অভিবাসীর জন্য সহমর্মিতা

গত অক্টোবরে ইতালির লাম্পেদুসা দ্বীপের অদূরে সাগরে ডুবে কয়েক শ আফ্রিকানের করুণ মৃত্যু বিশ্বব্যাপী গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। ওই ঘটনা অসহায় অভিবাসীদের প্রতি সবার সহানুভূতির সঞ্চার করে। বিদেশে পাড়ি জমাতে গিয়ে অভিবাসীদের অনেকেই কী বিপদের সম্মুখীন হয়, সে বিষয়েও ভাবনার সূত্রপাত ঘটে। অভিবাসীদের প্রতি এ ধরনের সহানুভূতি ও ভাবনা উভয়ই বিরল। তবে ওই বিপর্যয়ের একমাত্র ব্যতিক্রমী দিক হচ্ছে বিপুল সংখ্যায় প্রাণহানি। লাম্পেদুসার বাসিন্দাদের কাছে জাহাজডুবির ঘটনায় শরণার্থী বা অভিবাসীদের মৃত্যু সাধারণ এক ঘটনা। দ্বীপটির অদূরে ওই মর্মান্তিক দুর্ঘটনার এক সপ্তাহ পরই সিরিয়া ও ফিলিস্তিনের শরণার্থীবাহী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। প্রাণ হারায় ৩০ জনের বেশি মানুষ।
২০১৩ সাল দেখিয়েছে, যদিও নতুন করে আর দেখানোর দরকার ছিল না যে, এসব দুর্যোগ ইউরোপীয় উপকূল বা ভূমধ্যসাগরে সীমাবদ্ধ নয়। গত নভেম্বরে হাইতির ৩০ জন মানুষ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ হারায়। অক্টোবরের পর থেকে উত্তর ক্যারিবীয় সাগরে এটি অভিবাসীদের প্রাণহানির তৃতীয় ঘটনা। মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে আধুনিক সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থার কারণে আশ্রয়প্রার্থীরা অনাহারের ঝুঁকি নিয়ে মরুভূমির সবচেয়ে প্রত্যন্ত ও দুর্গম পথ বেছে নিচ্ছে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বছর শত শত অভিবাসী ও শরণার্থী বঙ্গোপসাগরে ডুবে বা অস্ট্রেলিয়া যাওয়ার পথে বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছে।
সীমান্ত নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে সম্পদশালী দেশ বা অঞ্চলগুলো এক উভয় সংকটের মুখে। সংকটটি হলো সীমান্ত নিয়ন্ত্রণ কৌশলে একদিকে নিজের দেশের জনগণের প্রয়োজন বা দাবি; অন্যদিকে সেই দেশগুলোয় প্রবেশ করতে ইচ্ছুক অভিবাসীদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন। এ কথা নতুন নয় যে, জাতীয় সীমান্ত চালু হওয়ার সময় থেকেই—বৈধ বা অবৈধ যে পথেই হোক—মানুষ সীমান্ত পাড়ি দিচ্ছে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের প্রত্যাশা, সহিংসতা বা পরিবেশগত দুর্যোগ থেকে রক্ষা পাওয়া—যে কারণেই তারা আসুক না কেন—উষ্ণতা ও উদ্বেগের মিশ্র অনুভূতির মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলো শরণার্থীদের গ্রহণ করেছে। যেসব দেশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়ে দেয়, তারা পাচারকারীদের শিকার মরিয়া অভিবাসীদের কার্যত আরও বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করে। লাম্পেদুসা দুর্ঘটনার পর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরা হয়েছিল। তারা বলেছিল, ‘সীমান্তে বাড়তি কড়াকড়ি আরোপ দীর্ঘ মেয়াদে যথেষ্ট প্রভাব ফেলেনি কিংবা ইউরোপের দক্ষিণে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে পারেনি। অভিবাসীরা বরং বিকল্প পথের খোঁজ করেছে, যা মূলত ঝুঁকিপূর্ণ। তা সাগরে প্রাণহানির হার বাড়িয়ে দিয়েছে।’
অবশ্য সব অভিবাসীই শরণার্থী নয় বা সবার সুরক্ষার প্রয়োজন নেই। বাস্তবিক পক্ষে, সাগরে নামা একই নৌকার আরোহী অভিবাসীদের মধ্যেও উদ্দেশ্যের ভিন্নতা থাকতে পারে, নীতিনির্ধারকেরা যাকে বলেন ‘মিশ্র অভিবাসন’। কিন্তু জটিল এক দৃশ্যপটের সামনে পড়ে দেশগুলো অনাকাঙ্ক্ষিত বলে মনে করা অভিবাসীদের ব্যাপারে কার্যত ‘চোখের আড়াল, কাজেই মনের আড়াল’ নীতি অনুসরণ করে আসছে। এটা বিশেষ করে সত্যি হয়ে ওঠে যখন দেশের নাগরিকদের মধ্যে অভিবাসনবিরোধী মনোভাব জোরালো হয়ে ওঠে। এটি সাধারণত ঘটে অর্থনৈতিক মন্দার সময়, বিশ্বের অনেক অঞ্চলেই এখন যা চলছে।
