
ঘরে পিনপতন নীরবতা। নিশ্বাসের শব্দও যেন কানে লাগে। ঘরের ভেতর যাঁরা আছেন, তাঁদের কানে সেই শব্দ লাগে না। কোনো আনন্দময় স্মৃতির গহনে ডুবে আছেন তাঁরা, পৃথিবীর হট্টগোল আর অশান্তি থেকে অনেক দূরে। ধ্যান করছেন সবাই। পরনে ঢিলেঢালা পোশাক। মেঝেতে ম্যাট বিছিয়ে বসেছেন তাঁরা। নাক দিয়ে লম্বা দম নিচ্ছেন, আস্তে আস্তে মুখ দিয়ে সেই দম ছাড়ছেন।
ঢাকার পারসোনা হেলথে গিয়ে ধ্যান বা মেডিটেশনের এমন দৃশ্য দেখা গেল।
যাঁরা ধ্যান করছেন তাঁরা জানালেন, মনকে শান্ত রাখতে, আত্মবিশ্বাস বাড়াতে ও সুস্থ থাকতেই তাঁরা এসেছেন। কোনো দিন আসতে না পারলে বাড়িতে বসেও ধ্যান করেন।
এই কেন্দ্রের প্রধান প্রশিক্ষক ফারজানা খানম জানান, সপ্তাহে দুদিন ধ্যান ও ‘পাওয়ার ইয়োগা’ করানো হয়। অন্য দিনগুলোয় যোগব্যায়ামের অন্যান্য আসন। যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগেরই উদ্দেশ্য শহুরে জীবনের ব্যস্ততা আর জটিল মানবিক সম্পর্কের কারণে মানসিক চাপ কমানো। প্রতিবছর এ সংখ্যা বাড়ছে।
কোয়ান্টাম মেথডে যোগব্যায়াম শিখে বাড়িতে বসেই তা চর্চা করেন সাদিয়া মোহন। একটি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। তাঁর পারিবারিক জীবনের টানাপোড়েনের প্রভাব কাজের ক্ষেত্রে পড়ছিল। এক সহকর্মী পরামর্শ দেন মেডিটেশন করার। ‘এখন ছোটখাটো বিষয়ে রেগে যাই না। মন শীতল থাকে। নিজের মনের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি,’ বলেন সাদিয়া মোহন।
বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন গত পাঁচ বছরে নানা বয়সের প্রায় ১০ হাজার মানুষকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়েছেন। এর মধ্যে শুধু ২০১৫ সালেই প্রশিক্ষণ দিয়েছেন চার হাজার মানুষকে। ৭ থেকে ১২ বছরের শিশুরা যোগব্যায়াম শিখছে মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তবে তরুণ-তরুণীদের ক্ষেত্রে অধিকাংশই এটাকে অফিসের কাজের চাপ ও ব্যাকপেইন কমানোর একটা উপায় হিসেবে নেন। আর মধ্যবয়সীরা সুস্থ ও নীরোগ থাকতে এসব করেন। যোগব্যায়ামের প্রতি ঝোঁক ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় রয়েছে।
মনের ব্যায়ামের পাশাপাশি রাজধানীতে দৃষ্টিগ্রাহ্যভাবে বেড়েছে শারীরিক ব্যায়ামের প্রবণতাও। বড় বড় জিমনেসিয়ামের পাশাপাশি ঢাকার পাড়ায়-মহল্লায় গড়ে উঠছে জিম। ফ্যাশন ডিজাইনার ও মায়াসিরের স্বত্বাধিকারী মাহিন খান নিয়মিত যোগব্যায়াম করেন। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে ব্যায়াম করার চেষ্টা করি। সকালে বিশেষ কোনো কারণে করতে না পারলে সন্ধ্যায় করি। মেয়ে জাজিলা সালাম ও আমি জিমেও যাই। মা-মেয়ে এই সময়টা খুব উপভোগ করি।’
সুস্থ থাকতে আজকাল তরুণীরা নানা রকমের ডায়েটও করেন। তিন দিনে পাঁচ কেজি কমানো, ১০ দিনে ১০ কেজি কমানো, প্রোটিন ডায়েট, শর্করা ছাড়া ডায়েট সম্পর্কে জ্ঞান তাঁদের নখদর্পণে। বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, মেয়েরা নিজেদের ওজনের বিষয়ে সচেতন হয়েছে। ডায়েটেশিয়ানদের কাছে যাওয়ার চলটাও হয়েছে গত কয়েক বছরে। বছর দুই হলো এটি বেড়েছে।