আকাশটা এখন বড়
টি–টোয়েন্টি ক্রিকেট এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচটি জিতেছি। জিতেছি দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটিও। টি–টোয়েন্টি বিশ্বকাপ যাত্রাতেই তো আমরা গণেশ উল্টে দিয়েছি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। আর সেই আমরাই কিনা পরের দিনগুলোতে ছোট হতে হতে বনসাই হয়ে গেছি। টি–টোয়েন্টি ক্রিকেটটা আমাদের চেনা ছক থেকে সরে যেতে যেতে চলে গেছে দূর পৃথিবীর কোনো কোণে।
তাই টি–টোয়েন্টি ম্যাচে নামার আগে আমাদের অধিনায়কের কণ্ঠে থাকত না দৃঢ় প্রত্যয়। খেলোয়াড়দের শরীরী ভাষায় জড়িয়ে থাকত দ্বিধার আস্তরণ। আমরা আধখানা মুখ বাইরে রাখতাম, আধখানা মুখ থাকত গোপন ঘরে। এই তো সেদিনও, যে জিম্বাবুয়ে র্যা ঙ্কিংয়ে আমাদের চেয়ে তিন ধাপ পিছিয়ে, তাদের মুখোমুখি হয়েও সিরিজ জয়ের প্রতিশ্রুতি দিতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ে যখন ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করে ফেলল, বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আমরা তো টি–টোয়েন্টিতে এমনই!’
কথাগুলো আসলে হার মানা হারের সরল স্বীকৃতি, কিংবা আত্মসমর্পণ। এতে মনের মধ্যে ঢুকে যায় সর্বনাশা হীনম্মন্যতাবোধ। প্রতিটি দিন আর প্রতিটি রাতে আমাদের আশার আকাশটা ছোট হয়ে আসে। অথচ টি–টোয়েন্টি ক্রিকেটে আমাদের সূচনাই যে হয়েছিল আশার দিগন্ত বাড়িয়ে, সেটি আপনি জেনেছেন শুরুতেই। বাংলাদেশ যখন টেস্টের কঠিন জগতে পা রাখে, নাঈমুর–হাবিবুলদের ব্যাটিং দেখে অনেকে মুখ টিপে হেসেছে—আরে, এরা তো দেখি টেস্টে নেমে ওয়ানডের ব্যাটিং করে! এই সূত্র অনুযায়ী ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণটাই বাংলাদেশের জন্য সবচেয়ে আপন হয়ে থাকার কথা ছিল। তা হয়নি, হতে পারেনি। কেন?
সে নিয়ে অনেক ব্যাখ্যাই দেওয়া যেতে পারে। প্রথমত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের প্রয়োগ করতে না পারা। এরপর আসে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার পাশে নেতৃত্বের ব্যাপারটিও। ছোট এই ক্রিকেটের মধ্যে কত যে ছোট ছোট বাঁক থাকে, সেটি আমরা ঠাহর করতে পারিনি। এই ছোট ছোট বাঁকেই সম্ভাবনার দুয়ার খোলার রাস্তা আমরা হারিয়ে ফেলেছি।
মনে পড়ে, প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গের সেই রাতটিকে। জয়াসুরিয়া–সাঙ্গাকারা–মাহেলা–মুরালিধরনের প্রমত্ত শ্রীলঙ্কাকে আমরা মাত্র ১৪৭ রানে বেঁধে রেখেও হেরেছি ৬৪ রানে। বাংলাদেশ মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যাওয়ায় ওয়ান্ডারার্সের প্রেস বক্সে মনোবেদনায় পুড়তে দেখেছি আন্তর্জাতিক ক্রিকেট সাংবাদিক সমাজকে। ওই ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে তৈরি হতো সেমিফাইনালে ওঠার সুযোগ। আর সেটি হলে ইতিহাসই যায় বদলে! তবে ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামগ্রিকভাবে বাংলাদেশকে অনাহূত বলতে পারেনি। টি–টোয়েন্টির জন্মই হয়েছিল এক আনন্দময় সংসারে। কিন্তু ২২ গজে নেমে সে দেখল কঠিন গদ্যময় জগৎ। এখানে ক্রিকেটটা নেয় স্কিলের সর্বোচ্চ পরীক্ষা। তাতে আশরাফুল–আফতাব–সাকিবরা একেবারেই এলেবেলে ছাত্র নন। ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক গায়ে না মাখলে কে বলতে পারত, আশরাফুল হতেন না টি–টোয়েন্টির সর্বজনীন এক ব্যাটিং মূর্তি?
