
বিগত বছরটি শুরু হয়েছিল এক অস্বাভাবিক অস্থিরতার মধ্যে। ২০১৪-এর ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দুই বিবদমান পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। মহাজোট সরকারের দিক থেকে বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ব্যাপক আয়োজন চলে। বিএনপির নেতৃত্বাধীন জোট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনের ডাক দেয়। তবে সে আন্দোলনের ধরন কী হবে, তা সম্ভবত তারাও জানত না, জনগণও জানত না।
দেশে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি থাকলে ওই অবস্থায় যা হতে পারত, তা হলো, সরকারের মতো সরকার তার বর্ষপূর্তি উৎসব করবে, সরকার গাইবে তার সাফল্যের গাথা; অন্যদিকে বিরোধী পক্ষ তাদের মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। তারা সভা-সমাবেশ করে তাদের দাবির সপক্ষে জনমত গঠন করবে। দুই পক্ষের কথাই জনগণ শুনবে। তারপর কে ঠিক আর কে বেঠিক, সে বিচার জনগণই করবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জনগণের আজ আর কোনো দাম নেই। অথচ গণতন্ত্র জিনিসটিই গণমানুষের ব্যাপার। অদ্ভুত ব্যাপার হলো, বাংলাদেশে সাংবিধানিক বৈধ সরকার আছে, বিরোধী রাজনৈতিক দলও আছে, কিন্তু জনগণই নেই।
রাজনীতিতে জনগণের দাম না থাকলেও রাজনৈতিক যন্ত্রণা সইতে হয় জনগণকেই। বছরের প্রথম দু-আড়াই মাস মানুষ যন্ত্রণার ভেতর দিয়ে অতিবাহিত করে। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাঁদের দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে কীভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন, তা নিয়ে তিনি তাঁর দলীয় নীতিনির্ধারকদের বৈঠকে অথবা জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেননি। ৫ জানুয়ারির দুই-তিন দিন আগে, যখন মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে, সাংবাদিকেরা বেগম জিয়াকে বারবার চাপ দিয়ে জানতে চাইছিলেন, কী কর্মসূচি দেবেন। তিনি বললেন, দেশব্যাপী অবরোধ। অবরোধের অভিজ্ঞতাও দেশবাসীর আছে। সাংবাদিকেরা জানতে চাইলেন, কত দিনের অবরোধ? তিনি কোনো রকম চিন্তা না করে বললেন, অনির্দিষ্টকাল। তাঁর ওই ঘোষণা যে কতটা আত্মঘাতী, অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানবর্জিত ছিল, তা বোঝার ক্ষমতা তাঁর নিশ্চয়ই থাকার কথা; কিন্তু আমরা সে পরিচয় পাইনি। ওদিকে সরকার তাঁকেই অবরুদ্ধ করে রাখে তাঁর দলীয় কার্যালয়ে প্রায় তিন মাস।
প্রধান বিরোধী দল অবরোধের মতো কঠিন কর্মসূচি দিলে সরকার চুপচাপ বসে থাকেনি। কঠোর অবরোধ কর্মসূচির জবাবে সরকারও কঠোরতর অবস্থান নেয়। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড় করা হয়। মামলা দেওয়া হয় অগণিত নেতা-কর্মীর বিরুদ্ধে। নগরীর নেতারা অবরোধ কর্মসূচিতে অংশ না নিয়ে অনেকেই আত্মগোপন করেন। মফস্বলের নেতা-কর্মীরা নেতার নির্দেশের প্রতি বিশ্বস্ত থেকে আন্দোলনে অংশ নিয়ে এক মারাত্মক সহিংস পরিস্থিতির সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে থাকে না। অজ্ঞাত অপরাধীদের ছোড়া পেট্রলবোমায় বহু হতাহত হয়। মানুষ পুড়ে মরে অথবা জীবন্মৃত অবস্থায় বেঁচে থাকে। সহিংস রাজনীতির কারণে মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়।
