মহাকাশে নিজেদের উপগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উপগ্রহ স্থাপনের জন্য সরকার থালস-এলেনিয়া স্পেস নামে একটি ফরাসি-ইতালিয়ান কোম্পানির সঙ্গে ২৪ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি করেছে। এই কোম্পানি ‘বঙ্গবন্ধু-১’ নামে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট নির্মাণ করবে এবং নির্ধারিত কক্ষপথে সেটি স্থাপন করবে। কক্ষপথের ওই জায়গাটি বাংলাদেশকে বরাদ্দ নিতে হয়েছে রাশিয়ার ইন্টারস্পুটনিকের কাছ থেকে, খরচ পড়েছে ২ কোটি ৮০ লাখ ডলার।
সাকল্যে প্রায় ৩০ কোটি ডলারের এই মহাকাশভিত্তিক যোগাযোগের বউনি করতে বাংলাদেশের ভূমিতে একটি আর্থস্টেশন নির্মাণ করা হবে। ২০১৭ সালের ডিসেম্বরে সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেলে বঙ্গবন্ধু-১ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগব্যবস্থাকে অত্যন্ত মজবুত ও ঘাতসহনীয় করে তুলবে।
এমন এক মহাকাশ উদ্যোগ গর্ব করার মতো বিষয়ই বটে, আর এ নিয়ে বাগাড়ম্বরও অস্বাভাবিক নয়। অন্য যেকোনো সরকারের মতো বাংলাদেশ সরকারও যে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণকে তার ভাবমূর্তি বাড়ানোর ক্ষেত্রে পুরোপুরি কাজে লাগাবে, সেটাও স্বাভাবিক। পেছনে বিশাল অগ্নিস্ফুলিঙ্গ আর ক্রমাগত ধোঁয়ার উদ্গিরণ এঁকে ঊর্ধ্বাকাশে ছুটে যাওয়া মহাকাশযানের সরাসরি সম্প্রচার হর্ষোৎফুল্ল দেশবাসীকে বিস্ময়াভিভূত করবে নিঃসন্দেহে। মহাকাশযানের বিভিন্ন অংশ নিয়ম মোতাবেক একের পর এক যখন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকবে, জনতার ধমনিতে বইবে শিহরণের জোয়ার। কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছে বঙ্গবন্ধু-১ মেলে ধরবে তার সৌরপ্যানেল এবং যোগাযোগ অ্যান্টেনাগুলো বিকশিত হবে ফুলের পাপড়ির মতো। আর ঠিক তখন থেকেই মহাশূন্যে এটির ১৫ বছরের আয়ুর ঘড়ি টিকটিক করে সময় গুনতে শুরু করবে।
এই যোগাযোগ উপগ্রহের বাণিজ্যিক সাফল্যের জন্য তাই প্রয়োজন দূরদর্শী বিচক্ষণ পরিকল্পনা। সরকার বঙ্গবন্ধু-১ বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য একটি আলাদা কোম্পানি করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত।
বাংলাদেশ সি-মি-উই৪ (SEA-ME-WE4) নামে যে সাবমেরিন কেব্লের সঙ্গে প্রথম যুক্ত হয়েছে, সেটি ২০০৫ সালে ডাঙায় পা রেখেছে দক্ষিণ-পূর্বের উপকূলীয় শহর কক্সবাজারে। দ্বিতীয় সাবমেরিন কেব্ল সি-মি-উই৫ (SEA-ME-WE5)-এর সঙ্গে ২০১৬ সালে আমরা সংযুক্ত হব দক্ষিণ-পশ্চিম সাগরপাড়ের কুয়াকাটায়। এই দুটি কেব্ল ল্যান্ডিং স্টেশন একে অন্যের কাছ থেকে ৩০০ নটিক্যাল মাইল দূরত্বে অবস্থান করবে। সাগর থেকে উঠে আসা এই দুটি অবকাঠামোর ভৌগোলিক দূরবর্তিতা বৈশ্বিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত থাকার সক্ষমতা বহুগুণ বাড়াবে। সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি (বিএসসিসিএল) এই কর্মযজ্ঞে নিয়োজিত।