টি–টোয়েন্টিতে আমাদের পেছন দিকে হাঁটা, অবনমন কিংবা গোলকধাঁধায় ঢুকে পড়া এরপরই। ২০০৯, ২০১০ ও ২০১২—পরের তিন টি–টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ফিরিয়েছে শূন্য হাতে। জয় যেন তখন থেকেই কোনো সুদূরতমা, আর টি–টোয়েন্টি এক বিষম পাথরভার। আমরা নিজেরাই বুকে তুলে নিয়েছি এই পাথর, যা নামাতে না পেরে নিজেদের ক্রমাগত অভিশাপ দিয়ে গেছি। বলেছি, তুই নেমে যা নেমে যা, আবার প্রথম থেকে দাঁড়াতে চাই, যেভাবে দাঁড়ায় মানুষেরা।
অবশেষে আবার আমরা দাঁড়াতে শিখলাম। শেখাল দুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ। এশীয় শ্রেষ্ঠত্বের এই মঞ্চে আরব–আমিরাত কোনো বাধাই ছিল না। শ্রীলঙ্কাকে হারিয়ে মধ্যরাতে নতুন সূর্যোদয়ই ঘটিয়েছেন মাশরাফিরা। আর মিরপুর শেরেবাংলায় যে রাতে পাকিস্তান–বধে মুকুট জয়ের দ্বৈরথ সাজানো গেল ভারতের সঙ্গে, সেটি ছিল এক অনন্ত মধ্যরাত। শেষ লড়াই মুকুটটা বাংলাদেশের হাতে তুলে নিতে দেয়নি বটে, তবে পরাজয়ের মধ্যেও একটি ঘোষণা সে দিয়েছে। আত্মবিশ্বাস ফিরে পাওয়া আর নিজেদের সামর্থ্যের সীমাটাকে নতুন করে জানাটাই সেই জয়।
এই জয়ের আলোয় মাশরাফিদের উপলব্ধি কী হতে পারে, সেটিও আমরা অনুমান করে নিতে পারি। রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। সুতরাং টি–টোয়েন্টিতে ক্রমাগত হারের একটা কালো ফিতেয় জড়িয়ে গিয়েছিলাম বলেই সবকিছু শেষ হয়ে যায়নি। ক্রিকেটের সর্বজয়ী অস্ট্রেলিয়াই এখনো টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি। আক্রমণাত্মক ক্রিকেটের সংজ্ঞাটাই যারা বদলে দিয়েছে, সেই দক্ষিণ আফ্রিকার কাছেও এই শিরোপাটা অধরা। আর আমাদের আকাঙ্ক্ষার চৌহদ্দি তো এখনো অত বড় নয়। আমাদের আপাত লক্ষ্য টি–টোয়েন্টির বিশ্বমঞ্চে আগন্তুক তকমাটাকে ঝেড়ে ফেলা।
মাশরাফির নেতৃত্বে এই টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ধর্মশালায়, তারপর কলকাতা ও বেঙ্গালুরুতে বাংলাদেশ নিশ্চয়ই সেই চেষ্টাটা করবে। আমাদের আকাশটাকে যে হঠাৎই বাড়িয়ে দিয়েছে মিরপুর!