অমিতাভ বচ্চন সম্পর্কে দু-চারটে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন একজনই ছবি: সংগৃহীত
অমিতাভ বচ্চন একজনই ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনকে একবার বলেছিলাম, আপনি বেশ ‘কনজারভেটিভ’। কথাটা শুনে উনি অবাক হয়ে তাকিয়েছিলেন। সেই চাউনিতে বিস্ময় ছিল। প্রশ্নও।
মনে হওয়ার দু-একটা কারণ আমি তাঁকে শুনিয়েছিলাম। শোনা শেষ করে তিনি বলেছিলেন, তোমার চোখে যা কনজারভেটিভ, আমার কাছে তা ট্র্যাডিশনাল। ওঁর উত্তর শুনে মনে মনে বলেছিলাম, যাহা বাহান্ন তাহা তিপ্পান্নর মতোই তাঁর কাছে যাহা কনজারভেটিভ তাহাই ট্র্যাডিশনাল।
ইদানীং আমাদের দেখা ও কথা হয় কালেভদ্রে। তবে প্রায়ই ওঁকে নিয়ে মিডিয়ায় চর্চা হয়। ওঁকে নিয়ে বিস্তর লেখাটেখাও চোখে পড়ে। কখনো-সখনো ওঁর ‘ব্লগ’ পড়ি। ইন্টারভিউ দেখি। সব সময়ই মনে হয় উনি আর পাঁচজনের চেয়ে আলাদা। এবং আলাদা বলেই এখনো এই বয়সে এ ধরনের কদর পেয়ে আসছেন। আট থেকে আশির কাছে।
আর মনে হয়, আমিও নই উনিও নন, আমরা দুজনেই ঠিক। অমিতাভ বচ্চন একাধারে কনজারভেটিভ ও ট্র্যাডিশনাল। এটা যেমন তিনি নিজে, তেমনই তা তিনি তাঁর পরিবারের সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। অবশ্যই জবরদস্তি করে নয়।
মুম্বাইয়ের ফিল্মি দুনিয়া অনেকটা পশ্চিমি দুনিয়ার মতো। ইউরোপ-আমেরিকায় ছেলেমেয়েরা সাবালক হয়ে গেলেই আলাদা আলাদা হয়ে যায়। মা-বাবার সংসার থেকে আলাদা। সপ্তাহান্তে একদিন একবেলার জন্য গেট টুগেদার হলে সেটাই হয় ঠাসবুনোট পরিবারের সংজ্ঞা। মুম্বাইয়ের ফিল্মি জগৎও অনেকটা ও রকম। একটা কি দুটো ছবি হিট হয়েছে তো নায়ক-নায়িকা মা-বাপকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে। তৈরি করে নেয় আলাদা জগৎ। অমিতাভকে কিন্তু সেই রাস্তায় হাঁটতে দেখা যায়নি। নামে, যশে, অর্থে, ক্ষমতায়, প্রতিপত্তিতে তাঁর মাথা আকাশ ছাড়িয়ে আরও উঁচুতে উঠলেও মা-বাবার সান্নিধ্য ছেড়ে তিনি আলাদা থাকতে যাননি। বাবা হরিবংশ রাই বচ্চন যত দিন বেঁচে ছিলেন, ছেলের সঙ্গেই ছিলেন। মা তেজী বচ্চনও তাই। ছেলে-বউ-নাতি-নাতনিদের সঙ্গছাড়া তাঁদের হতে দেননি। স্ত্রী, পুত্র, পুত্রবধু ও নাতনিকে নিয়ে অমিতাভও এখন তৃপ্ত। ‘প্রতীক্ষা’ ও ‘জলসা’ দুটি ভিন্ন বাড়ি হতে পারে, কিন্তু সংসার একটাই। আর সেই সংসারের শেষ কথা এখনো তিয়াত্তরের এই নবীন কর্মঠ মানুষটি।

ইংরেজিতে যাকে বলে ‘আপব্রিঙ্গিং’ বচ্চন পরিবারে সেটা এখনো দুর্দান্ত। হরিবংশ রাই বচ্চন ছেলেদের যে শিক্ষা দিয়েছেন, ছেলেরা তা শুধু মেনেই চলেননি, পরের প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দিতে পেরেছেন। নইলে এই সেদিন অভিষেক বচ্চন এক সাক্ষাত্কারে বলতেন না, ‘ঘরের বিষয় আমরা ঘরেই রাখি, বাইরে টেনে আনি না।’ ঠিক যেন বাবার কথা ছেলের মুখে বসানো। রেখাকে নিয়ে অমিতাভের সংসারে যখন ঘোর অশান্তি চলছিল, তখনো পারিবারিক সেই টানাপোড়েনকে তাঁরা বাইরে আসতে দেননি। অথচ কোন পরিবার ভাঙছে, কোনটা গড়ছে, মুম্বাইয়ের মানুষ তা প্রথম জানতে পারে গসিপ ম্যাগাজিন মারফত। বচ্চন পরিবারের মতো ব্যতিক্রমী যত্সামান্যই।
