অনলাইন নতুন চ্যালেঞ্জ

সুধীর শর্মা ২০০৮ সাল থেকে নেপালের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কান্তিপুর-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নেপালবিষয়ক বিশ্লেষক ছিলেন। সুধীর শর্মা মূলত রাজনীতি, জাতীয় নিরাপত্তা ও সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করেন। তাঁর মতে, প্রচলিত সব চ্যালেঞ্জের পাশাপাশি অনলাইন এখন নতুন এক চ্যালেঞ্জ। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুল হাসান
প্রথম আলো: নেপালে গণমাধ্যমের স্বাধীনতা এবং সেখানকার সাংবাদিকতা পরিস্থিতি কেমন?
সুধীর শর্মা: হিমালয়ের পাদদেশের ছোট্ট এক দেশ নেপাল। কিন্তু আমাদের গণমাধ্যম ও সাংবাদিকদের যেসব চাপ সামলাতে হয়, সেগুলো কিন্তু মোটেও ছোট নয়। বরং অন্য অনেক দেশের চেয়ে আমাদের পরিস্থিতিটা একসময়ে জটিল ছিল। ১৯৯৬ থেকে ২০০৬। টানা ১০ বছর মাওবাদীদের আন্দোলন চলেছে নেপালে। বলা যায় গৃহযুদ্ধই। সহিংসতার এই সময়গুলোতে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন নেপালে। কখনো সরকারপক্ষ আবার কখনো মাওবাদীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা। এরপর রাজতন্ত্রের বিদায়। বলতেই হবে, রাজতন্ত্র বিদায়ের পর পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে। তবে এখনো গণমাধ্যমকে নানা ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে। আপনারা জানেন, নেপালের নতুন সংবিধান প্রণয়ন হচ্ছে। সব মিলিয়ে নেপালের ক্রান্তিকাল চলছে। তবে এটা বলা যায়, গণতন্ত্র যত শক্তিশালী হবে সমস্যা ততই কমবে বলে মনে করি।
প্রথম আলো: নতুন সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো কীভাবে এসেছে?
সুধীর শর্মা: কোনো দেশের সংবিধানে কখনো মত প্রকাশের স্বাধীনতা খর্ব বা গণমাধ্যম বন্ধ করার কথা থাকে না। নেপালের নতুন সংবিধানেও তা নেই। বরং অনেক বেশি করেই মত প্রকাশের স্বাধীনতার কথা আছে। তবে নানা ধরনের চাপে সেই মতপ্রকাশের স্বাধীনতা বা স্বাধীন সাংবাদিকতা কতটা করা যায়, সেটাই ভাবনার বিষয়। পত্রিকাগুলো একধরনের সমস্যা মোকাবিলা করে। টেলিভিশন এবং রেডিওগুলো আরেকভাবে। আপনি জানেন টিভি ও রেডিওগুলোকে প্রতিবছর সরকারের কাছ থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। কাজেই তারা একধরনের চাপে থাকে। আবার পত্রিকায় বিজ্ঞাপনের দরকার। তারা থাকে আরেক চাপে।
প্রথম আলো: কোন ধরনের সমস্যা বেশি মোকাবিলা করতে হয় নেপালে?
সুধীর শর্মা: নেপালের গণমাধ্যমে এখনো রাজনীতি প্রধান সংবাদ। পৃথিবীর বেশির ভাগ দেশের মতো এখানেও রাজনীতিবিদ বা ক্ষমতাসীনদের মোকাবিলা করাটাই সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই দল নানাভাবে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে। তারা কোনো সমালোচনা মানতে নারাজ।
প্রথম আলো: আর কি কোনো ধরনের চাপ আছে?
সুধীর শর্মা: প্রশাসনিক চাপও আছে। আমাদের স্থানীয় সাংবাদিকেরা সেটা সবচেয়ে বেশি মোকাবিলা করেন। আমাদের জেলা প্রতিনিধিদের স্থানীয় পুলিশ ও প্রশাসনের চাপ সামলাতে হয়। আবার রাজধানীতে থাকলেও আমাদেরও এ ধরনের সমস্যা অন্যভাবে মোকাবিলা করতে হয়।
প্রথম আলো: কাঠমান্ডুতে কীভাবে প্রশাসন চাপ সৃষ্টি করে?
সুধীর শর্মা: শুধু প্রশাসন কেন, নানাভাবে সেটা হয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। নেপালের দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি ছিলেন তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি বেসরকারি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়ার জন্য চাপ দেন। সেই চাপ আমাদের অনেক দিন মোকাবিলা করতে হয়েছে। আবার আদালতের এক বিচারকের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমরা সংবাদ প্রকাশ করি। ওই বিচারক তখন নিজেই আদালত অবমাননার কথা বলে আমাদের ডেকে পাঠালেন। আমাদের কোনো আইনজীবী নেওয়ার সুযোগ দিল না। দুই বছর এই সমস্যা চলেছে পরে প্রধান বিচারপতি বদলে হলে সমস্যাটা কমে।
প্রথম আলো: বিজ্ঞাপন বন্ধের সমস্যাটা আর কীভাবে হয়?
