেক নতুন নতুন পর্যটন জনপদ। নতুন নতুন অ্যাপস তৈরি হচ্ছে। কম্পিউটার বা সেলফোন থেকে এখন যাওয়া-আসা-থাকা-খাওয়ার বুকিংয়ের ব্যবস্থা হচ্ছে। একুশ শতকের ডিজিটাল প্রজন্ম হুমড়ি খেয়ে পড়ছে সেসবের দিকে।
তবে পর্যটনশিল্পকে দেশের জন্য লাভজনক করতে আমাদের প্রয়োজন বিদেশিদের টেনে আনা। এক হিসাবে দেখা যাচ্ছে, ২০১৪ সালে জিডিপির ৪ দশমিক ১ শতাংশ ছিল ভ্রমণ খাতে। এর ৯৭ দশমিক ২ শতাংশ এসেছে দেশি পর্যটকদের কাছ থেকে। তার মানে বিদেশি পর্যটক নগণ্য।
বাংলাদেশের মানুষ আর তার প্রকৃতির ভূয়সী প্রশংসা শুনেছি বহু বিদেশির কাছে। আমাদের নৌকা বা রিকশা তাঁদের কাছে রোমাঞ্চকর।
দেশের রাজনৈতিক অবস্থার স্থিতিশীলতা না থাকলে বিদেশি পর্যটক টানা কষ্টকর। বিদেশি পর্যটকেরা এখানে এসে দেদার ডলার ওড়াবে, সে রকম সুযোগ ও পরিবেশ তৈরি না হলে কেবল দেশি পর্যটককে দিয়ে এসব ট্যুরিস্ট স্পটের প্রাণ রক্ষা করা যাবে না। আর দেশি পর্যটকদের আরও কাছে টানার জন্য কিছু কিছু রিসোর্ট মালিকের মুনাফাপ্রীতি কমিয়ে সেবাপ্রীতির প্রতি বেশি মনোযোগী হওয়া দরকার।
২০১৬-কে বাংলাদেশের পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। এ বছর বিপুল পরিমাণ বিদেশি পর্যটককে মেহমানদারি করার জন্য নিশ্চয়ই সবাই তৈরি হয়ে আছি।
শাকুর মজিদ: লেখক