সীমান্ত বন্ধ করার একমুখী ভাবনা—বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণের কৌশল হিসেবে যা গ্রহণ করার এক বিশেষ উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে—অভিবাসীদের সাধারণত অবাঞ্ছিত অনুপ্রবেশকারী হিসেবে দেখে থাকে। তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া, ন্যায্য অধিকার রক্ষা করা বা তাদের অবদানের কোনো স্বীকৃতি দেওয়ার আগেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়। এ নীতি স্থানীয় অধিবাসীদের মধ্যেও অভিবাসীদের সাহায্য না করার মনোভাব তৈরি করে। এমন খবর পাওয়া গেছে যে, ভূমধ্যসাগরে অভিবাসীদের বিপন্ন নৌকাগুলোকে সহায়তা করতে আশপাশের ব্যক্তিমালিকানাধীন নৌযানগুলো এগিয়ে যায় না। তাদের ভয়, পাছে ইউরোপের দেশগুলোর সীমান্ত টহল বাহিনীর তিরস্কারের মুখে পড়তে হয়।

আমাদের অবশ্যই এমন ঝুঁকিপূর্ণ অভিযাত্রায় নেমে পড়া মানুষের মরিয়া অবস্থাকে বুঝতে হবে। বন্ধুবান্ধব বা গণমাধ্যমের সূত্রে এই অভিবাসীরা জানে, সামনে কী অপেক্ষা করছে। ঝুঁকিগুলো সম্পর্কে তারা জানে, ভয়াবহ অনেক দুর্ঘটনার কথাও তারা শুনেছে। কিন্তু পছন্দের দেশে পাড়ি জমানোর সুযোগ ক্রমে সীমিত হয়ে আসতে দেখে তারা বিবেকবর্জিত পাচারকারীদের হাতে নিজেদের সমর্পণ করে। অনেক ক্ষেত্রেই প্রচুর অর্থের বিনিময়ে। তাদের গাদাগাদি করে রদ্দিমার্কা নৌযানে তোলা হয়, যেগুলোর তত ওজন বহনের ক্ষমতা নেই। তারা রাতের অন্ধকারে যাত্রা শুরু করে, যখন সীমান্ত পুলিশ বা উদ্ধারকারী বাহিনী কারোরই নজরে পড়ার সম্ভাবনা থাকে না।
একইভাবে গুরুত্বপূর্ণ সরকারগুলোর মধ্যে এই উপলব্ধির উদয় যে, অভিবাসনকে মানব সম্প্রদায়ের মধ্যে গভীর বন্ধন সৃষ্টির এক উপায় হিসেবে দেখতে হবে। অভিবাসনের মাধ্যমে মানুষ দুঃখ, আশা ও সমবেদনা সম্পর্কে নিজেদের উপলব্ধি বিনিময় করতে পারে। আন্তর্জাতিক সংহতির ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জনগুলোর কয়েকটির পেছনে এ উপলব্ধিই প্রণোদনা জুগিয়েছে। ১৯৫১ সালের শরণার্থীবিষয়ক কনভেনশন এর একটি উদাহরণ। এতে কোনো মানুষের ভিনদেশে নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে।
যাত্রাপথে অভিবাসীদের মৃত্যুর ক্রমবর্ধমান হার একটি কঠিন প্রশ্ন সামনে তুলে এনেছে। এই অভিবাসীদের ঠেলে দেওয়া হচ্ছে পাচারকারী ও চোরাচালানি চক্রের দিকে। এতে তারা আরও বেশি করে এমন এক পরিস্থিতিতে পড়ছে, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়র বিষয়টি অস্পষ্ট। উদাহরণ হিসেবে বলা যায়, নৌপথে পাড়ি জমানো অভিবাসীদের জাহাজ বিপদে পড়লে অনুসন্ধান ও উদ্ধারসংক্রান্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পুলিশের নেই। এ বিষয়ে কী করা দরকার, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে। ব্রাসেলসে সাম্প্রতিক আলোচনার ফলে কিছু অগ্রগতি সবে শুরু হয়েছে। ২০১৪ সাল শুরু হচ্ছে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দায়দায়িত্বের একটি সুস্পষ্ট রূপরেখা বিশ্বের প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের প্রতি আমাদের আরও বেশি সমবেদনা জানাতে হবে। তা না হলে মাঝে মাঝেই সমুদ্র উপকূলে লাশের সারি দেখে আমাদের আঁতকে উঠতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: মাহফুজার রহমান