
২০১৪ সালের ২৬ মার্চ ৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ গেয়ে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড এটি।
যাচাইয়ের পর ৯ এপ্রিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এই রেকর্ডের স্বীকৃতি দেয়। তাদের হিসাবে ঢাকায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ আয়োজনে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার
৫৩৭ জন।
বাংলাদেশের আগে এই রেকর্ড ছিল ভারতের।
২৬ মার্চ সকাল থেকে প্যারেড স্কয়ার ও আশপাশের এলাকা হয়ে পড়ে লোকে লোকারণ্য।
বেলা ১১টা ২০ মিনিটে আড়াই লাখের বেশি মানুষ গলা ছেড়ে গেয়ে ওঠেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ ময়দানের বাইরেও অপেক্ষমাণ নানা বয়সের বহু মানুষ প্রিয় জাতীয় সংগীতে গলা মেলান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে সহায়তা করে সশস্ত্র বাহিনী। সংগীত পরিচালনা করেন বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম।

ক্রিকেটে ৮-০’র আনন্দ
সিরিজ জয়ের স্বাদ বাংলাদেশ দল আগেও পেয়েছে। পেয়েছে ‘বাংলাওয়াশ’ করার স্বাদও এবং সেসব বড় বড় দলের বিপক্ষেই। কিন্তু ৮-০ ব্যবধানে? না, সেটা পাওয়া গেল ২০১৪ সালে এসে।
অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর মিলিয়ে মোট ৪৭ দিনের বাংলাদেশ সফরে এই ‘স্বাদ’টা দিয়ে গেল জিম্বাবুয়ে দল। টেস্ট সিরিজ ৩-০তে জেতার পর বাংলাদেশ দল ওয়ানডে সিরিজও জিতল ৫-০তে। বাংলাদেশে এসে এবার যেন ক্রিকেটই ভুলে গেল আফ্রিকার দলটি! শুধু দলীয় সাফল্যই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ থাকল ব্যক্তিগত সাফল্যের আলোয়ও আলোকিত। ঢাকায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত সেরা বোলিংটা করেছেন তরুণ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন আরেক বাঁহাতি সাকিব আল হাসানও।
খুলনা টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরির সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট। একই টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেট পাওয়ার সাফল্যে সাকিব নিজেকে নিয়ে গেছেন ইয়ান বোথাম আর ইমরান খানের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এর আগে এই কৃতিত্ব ছিল শুধু ওই দুই জনেরই। জিম্বাবুয়ে সিরিজে ব্যক্তিগত সাফল্য আছে আরও। ওই সাকিবই ৬ উইকেট নিয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসে, সেঞ্চুরি করেছেন প্রথম ওয়ানডেতে। খুলনা ও চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল, চট্টগ্রামে সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার ইমরুল কায়েস আর মুমিনুল হকও। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন এই সিরিজেই অভিষেক হওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেন। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজ ২০১৪ সালে দু হাত ভরেই দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে।
তারেক মাহমুদ

পোলিওমুক্ত বাংলাদেশ
২০১৪ সালে বাংলাদেশ পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পায়। ৩ মে পোলিওমুক্ত দেশ হিসেবে সংস্থাটির কাছ থেকে সনদ গ্রহণ করে বাংলাদেশ।
বাংলাদেশ সরকার ১৯৭৯ সালে সম্প্রসারিত টিকাদান কমর্সূচি গ্রহণ করে। সেই থেকে পোলিওমুক্তির সংগ্রাম অব্যাহত ছিল। সাফল্য মিলল ৩৫ বছর পর। ডব্লিউএইচও বলছে, বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কমর্সূচি সারা বিশ্বে প্রশংসিত। ছয় লাখ টিকাদানকর্মী নিরলস কাজ করেছেন দেশকে পোলিওমুক্ত করার সাফল্য এনে দিতে।
২০০০ সাল থেকে টানা ছয় বছর বাংলাদেশ পোলিওমুক্ত ছিল। কিন্তু ২০০৬ সালে সীমান্তের ওপার থেকে আবারও পোলিও ভাইরাস বাংলাদেশে প্রবেশ করে। তবে এরপর দেশে আর কোনো পোলিও সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। তার পরও ২০১১ সালে ভারতে পোলিও সংক্রমণ ধরা পড়ায় অঞ্চল হিসেবে পোলিওমুক্ত হিসেবে স্বীকৃতি পেতে আরও তিন বছর বেশি সময় লাগল।
পোলিও ভাইরাসজনিত সংক্রামক রোগ। এর ভাইরাস স্নায়ুতন্ত্রে সংক্রমণ ঘটায়। সংক্রমণের কয়েক দিনের মধ্যেই মানুষ পক্ষাঘাতের শিকার হতে পারে। বতর্মানে বিশ্বের মাত্র তিনটি দেশ পাকিস্তান, আফগানিস্তান ও নাইজেরিয়ায় পোলিওর অস্তিত্ব রয়েছে।

পদ্মভূষণে ভূষিত আনিসুজ্জামান
২০১৪ সালে বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণে’ ভূষিত করে ভারত। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির সরকার এই পুরস্কারের ঘোষণা দেয়। ৩১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনিসুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
পদ্মভূষণ সম্মাননা লাভের প্রতিক্রিয়ায় আনিসুজ্জামান এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। দুই দেশের মানুষ আরও কাছাকাছি এলে, একে অন্যকে আরও জানলে সম্পর্ক ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধি পেয়েছিলেন। তবে নজরুল তখনো ছিলেন ভারতের নাগরিক। সে হিসেবে আনিসুজ্জামানই পদ্মভূষণে সম্মানিত প্রথম বাংলাদেশি।
অধ্যাপক আনিসুজ্জামান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন তিনি। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। গবেষণা, মৌলিক প্রবন্ধ, স্মৃতিকথা এবং সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা অনেক। পদ্মভূষণের আগে আনিসুজ্জামান বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রিসহ দেশে-বিদেশের বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন।
গ্রন্থনা: মনিরুল ইসলাম