
২০১৫ সাল বাংলাদেশের মর্যাদা বাড়ার বছর। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পরিচয় ছিল একটাই, স্বল্প আয়ের দেশ। স্বল্প আয়ের দেশের সেই পরিচয় বাংলাদেশ মুছে ফেলেছে ২০১৫ সালে। এখন বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
সরকারের ১০ বছরের একটি প্রেক্ষিত পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হওয়ার কথা বলা আছে। এর আগেই নিম্ন মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ। তবে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে এখনো বহুদূর যেতে হবে বাংলাদেশকে।
কোন দেশ নিম্ন আয়ের, আর কোন কোন দেশ উচ্চ বা মধ্যম আয়ের, তা নির্ধারণ করে একমাত্র বিশ্বব্যাংক। মূলত কোন দেশগুলোকে তারা কী ধরনের ঋণ দেবে, সেটা ঠিক করতেই এই শ্রেণিবিন্যাস। প্রতিবছর ১ জুলাই বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে আনুষ্ঠানিকভাবে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে।
বিশ্বব্যাংকের পরিমাপ অনুযায়ী, ১ হাজার ৪৫ ডলার থেকে ১২ হাজার ৭৩৫ ডলার পর্যন্ত মাথাপিছু জাতীয় আয় হলে একটি দেশ মধ্যম আয়ের দেশের তালিকায় ঢুকে পড়বে। এর মধ্যে আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ ডলার পর্যন্ত হলে দেশটি হবে নিম্ন মধ্যম আয়ের, আয় ৪ হাজার ১২৬ ডলার থেকে শুরু করে ১২ হাজার ৭৩৬ ডলার হলে হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। মাথাপিছু জাতীয় আয় এর চেয়েও বেশি হলে হবে উচ্চ আয়ের দেশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার। তবে বিশ্বব্যাংকের পদ্ধতি অনুযায়ী তা এখন ১ হাজার ৪৫ ডলারকে ছাড়িয়ে গেছে।
অথচ এই বিশ্বব্যাংকই একসময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে ছিল চরম সন্দিহান। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম রিপোর্টে বিশ্বব্যাংক বলেছিল, ‘সর্বোত্তম পরিস্থিতিতে বাংলাদেশ একটি নাজুক ও জটিল উন্নয়ন সমস্যা। দেশটির বাসিন্দারা অত্যন্ত গরিব...একটি অতি জনবহুল দেশ...আবার তাদের জীবনের আয়ুষ্কাল অনেক কম, এখনো তা ৫০ বছরের নিচে। বেকারত্বের হার ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে এবং জনসংখ্যার বড় অংশই অশিক্ষিত।’
বাংলাদেশ নিয়ে হতাশাবাদীদের তালিকা বড়ই ছিল। নরওয়ের অর্থনীতিবিদ জাস্ট ফাল্যান্ড ও জে আর পারকিনসন ১৯৭৬ সালে বাংলাদেশ নিয়ে বইতে লিখেছিলেন, ‘যদি বাংলাদেশে উন্নয়নের উদ্যোগ সফল করা যায়, তবে এ ধরনের উদ্যোগ যেকোনো দেশেই সফল করা যাবে।’
তবে বাংলাদেশ নিয়ে কুখ্যাত হয়ে আছে সেই সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের একটি উক্তি। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ একটি বাস্কেট কেস।’ যাকে আমরা বাংলায় বলেছি, তলাবিহীন ঝুড়ি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ২০০৮ সালে সুইজারল্যান্ডের দাভোসে একবার দেখা হয়ে গিয়েছিল সেই হেনরি কিসিঞ্জারের সঙ্গে। বাংলাদেশের একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘বাংলাদেশকে মনে আছে তো? সেই যে আপনি বাস্কেট কেস বলেছিলেন।’ প্রশ্নটি শুনে বেশ গম্ভীর হয়ে কিসিঞ্জার উত্তর দিয়েছিলেন, ‘বিশেষ একসময়ের পরিস্থিতিতে এ কথা বলেছিলাম। এখন আর সে বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
হেনরি কিসিঞ্জারের সেই বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই অন্যদের কাছে উদাহরণ। তারই একটা প্রকাশ হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়া। এটি দেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন ও স্বীকৃতি। তবে আয় বৃদ্ধিই কিন্তু এখন আর উন্নয়ন নয়। প্রবৃদ্ধির সুফল গড়িয়ে নিম্ন আয়ের মানুষের কাছে যাওয়ার সেই ‘ট্রিকল ডাউন’ তত্ত্ব বাতিল হয়ে গেছে ষাটের দশকেই। গবেষণায় দেখা গেছে, অনেক দেশে প্রবৃদ্ধি বাড়লেও এর সুফল দরিদ্র মানুষ পায়নি।
বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে বের হতে পারলেও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে কিন্তু বের হতে পারেনি। অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করে। যেমন, স্বল্পোন্নত দেশ (এলডিসি), উন্নয়নশীল (ডেভেলপিং) ও উন্নত (ডেভেলপড) দেশ। বাংলাদেশ স্বল্পোন্নত বা এলডিসি। অর্থনীতিবিদেরা মনে করেন, বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত এলডিসি থেকে উত্তরণ।
সিডিপি প্রতি তিন বছর পরপর তালিকায় থাকা দেশগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে থাকে। ২০১৫ সালের পর্যালোচনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে পারেনি। তাই বাংলাদেশকে ২০১৮ সালের পর্যালোচনার জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদের পরের লক্ষ্য হচ্ছে এলডিসি থেকে বের হতে পারা।