ট্র্যাডিশন বা ঐতিহ্য আসলে এটাই। অমিতাভ মনে করেন পরিবারের কনসেপ্টটা এককথায় দুর্দান্ত। সবাই একসঙ্গে থাকলে আনন্দ অনেকগুণ বেড়ে যায়। আবার দুঃখকষ্টও ভাগাভাগি হয়ে যায়। তাঁর কাছে বাবা ও মা হলেন সাক্ষাৎ ধ্রুবতারা। ভালে-মন্দ, সত্য-মিথ্যা, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায়ের হদিস তাঁরাই দিতে পারেন। কারণ বয়স একটা সংখ্যা নয়। বয়স আসলে অভিজ্ঞতা। বই পড়লে অনেক কিছু হয়তো জানা যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। তার জন্য প্রয়োজন জীবনকে দেখা, বোঝা, জানা ও অভিজ্ঞ হওয়া। প্রবীণদের কাছে থাকলে সেটা অর্জন করা যায়। তাঁরা পরবর্তী প্রজন্মকে ঋদ্ধ করেন।
কয়েকটা বিষয় নিয়ে আমার বিস্ময় আজও কাটল না। অমিতাভও কোনো দিন এই বিস্ময়গুলো ঘোচানোর চেষ্টা করেননি। কেন হঠাৎ তিনি নিরামিষাশী হয়ে গেলেন, সিগারেট ও মদ্যপান ছেড়ে দিলেন, কোনো দিনই কারও কাছে তা ব্যাখ্যা করেননি। অনেকবার জানতে চেয়েছি। উনি ঠোঁট উল্টে বলেছেন, এমনিই। বিস্মিত হই যখন শুনি, কোনো কোনো রাতে দু-আড়াই ঘণ্টা ঘুমিয়েও তিনি পরের দিন ১০ ঘণ্টা শুট করেন। যেদিন থেকে ব্লগ লেখা শুরু করেছেন, একটা দিনের জন্যও কামাই করেননি। ব্লগ পোস্ট করার সময়টাও তিনি প্রতিদিন এক কোনায় লিখে দেন। রাত একটা-দেড়টা তো হরবখত, কত দিন হয়েছে ভোর চারটেয় ব্লগ লিখে ছয়টায় শুটে বেরিয়ে গেছেন। যেদিন লিখতে পারছেন না, সেদিনটাও তিনি বাদ­­ দেন না। লিখতে ভোলেন না, ‘আজ বড় ব্যস্ততায় গেল। ক্লান্তিতেও। আমার প্রিয় ই এফ, আজ ক্ষমা করবেন। কাল নিশ্চয় বেশি কথা বলতে পারব।’
এই ‘ই এফ’ আজ অমিতাভের সবচেয়ে কাছের জন। ই এফ মানে এক্সটেন্ডেড ফ্যামিলি। লাখ লাখ ফলোয়ারের মধ্যে কত সহস্র তাঁর ই এফ সদস্য ভাবতে গেলে সেটাও বিস্ময় জাগায়। নিজের ভাবনা-চিন্তা এঁদের সঙ্গে তিনি নিয়মিত শেয়ার করেন। ভাষার ওপর তাঁর দখল এতটাই যে বহু মানুষ জানতে চান ব্লগের লেখা তিনি নিজে লেখেন নাকি তাঁর হয়ে লিখে দেওয়ার জন্য মাস-মাইনে করা লেখক আছে!
বহু বছর আগে বোফোর্স কেলেঙ্কারির সময় মিডিয়ার বিচারে যখন তিনি ‘চোর’ সেজে গিয়েছিলেন, সে সময় একদিন আক্ষেপ করে আমায় বলেছিলেন, ‘পরের জন্মে আমি সাংবাদিক হতে চাই। কেননা সাংবাদিকেরা যা খুশি তাই লিখতে পারে। রাজা-উজির মারতে পারে। কোথাও কোনো দায়বদ্ধতা তাদের নেই।’ ব্লগের ভাষার মুনশিয়ানায় বিস্মিত হয়ে একবার বলেছিলাম, সাংবাদিক তো হতেই পারতেন, সাহিত্যিক হলেও আপনি সমান খ্যাতি পেতেন। প্রশংসাটুকু তিনি গায়ে মাখেননি। কিন্তু যখন বলি, আপনি পেশাগত সাংবাদিক না হয়েও যথার্থ সাংবাদিক, তখন ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আমি হাসতে হাসতে বলেছিলাম, ঐশ্বরিয়ার মা হওয়ার খবরটা আপনারই ‘ব্রেকিং নিউজ’ ছিল। কাকপক্ষীকেও পর্যন্ত আগাম জানতে দেননি।
