অন্য রকম গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহম্মদ জাফর ইকবাল
মুহম্মদ জাফর ইকবাল

এ বছরটি অন্য রকম। যখন আমাদের আনন্দোল্লাস করে এক শ ধরনের উৎসব করার কথা, তখন আমরা ঘরের মধ্যে বন্দী থেকে টেলিভিশনে মানুষ হয়ে মানুষের ওপর অত্যাচার করতে দেখেছি। একসময় মনে হচ্ছিল, এ বছর বুঝি আমাদের এত ভালোবাসার গণিত উৎসবটি করতেই পারব না। হয়তো আমাদের জোড়াতালি দিয়ে অন্য কোনোভাবে একটা টিম করে আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঠাতে হবে।

কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার আমাদের গণিত উৎসব করতে পারছি। আমার জন্য সেটি বিশাল একটা আনন্দের সংবাদ। একটু অন্য রকমভাবে করতে হচ্ছে। একসঙ্গে এক দিনে অনেকগুলো করতে হচ্ছে, কিন্তু তার পরও তো আমরা করতে পারছি। গণিত অলিম্পিয়াড কমিটির সবাইকে সে জন্য অভিনন্দন।

এ বছর কিন্তু আমার মনটি ভালো নেই। সবাই নিশ্চয়ই জানে, আমাদের প্রিয় দেশে যারা ভিন্ন ধর্মের মানুষ, তাদের সংখ্যালঘু নাম দিয়ে তাদের ওপর ভয়ংকর অত্যাচার শুরু হয়েছে। এ দেশকে যারা ভালোবাসে, তাদের জানতে হবে, যত দিন পর্যন্ত অন্য ধর্মের একটা শিশু এ দেশে পরম নিশ্চিন্ত-নির্ভাবনায় তার মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে না পারবে, তত দিন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে সব কটি সোনার মেডেল নিয়ে এলেও আমাদের ভেতরে এতটুকু আনন্দও হবে না।

তাই এ বছর থেকে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, যত দিন আমাদের দেশটিকে সবার ভালোবাসার দেশ তৈরি করতে না পারব, তত দিন আমাদের কারও কোনো বিশ্রাম নেই।

সহসভাপতি,বাংলাদেশ গণিত অলিম্পিয়াড