দু-চার-পাঁচ দিন অবরোধ কর্মসূচি চলার পর পরিস্থিতি পর্যালোচনা করে বিএনপি নেত্রী অবরোধ প্রত্যাহার করে অন্য কর্মসূচি দিলে তা হতো বিবেচনাপ্রসূত ও বাস্তবসম্মত। যা হোক, শেষ পর্যন্ত অবরোধ থাকুক বা না থাকুক, ধীরে ধীরে মানুষের জীবন-জীবিকার প্রয়োজনেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নেতৃত্বের দুর্বলতায় বিরোধী দলের আন্দোলন ব্যর্থ হয়। বিরোধী নেতা-কর্মীরাও হন হয়রানি ও নিপীড়নের শিকার। বছরটিতে গুম, অপহরণ, হত্যাকাণ্ডের ঘটনা বহু ঘটে। বিরোধী দলের নেতা-কর্মী শুধু নন, সরকারি দলের নেতা-কর্মী ও ব্লগাররাও খুন হয়েছেন। অনেক ক্ষেত্রেই অপরাধীদের শনাক্ত করে বিচার করা সম্ভব হয়নি। তবে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হয়। তাঁদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তা থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আইন প্রয়োগকারী সংস্থার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
ধর্মীয় উগ্রপন্থীদের তৎপরতা বাংলাদেশে অনেক দিন থেকেই রয়েছে, তবে তা অসহনীয় পর্যায়ে নয়। বিচ্ছিন্ন ঘটনা অনেক বছর থেকেই ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উগ্রপন্থীদের দমনে যথেষ্টই সফলতার পরিচয় দিয়েছে। কিন্তু এ বছর সন্ত্রাসী তৎপরতায় যোগ হয়েছে নতুন মাত্রা। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ও অনুষ্ঠানে আক্রমণ হয়েছে। তাতে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু জাতির জন্য সবচেয়ে বিব্রতকর যা তা হলো, দুজন বিদেশি নাগরিক—একজন ইতালীয় এবং একজন জাপানি উন্নয়নকর্মী—প্রকাশ্যে অজ্ঞাত আততায়ীর হাতে খুন হন। তার ফলে দেশের বাইরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পৃথিবীর বহু দেশের তুলনায় উদ্বেগজনক নয়।
অতীতের প্রতিটি মুহূর্ত কালের অতল গহ্বরে হারিয়ে যায় বলে তাকে আর সংশোধন করা যায় না—বিচার-বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। দুঃখজনক যা ঘটার তা ঘটেছে, এখন ভবিষ্যতে করণীয় কী?
সুস্থ রাজনীতির অনুপস্থিতি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। যতই প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ আসুক, তৈরি পোশাকশিল্পের রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন হোক, তা টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ অর্থনীতির জন্য যথেষ্ট নয়। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে যেতেই হবে। টেকসই গণতন্ত্রের বিকল্প তথাকথিত উন্নয়ন নয়। দু-পাঁচ বছরের জন্য উন্নয়ন কোনো উন্নয়ন নয়। সত্যিকারের উন্নয়ন হলো দীর্ঘস্থায়ী উন্নয়ন। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে ২০১৫ বছরটি ছিল জাতির ইতিহাসে সবচেয়ে বন্ধ্যা বছর, বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকাই যে শুধু হতাশাজনক তা-ই নয়, ছোট ও মাঝারি দলগুলোর ভূমিকাও শূন্য। বহুদলীয় সংসদীয় গণতন্ত্রে ছোট দলগুলোর গঠনমূলক ভূমিকা থাকে, কিন্তু বাংলাদেশে ছোট দলগুলোর কোনো রাজনৈতিক ভূমিকা নেই। গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণে তারা ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। শুধু একটি সুষ্ঠু নির্বাচনই গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পারে না। নির্বাচন-পরবর্তী পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে, সে জন্য সব দলের নেতাদের মধ্যে সমঝোতা থাকতে হবে।
