যাত্রীসহ উড়োজাহাজ নিরুদ্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যময় অব্যাখ্যেয় ঘটনার সঙ্গেই হয়তো এর তুলনা মেলে। আবহাওয়া চমৎকার, কোনো কারিগরি ত্রুটির বিপদসংকেতও নেই। অথচ যাত্রা শুরুর পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় আড়াই শ মানুষ নিয়ে একেবারে উধাও বিশাল উড়োজাহাজটি। মাসের পর মাস জলেস্থলে তন্নতন্ন করে খুঁজেও মিলল না তার চিহ্নমাত্র। না পাওয়া গেল একজন আরোহীর লাশ, না অতিকায় বিমানটির ধ্বংসাবশেষের একটি খণ্ড।
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০ এভাবেই হারিয়ে যায় বিদায়ী ২০১৪ সালের ৮ মার্চ। সেদিন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং রওনা হয় ফ্লাইট ৩৭০। বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলে আরোহী ছিলেন ২৩৯ জন। প্রাযুক্তিক উৎকর্ষের এই উত্তুঙ্গ সময়ে বিমানটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা বিশ্ববাসীকে হতবাক করে।
অনুসন্ধানকারী বা বিশেষজ্ঞরা ফ্লাইট ৩৭০ উধাও রহস্যের কিনারা করতে না পারায় এর সম্ভাব্য পরিণতি নিয়ে নানা তত্ত্ব আর গালগল্প ডানা মেলে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসীদের হাতে ছিনতাই থেকে শুরু করে কথিত ‘বারমুডা ট্রায়াঙ্গল’ আখ্যানও। বিতর্কিত বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের কাহিনি হচ্ছে, আটলান্টিক মহাসাগরের একটি স্থানে রহস্যজনকভাবে জাহাজ ও বিমান গায়েব হয়ে যেত। কিছুতেই আর সেগুলোর চিহ্নমাত্র মিলত না।
বহু বিশ্লেষণ আর মাপজোকের পরও ফ্লাইট ৩৭০ ঠিক কোথায় নিখোঁজ বা বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি অনুসন্ধানকারীরা। সম্ভাব্য দুর্ঘটনাস্থলটির আয়তন বিশাল বললেও কম বলা হবে। বিস্তীর্ণ দক্ষিণ চীন সাগর, মালয়েশিয়ার পশ্চিম উপকূল, এমনকি মধ্য এশিয়ার ঊষর প্রান্তর—সব মিলিয়ে কয়েক লাখ বগর্মাইলের যেকোনো স্থানেই তা ঘটে থাকতে পারে।
এই ঘটনার রেশ না কাটতেই পূর্ব ইউরোপের ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজ। সে ক্ষেপণাস্ত্রটি কাদের নিক্ষিপ্ত তা নিয়ে ইউক্রেন সরকার ও বিদ্রোহী তথা রাশিয়া একে অন্যকে দায়ী করেছে। ফ্লাইট ৩৭০ নিয়েই নামকরা বিমান পরিবহন সংস্থা মালয়েশীয় এয়ারলাইনসের ওপর বিমানযাত্রীদের ভরসা বিরাট ধাক্কা খেয়েছিল। ইউক্রেনের আকাশে বিপর্যয়ের পর তাদের আকাশে ঘনিয়ে ওঠে দুর্যোগের ঘনকালো মেঘ। বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে মালয়েশিয়া সরকার বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ নেয় বিমান সংস্থাটিকে।