মানুষ হিসেবে তিনি কেমন, কতটা ভালো, কতখানি মন্দ—এই প্রশ্ন এখনো বহু মানুষের মনে পানাপুকুরের মতো বিজগুড়ি কাটে। কেউ কেউ মনে করেন লোকটা খুব ধুরন্ধর। আবেগের বশে চলেন না। প্রতিটা পা ফেলেন হিসাব কষে। এটা যদি হয়েও থাকে, তাহলে সেটা খারাপ হবে কেন সেই প্রশ্ন অবশ্যই উঠবে। মুম্বাইয়ের মতো পেছল শিল্প-শহরে একবার পা হড়কালেই তো অক্কা। সেখানে ক্ষুরধার কম্পিটিশনের বাজারে হিসেবি হওয়াটা খারাপ হবে কেন? অনেকের ধারণা, তাঁর নাকি দান-ধ্যান কম। একবার সরাসরি এ নিয়ে জানতে চেয়েছিলাম। অমিতাভ গম্ভীরভাবে জবাব দিয়েছিলেন, দান করে ঢাক পিটিয়ে মহত্ত্ব প্রচারে আমি অপারগ। চ্যারিটি নীরবেও করা যায়। টাকা ও যশ পেয়েও নানা প্রলোভনে চক্করে পড়ে কত মানুষ যে বিনোদনের এই মক্কায় স্রেফ ভেসে গেছেন, তা কর গুনে শেষ করা যাবে না। সে জায়গায় অমিতাভ এখনো অনির্বাণ। কী করে? উত্তরটা রয়েছে ওই ছোট্ট ইংরেজি শব্দটায়, ‘আপব্রিঙ্গিং’।
তাঁকে নিয়ে প্রশ্ন ও বিস্ময় এখনো অপার। প্রশ্ন আমার মনেও যে নেই তা নয়। জীবনের এত ঘাত-প্রতিঘাত যিনি সয়েছেন, জীবনকে এত দিন ধরে যিনি দেখছেন, মনের এত কথা যিনি প্রতিদিন লিখে ফেলেন, কেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্নে কোনো মতামত দেন না? এমন নয় যে তিনি টুইট করেন না। এমন নয় যে তিনি ফেসবুকে নেই। এমনও নয় যে তিনি ব্লগ লেখেন কালেভদ্রে। তাহলে কেন জানা যায় না ললিত মোদি বা বিজয় মালিয়াদের লুট নিয়ে তাঁর অভিমত? সালমান খান বা সাইফ আলী খানদের মামলার ফয়সালা কেন বছরের পর বছর কেটে গেলেও হয় না কিংবা সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজশ সত্ত্বেও কেন সঞ্জয় দত্তর গুরু পাপে লঘুদণ্ড হয় অথচ ওই এক মামলায় গাদা গাদা অনামী গরিব মানুষ এখনো জেলেই পচছে, অনেকে সেই প্রশ্ন তুললেও তিনি মৌন থাকেন। এই যে রঘুরাম রাজনের মতো আপাদমস্তক ভদ্র ও বিশ্ববন্দিত অর্থনীতিবিদকে অপমানিত হয়ে সরে যেতে হচ্ছে, সে বিষয়েও অমিতাভের কোনো মতামত নেই। জাভেদ আখতার বহুদিন আগে আমাকে বলেছিলেন, অমিতাভও আর পাঁচজনের মতো রাগেন, কষ্ট পান, অপমানিত হন, আনন্দিত হন। কিন্তু আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় না। কতটা এগোনো উচিত বা কোথায় থামা দরকার, অমিতাভের কাছ থেকে তা শেখার।
ইংরেজিতে একেই হয়তো বলে ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকা। রাজনীতি থেকে সরে গিয়েও নিজের ‘কারেক্ট পজিশন’ তিনি ধরে রেখেছেন। বাঙালি হলে হয়তো রবীন্দ্রনাথের আশ্রয় নিয়ে জবাব দিতেন, এই বিশ্ব সংসারের ভালো-মন্দের ভার আমার ওপরে কেউ ছাড়েনি।
চুপি চুপি বলি, এত পেয়েও কিন্তু এই তিয়াত্তরে তরতরিয়ে চলা মানুষটি ভয়ানক ভীতু। ভয় কাজ না পাওয়ার, প্রচারের আলো থেকে বেরিয়ে যাওয়ার, অন্তরালে চলে যাওয়ার। সিনেমা না করে, ডায়ালগ না বলে, এলেবেলে হয়ে বেঁচে থাকতে তাঁর ঘোর অনীহা। নিজেকে নিরন্তর ভেঙেচুরে প্রাসঙ্গিক থাকার তাই এত প্রাণপণ প্রচেষ্টা। নইলে এই বয়সে কে একটু আয়েশে-আলসেমিতে গা ভাসাতে চায় না? অথচ তিনি অমিতাভ বচ্চন। প্রতিদিন ঘুম ভেঙে তিনি ভাবেন, এই নতুন দিনটাকে নতুনভাবে কী করে ব্যবহার করা যায়। নিজের কাছে নিত্যদিন নিজেই খাড়া করেন নতুন নতুন চ্যালেঞ্জ।
অমিতাভ বচ্চনকে কেউ যদি প্রশ্ন করেন, এই জীবন সায়াহ্নে কোনটা তাঁর প্রিয় ইচ্ছে, আমি বাজি ধরে বলতে পারি, উনি বলবেন, ‘এইভাবে কাজ করতে করতে যেন চলে যেতে পারি।’