সুধীর শর্মা: আজকের যুগে করপোরেট এবং আর্ন্তজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাপও গণমাধ্যমকে সামলাতে হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র বিজ্ঞাপন। আগে বলেছি নেপালের দুর্নীতি দমন কমিশনের প্রধান বিজ্ঞাপন বন্ধ করতে চাপ দিয়েছিলেন। অনেক দিন আমরা সেই সমস্যা মোকাবিলা করেছি। সাম্প্রতিক সময়ে সংবিধান নিয়ে ভারতের সঙ্গে কিছু বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নিয়ে এবং মদেশীয় অঞ্চল নিয়ে। এরপর ভারতীয় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বন্ধ করে দেয়। ভারত থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদনে চাপ পড়ে। প্রচণ্ড লোডশেডিং শুরু হয়। অনেক টেলিভিশন তাদের প্রচারের সময় কমিয়ে আনে। আবার ভারত থেকে পত্রিকার কাগজ আসা বন্ধ হয়ে যায়। এগুলোও একধরনের চাপ।
প্রথম আলো: নানা ধরনের চ্যালেঞ্জের কথা বললেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
সুধীর শর্মা: এতক্ষণ ধরে প্রচলিত চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম। সবকিছু ছাপিয়ে আজকের সময়ে অনলাইনই বড় চ্যালেঞ্জ। কারণ, আমরা এই চ্যালেঞ্জ সম্পর্কে আগে অভ্যস্ত নই। ফলে কীভাবে মোকাবিলা করতে হবে সেটাই বুঝতে হচ্ছে।
প্রথম আলো: অনলাইন কেন এবং কীভাবে বড় চ্যালেঞ্জ?
সুধীর শর্মা: কান্তিপুর নেপালের সবচেয়ে বড় পত্রিকা। ইউরোপ-আমেরিকায় ছাপা পত্রিকার সংখ্যা কমছে। মোবাইল বা ইন্টারনেটে সেখানে লোকজন পত্রিকা পড়ছে। এটা সত্যি এখনো নেপালে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা বাড়ছে। শিক্ষার হার ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগের উন্নয়নের কারণে সেটা হচ্ছে। এখন রাস্তাঘাট ভালো। সব জায়গায় পত্রিকা যাচ্ছে। রাজস্ব আয়ের ক্ষেত্রেও এখনো ছাপা পত্রিকাই মূল ভূমিকা রাখছে। কিন্তু দ্রুত অনলাইনের প্রসার ঘটছে। সবার হাতে মোবাইল। সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই মত প্রকাশ করছে। ইন্টারনেটের প্রসার বাড়ছে। অনলাইনে মানুষ পত্রিকা পড়ছে। ভিডিও দেখছে। সামনের দিনগুলোতে এগুলো কীভাবে মোকাবিলা করব, সেটাই বড় চ্যালেঞ্জ।
প্রথম আলো: অনলাইনের চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা কী করছেন?
সুধীর শর্মা: আমরা ডিজিটাল কোম্পানি করছি। আমাদের প্রত্যেকটা প্রকাশনার এখন আলাদা অনলাইন সংস্করণ আছে। সেখানে আমরা নানা কিছু যুক্ত করছি। যদিও এখনো অনলাইন থেকে রাজস্ব কম আসছে ছাপা পত্রিকার তুলনায় কিন্তু আমরা বুঝতে পারছি শিগগিরই অনলাইন থেকে রাজস্ব আয় বাড়বে। এখন আমাদের অনলাইনের আলাদা জনবল আছে, যদিও তারা পত্রিকার রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ করেই সংবাদ প্রকাশ করছে।
প্রথম আলো: সাংবাদিকতার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের কথা বললেন সেগুলো মোকাবিলায় কী কোনো ঐক্য বা আলোচনা হতে পারে?
সুধীর শর্মা: সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঐক্য দরকার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংবাদিকেরা আমরা একসঙ্গে বসে আমাদের সংকটগুলো নিয়ে কথা বলতে পারি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সংগঠনগুলোও ভূমিকা রাখতে পারে। এ ছাড়া আন্তর্জাতিকভাবেও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো ও ঐক্য দরকার। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নানা শ্রেিণ-পেশার মানুষের এত বড় প্রীতিসম্মেলনী বেশ বিস্মিত করেছে আমাকে। প্রথম আলোতে আপনারা যেমন নানা দেশের সাংবাদিকদের এনে অলোচনা করলেন আরও বড় পরিসরে এ ধরনের আলোচনা হতে পারে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
সুধীর শর্মা: প্রথম আলোকেও ধন্যবাদ।