অনিল কান্তি শীল: মানুষ গড়ার সুনিপুণ কারিগর

অনিল কান্তি শীল। আমাদের শ্রদ্ধেয় অনিল স্যার। ২০১৭ সালের ২৬ মার্চ তিনি ইহজগৎ ত্যাগ করেছেন। পৃথিবী থেকে এ অঞ্চলের এক দিকপাল শিক্ষক চিরবিদায় নিলেন। আমার প্রিয় শিক্ষাগুরু ছিলেন তিনি। গ্রামীণ জনপদের শিক্ষার কান্ডারি ও সহজ-সরল এক মাটির মানুষ ছিলেন অনিল কান্তি শীল। রাউজান আযর্মৈত্রেয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। রাউজান উপজেলার ১০ পূর্ব গুজরা ইউনিয়নে অনিল শীলের জন্ম। একদম অজপাড়াগাঁয়ে জন্ম নিয়েও তিনি ১৯৬৮ সালে বি.এ পাশ করেন। তার বাবা গ্রাম্য ডাক্তার হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছেন।
মানুষের জীবনে শেখার অনুসরণ বা অনুকরণ করার যে বয়স, সেই সময়ে আমি স্যারের সান্নিধ্য পেয়েছিলাম। তাই পড়ালেখার বাইরেও অনেক কিছু অনিল স্যারকে দেখে শিখেছি। ন্যায়-অন্যায়, সততা, কৃতজ্ঞতা, দায়িত্ববোধ, মানুষ হিসেবে আদর্শিক হওয়ার পথ নির্দেশনা ছিল অনিল স্যারের। মা-বাবা, গুরুজনদের মেনে চলা, সম্মান করা, সমাজের মানুষের জন্য কাজ করা, নিজেদের আদর্শবাদী করার অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি। আমার মতো অনেকেই অকাতরে দীক্ষা ও জ্ঞানের অন্বেষণে স্যারের শরণাপন্ন হয়েছিল। সদালাপী এই গুণী শিক্ষকের অনেক ছাত্র দেশের আনাচ-কানাচে আজ প্রতিষ্ঠিত। দীর্ঘ ৫০ বছরের শিক্ষকতা জীবনে সব সময় ছাত্রদের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখাতেন এই শিক্ষক।
সাদা শুভ্র পোশাকে দ্রুত পায়ে হাঁটা, ভাবগাম্ভীর্যপূর্ণ শাসন, ব্যক্তিত্বসম্পন্ন পাঠদান, কাঠের হাতলে কালো ছাতা ও গাঢ় কাচের কালো রঙের চশমা ছিল তাঁর নিত্যকার সম্বল। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আর্যমৈত্রেয় স্কুলে পড়া এবং বাড়িতে আমাকে প্রাইভেট পড়ানোর কারণে স্যারকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। একজন আদর্শ শিক্ষকের মাইলফলক হিসেবে অনিল স্যার এ অঞ্চলে সর্বাধিক গ্রহণযোগ্য ছিলেন। দীর্ঘসময় শিক্ষকতা পেশায় ছিলেন বলে সবার কাছে পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন তিনি। একই নকশার সাদা পায়জামা-পাঞ্জাবি পরেই তিনি একটি জীবন পার করে দিয়েছেন।
আমাদের পূর্বাপর শত শত ছাত্র-ছাত্রীদের কাছে এমন আদর্শবান শিক্ষক খুব কম ছিলেন। নিজের বাড়ি থেকে ৫/৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে আসা-যাওয়া করতেন তিনি। সদালাপী অনিল স্যারের কাছে শিক্ষার্থীদের শেখানোর ফলপ্রসূ নানা পদ্ধতি ছিল। তাঁর হাতের লেখাও ছিল সুন্দর। সততা, নৈতিকতায় দৃঢ় মনোভাবের মানুষ ছিলেন তিনি। এই গুণী শিক্ষক নির্লোভ ও নির্মোহ ছিলেন। অনিল স্যারের সমাজকে দিয়ে গেছেন শুধু। বিনিময়ে কি পাবেন—তা নিয়ে কখনো হাপিত্যেশ করেননি। সাদাসিধে জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় যেমন তিনি দেননি, আবার কারও সঙ্গে আপস করেও চলেননি। কোনো কোনো দিন তাঁর কেটেছে ভাতের মাড় খেয়ে। অসুস্থতা ও টানাপোড়েন অনিল স্যারের সততা ও নৈতিকতায় কিঞ্চিৎ নাড়াও দেয়নি।
অভাব ছিল তাঁর। কিন্তু কাউকে জানাননি। আর্থিক সংকটও ছিল, কারও কাছে হাত পাতেননি তিনি। একমাত্র ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে শিক্ষকতা পেশাতেই নিয়োজিত করেছেন। সারা জীবন কারও সঙ্গে দেখা হলেই তিনি ‘অ বাজি কেন আছ’ বলে সম্বোধন করতেন অনিল স্যার। কুশল বিনিময় করতেন।
লম্বা দেহের ওপরে শক্ত কাঠামোর শরীর থাকলেও অনিল স্যার বেশ নরম মনের মানুষ ছিলেন। স্যারের জন্য কিছু করার ইচ্ছে ছিল আমার। সেই সুযোগও তিনি দিলেন না। হঠাৎ করে চলে গিয়ে বুঝিয়ে দিলেন—তিনি শিক্ষক। দিতেই জানেন, নিতে নয়।
আমরা কৃতজ্ঞ স্যার। আমাদের মানুষ করায় আপনার কাছে ঋণী হয়ে রইলাম। জীবদ্দশায় অভাব-অনটনের মধ্যেও সৃষ্টিকর্তা আপনাকে সম্মান দিয়েছেন। তিনি স্বর্গবাসী হোন—এই প্রত্যাশা।
লেখক: চেয়ারম্যান, রিডার্স স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম