মধ্যপ্রাচ্যে আইএস-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বিরাট এলাকা দখল করে নিয়েছে আইএসের জঙ্গিরা৷ ছবি: রয়টার্স
সিরিয়ার বিরাট এলাকা দখল করে নিয়েছে আইএসের জঙ্গিরা৷ ছবি: রয়টার্স

২০১৪ সালের জুন মাস। নতুন এক জঙ্গি গোষ্ঠীর হাতে ইরাক ও সিরিয়ায় একের পর এক শহর-জনপদের পতন ঘটছিল। প্রথমে তেমন গা না করলেও কয়েক মাসের মধ্যেই মধ্যপ্রাচ্যসহ বিশ্ব বিচলিত হয়ে ওঠে অতি কট্টরপন্থী আইএসকে নিয়ে। একপর্যায়ে সংগঠনটিকে দমনের লক্ষ্যে বিশ্বের বেশ কিছু দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গড়ে যুক্তরাষ্ট্র। 
আইএস তুলনামূলকভাবে অল্প সময় ধরে আলোড়ন তুললেও এর বীজটি রোপিত হয় এক দশকেরও বেশি আগে। জর্ডানের নাগরিক আবু মুসাব আল জারকাবি ২০০২ সালে তাওহিদ ওয়া আল-জিহাদ প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পরের বছর তিনি গঠন করেন আল-কায়দা ইন ইরাক (একিউআই)। ২০০৬ সালে জারকাবির মৃত্যুর পর একিউআই ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) নামে একটি সমন্বিত সংগঠন গঠন করে। ২০০২ সালে আইএসআইয়ের হাল ধরেন আবু বকর আল-বাগদাদি, যিনি আইএসের বর্তমান প্রধান বা ‘খলিফা’। তখন থেকে আইএসআই বিভিন্ন পর্বের মধ্য দিয়ে শক্তি সঞ্চয় করে এবং একাধিকবার নাম বদলে আজকের অবস্থানে পৌঁছেছে।
২০১৩ সালে ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বঞ্চিত বলে ক্ষুব্ধ সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের বিরোধের সুযোগ নেয় আইএস। তারা গত বছরের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয়। দখলকৃত অঞ্চল নিয়ে ২৯ জুন ‘খিলাফত’ পদ্ধতির রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ সময় সংগঠনটির নাম রাখা হয় ইসলামিক স্টেট (আইএস)। ইরাক ও সিরিয়ার প্রায় ৪০ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের দখলে চলে গেছে বলে মনে করা হয়।
নির্মমভাবে বিরোধীদের ঢালাও শিরশ্ছেদ করে নিন্দিত হয়েছে আইএস। তারা মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার জবাবে পাশ্চাত্যের কয়েকজন সাংবাদিক ও ত্রাণকর্মীকে জবাই করে এর ভিডিও প্রচার করেছে। বিমান হামলার আগেও কয়েকটি শিরশ্ছেদ হয়েছে। এমনকি আল-কায়েদাও তাদের কিছু কাজকর্মকে বাড়াবাড়ি বলে আখ্যা দিয়েছে।
আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের তৎপরতা বিমান হামলায় সীমাবদ্ধ। এতে বাহিনীটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে মার্কিন সেনা কর্মকর্তারা দাবি করেন। তবে তাঁদের মধ্যেই অনেকে মনে করেন, আইএসবিরোধী অভিযান কয়েক বছর ধরে চালাতে হতে পারে।