বাংলাদেশের বাস্তবতা হলো, অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দাতাদের ওপর নির্ভর করতে হয়। ২০১৪-১৫ অর্থবছরের অভিজ্ঞতা ভালো ছিল না। দাতারা প্রতিশ্রুত অর্থের শতকরা ৫০ ভাগও দেয়নি। কী কারণে দেয়নি তা সরকারি কর্মকর্তাদের জানার কথা। ২০১৫-এর শেষ ছয় মাসে দাতাদেশ ও সংস্থাগুলোর অর্থায়নের আশ্বাস বিশেষ পাওয়া যায়নি। অথচ অর্থ বরাদ্দবিহীন বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক নানা কারণে হৃদ্যতাপূর্ণ নয়। বর্তমান বছরে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
২০১৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা পদ্মা সেতুর পাইলিং ও নদীশাসনের কাজের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদেই এই বিরাট প্রকল্পের কাজ শুরু হয়। ঋণপ্রাপ্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েনে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ম্লান হয়েছিল। নিজস্ব অর্থায়নে এখন কাজ শুরু করায় ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখানো হাসিনা সরকারের একটি বড় কৃতিত্ব।
অর্থনীতি মোটের ওপর স্থিতিশীল থাকলেও ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অস্বস্তিতে আছেন। নতুন বছরে তাঁদের সেই অস্বস্তি দূর করতে উদ্যোগ নিতে হবে। জাতীয় উৎপাদনের উপায়, উপকরণ ও সম্পদ যদি অল্পসংখ্যক মানুষের হাতে সঞ্চিত হয়, শ্রমজীবী সাধারণ মানুষ যদি থাকে বঞ্চিত, তাহলে জাতীয় প্রবৃদ্ধির পারসেনটেজ দিয়ে অর্থনীতির অগ্রগতি পরিমাপ অর্থহীন।
বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১০ কোটি। তার মধ্যে প্রায় ৬ কোটি মানুষ নিয়মিত কাজ করেন। অবশিষ্ট মানুষের উপার্জন অনিশ্চিত। প্রতিবছর ২০ লাখ তরুণ-তরুণী, যাঁদের অনেকেই উচ্চশিক্ষিত, যোগ দিচ্ছেন শ্রমবাজারে। তাঁরা সবাই কাজ পাচ্ছেন না। শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। যে বিষয়ে তাঁরা ডিগ্রি নিচ্ছেন, সে বিষয়ে কর্মসংস্থান নেই। তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের বড় চ্যালেঞ্জ।
বিশ্বব্যাংক সুপারিশ করেছে, নতুন বাজারের সন্ধানে বাণিজ্য অবকাঠামো গড়ে তুলতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণ ও শ্রমিকদের মানোন্নয়নের ব্যবস্থা করতে হবে। বিনিয়োগ ও বাণিজ্য-সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ২১টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা প্রয়োজন।
আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় বিশ্বমান অর্জন করেছে। ক্রিকেটে আন্তর্জাতিক সিরিজগুলোতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকে পরাজিত করেছে। কয়েক দিন আগে আমাদের মেয়েরা কাঠমান্ডুতে গিয়ে বিজয় অর্জন করেছে। যদি মনে করা হয়, এই যোগ্যতা শুধু ওই কয়েকজন তরুণ-তরুণী অর্জন করেছে, তা ভুল। ওদের বয়সী লাখ লাখ তরুণের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা রয়েছে। তাদের মেধা ও যোগ্যতা বিকাশের ব্যবস্থা করে দিতে হবে।
গত দুই বছরে পাকিস্তানের দালাল ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সুতরাং যেকোনো ধরনের জঙ্গিবাদী, সন্ত্রাসী এবং নারী ও শিশু নির্যাতনকারীকে নির্মূল করা সরকারের পক্ষে কঠিন নয়। একই সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র-যুব সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমন করতে ব্যবস্থা নিতে হবে।
একটি আলোকিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অনৈক্য দূর করে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে বাংলাদেশে শুভবুদ্ধি প্রাধান্য পাবে, নববর্ষে এই আমাদের প্রত্যাশা।