মধ্যম আয়ের দেশের পথরেখা
বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা এখন বিশ্বব্যাপী স্বীকৃত। বিশেষ করে সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি এখন অনেক দেশের জন্যই উদাহরণ। একসময়ের ‘তলাবিহীন ঝুড়ি’ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের পথে। আমরা যেমন মধ্যম আয়ের দেশ হতে চাই, আকাঙ্ক্ষা উন্নয়নশীল দেশ হওয়ারও। তবে কেবল প্রবৃদ্ধিনির্ভর মধ্যম আয়ের দেশ হওয়ার পাশাপাশি আমাদের আকাঙ্ক্ষা হবে সামগ্রিক উন্নয়নের। মধ্যম আয়ের দেশের পথরেখার এই পুরো আয়োজনটি লিখেছেন শওকত হোসেন

লক্ষ্য ২০২১
মধ্যম আয়ের দেশ হতে চায় বাংলাদেশ। সরকারের একটি প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১ রয়েছে। সেখানে রয়েছে ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষার কথা। বলা আছে, ২০২১ সালে বাংলাদেশের লক্ষ্য মাথাপিছু আয় ২০০০ ডলার করা, সে সময় প্রবৃদ্ধির হার হবে ১০ শতাংশ।
আবার দশম জাতীয় সংসদ নির্বাচন-২০১৪ এর জন্য তৈরি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও বলা আছে, ‘আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে বাংলাদেশ। শুরু হয়েছে দারিদ্র্য ও পশ্চাৎপদতা হতে মধ্যম আয়ের দেশে উত্তরণের ঐতিহাসিক কালপর্ব।’ এরও আগে ২০০৬ সালে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রূপকল্প তৈরি করে স্বাধীনতার ৫০ বছরে মধ্যম আয়ের দেশ হওয়ার কথা বলেছিল।
কোথায় আছি, কোথায় যেতে চাই
প্রবৃদ্ধি ৬.১% আর মাথাপিছু আয় ছিল ৮৪৩ ডলার, তবে মূল্যস্ফীতি ৭.৫% থাকায় জীবন যাত্রার ব্যয় ছিল বেশি
কেন ২০২১
২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। বছরটি বাংলাদেশ উদ্যাপন করতে চায় মধ্যম আয়ের দেশ হয়ে। সবার আকাঙ্ক্ষা, ২০২১ সালের বাংলাদেশ হবে এমন একটি দেশ, যে দেশটিকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবে।
পরিমাপের পদ্ধতি
বিশ্বব্যাংক মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে যে পদ্ধতিতে, তাকে বলা হয় এটলাস মেথড। একটি দেশের স্থানীয় মুদ্রার মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তর করা হয়। এই রূপান্তর হয় এটলাস পদ্ধতিতে। অর্থাৎ এ ক্ষেত্রে তিন বছরের গড় বিনিময় হারকে সমন্বয় করা হয়। যাতে করে আন্তর্জাতিক মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামা সমন্বয় হয়। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব আর বিশ্বব্যাংকের হিসাব এক হয় না।
মধ্যম আয়ের দেশ কী
মধ্যম আয়ের দেশ—এই শ্রেণীকরণটি মূলত বিশ্বব্যাংকের। কোন দেশকে কী পরিমাণ ঋণ দেওয়া হবে, সেটি নির্ধারণ করতেই তারা দেশগুলোকে চার ভাগে ভাগ করে। মোট জাতীয় উৎপাদনে (জিএনআই) মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশের বিভাজন:
নিম্ন আয়
কমপক্ষে ১০৪৫ ডলার
নিম্ন মধ্যম আয়
১০৪৬ ডলার–৪১২৫ ডলার
উচ্চ মধ্যম আয়
৪১২৬ ডলার–১২৭৪৫ ডলার
উচ্চ আয়
১২৭৪৬ ডলারের বেশি
প্রতিবছরের ১ জুলাই বিশ্বব্যাংক এই শ্রেণীকরণের তালিকা প্রকাশ করে।
যা করতে হবে
এখন অর্থনীতি যেভাবে এগোচ্ছে, সেই ধারায় এগোলে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে না। বাংলাদেশের অর্থনীতির গতিকে আরও বাড়াতে হবে।
জিডিপির প্রবৃদ্ধির হার এখনকার ৬ দশমিক ২ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫-৮ শতাংশ করতে হবে। প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি রাখতে হবে ৮ শতাংশ। বিনিয়োগ বাড়াতে হবে জিডিপির আরও ৫ শতাংশ হারে।
বাংলাদেশ পরিস্থিতি: এখন (২০১৩–১৪)
মাথাপিছু আয়
১১৯০ ডলার
স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার
৬.১২%
মোট দেশজ সঞ্চয় জিডিপির
২৩.৪৫%
জাতীয় সঞ্চয় জিডিপির
৩০.৫৪%
মোট বিনিয়োগ জিডিপির
২৮.৬৯%
দারিদ্র্য হার
৩১.৫০%
এলডিসি থেকে উত্তরণ
মধ্যম আয়ের দেশ ও স্বল্পোন্নত দেশের মধ্যে পার্থক্য আছে। মধ্যম আয়ের দেশ হলেই কোনো দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হবে না।
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করে। যেমন, স্বল্পোন্নত দেশ (এলডিসি), উন্নয়নশীল ও উন্নত দেশ।
বাংলাদেশ একটি এলডিসি। এলডিসি ধারণাটি প্রথম আলোচনা হয় ১৯৬০ সালে। তবে প্রথম এলডিসির তালিকা করা হয় ১৯৭১ সালের ১৮ নভেম্বর। আর বাংলাদেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি বা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) তিনটি সূচকের ভিত্তিতে তিন বছর পর পর এলডিসির তালিকা করে। শেষটি করা হয় ২০১২ সালে। বর্তমানে এলডিসি ৪৮টি দেশ।
উত্তরণের তিন সূচক
মাথাপিছু আয়
তিন বছরের গড় মাথাপিছু আয় (জিএনআই)। ২০১২ সালের তালিকা অনুযায়ী ৯৯২ ডলারের কম মাথাপিছু আয় যাদের। বাংলাদেশকে ২০১৫ সালে এলডিসি থেকে বের হতে প্রয়োজন হবে ১২৪২ ডলার।
মানবসম্পদ
পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি।
অর্থনৈতিক ভঙ্গুরতা
প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে দূরত্ব।
এই তিন সূচকের যেকোনো দুটি অর্জিত হলে একটি দেশ এলডিসি থেকে উত্তরণের আবেদন করতে পারে। আবার কেবল মাথাপিছু আয়ের ভিত্তিতেও একটি দেশ এলডিসি থেকে বের হতে পারে, তবে এ জন্য মূল্যায়নের বছরে মাথাপিছু আয় নির্ধারিত প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ হতে হবে।
এলডিসি বনাম মধ্যম আয়ের দেশ
মধ্যম আয়ের দেশ হওয়া একটি মর্যাদা। বিশ্বব্যাংক সাহায্য দেওয়ার সুবিধার জন্য এই শ্রেণীকরণটি করেছে। সুতরাং এর সঙ্গে জড়িত মূলত সাহায্য। এলডিসি জাতিসংঘের তালিকায় আছে। এর ফলে এই দেশগুলো উন্নত ও উন্নয়নশীল দেশ থেকে বাণিজ্যের ক্ষেত্রে বাজার-সুবিধা পেয়ে থাকে। সুতরাং এর সঙ্গে জড়িত বাজার-সুবিধা।