বঙ্গবন্ধু-১-এর সার্বিক কর্মকাণ্ড এই বিএসসিসিএলের নিয়মিত কর্মকাণ্ডেরই অংশ। কেননা, সাবমেরিন কেব্ল আর উপগ্রহের কারবার একই পণ্য নিয়ে, আর তা হলো কানেকটিভিটি। সি-মি-উই৪-এর প্রতি সেকেন্ডে ২০০ গিগাবিট (জিবিপিএস) কানেকটিভিটির পেছনে ৩ কোটি ৫২ লাখ ডলারের বিনিয়োগ বিএসসিসিএল তুলে এনেছিল সেই ২০০৮ সালেই। সি-মি-উই৫-এর ১ হাজার ৩০০ জিবিপিএস ক্যাপাসিটির পেছনে ঢালতে হচ্ছে ৬ কোটি ৮০ লাখ ডলার। ২০১৬ সালেই আমরা এটা পেয়ে যাব। এর বাইরে ছয়টি বেসরকারি ক্যারিয়ার এ দেশে বিএসসিসিএলের চেয়ে তিন গুণ বেশি আন্তর্জাতিক ব্যান্ডউইট্থ যুক্ত করছে।
সে ক্ষেত্রে আরেকটি পৃথক প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে বঙ্গবন্ধু-১-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে না। বিএসসিসিএলের পণ্য তালিকার সঙ্গে বঙ্গবন্ধু-১-এর ৩০ কোটি ডলার মূল্যের ১২ জিবিপিএস ব্যান্ডউইট্থ একত্রীভূত করাটাই সমীচীন। সবচেয়ে বড় কথা, লাভের মুখ দেখতে হলে বঙ্গবন্ধু-১-এর পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসসিসিএলকে বেশ কয়েকটি অনুষঙ্গ যুক্ত করতে হবে।
বঙ্গবন্ধু-১-এর আওতাধীন ভৌগোলিক পরিসরে আমরা বেশ কিছু খাতের পরিচালনা সমন্বিত করতে সক্ষম হব। যেমন: সীমান্ত নিরাপত্তা চৌকি, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকগুলোর শাখা অফিস, দেশজুড়ে পণ্য পরিবহনের আঞ্চলিক কেন্দ্রগুলো, গহিন জঙ্গল, দুর্গম পাহাড়িয়া এলাকা অথবা দ্বীপাঞ্চলের স্থাপনাগুলো নিরবচ্ছিন্নভাবে যুক্ত হবে মূল টেলিযোগাযোগ নেটওয়ার্কে। সে ক্ষেত্রে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের অনেক আগেই ভূমিতে এসব কানেকটিভিটি প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় থাকতে হবে। অতএব, বাংলাদেশে স্যাটেলাইট-বিরোধী প্রচলিত নীতিমালাগুলো এখনই সংশোধন করতে হবে।
স্যাটেলাইটের উৎক্ষেপণ এখনো বিশ্বব্যাপী অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি বিষয়। বঙ্গবন্ধু-১ যদি উৎক্ষেপণের কালে বিস্ফোরণের শিকার হয়, সে ক্ষেত্রে বাংলাদেশ হয়তো ক্ষতি পুষিয়ে নেবে বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্বিতীয় দফায় মহাকাশ অভিযানের সুযোগও থাকবে। কিন্তু বাণিজ্যিক পরিচালনার ক্ষেত্রে ভুল করলে জনগণের জোগান দেওয়া ৩০ কোটি ডলারের স্যাটেলাইট উদ্যোগের ক্ষতি পোষানোর আর কোনো উপায় থাকবে না।
আবু সাইদ খান: সিনিয়র পলিসি ফেলো, লার্নএশিয়া