আঙুলের সাহসী ছোঁয়ায় দেশকে বদলে দিতে পারব

অসির চেয়ে মসি বড়—এই প্রবাদটিকে যদি বর্তমান বিশ্বে একটি নতুন রূপ দেওয়া যেত, তবে মনে হয় তা হতো মসির চেয়ে আঙুল বেশি শক্তিশালী। কালি ও কলমে লিখে যা অতীতে সাধারণ জনগণের মধ্যে ছড়াতে বেশ কয়েক দিন লেগে যেত, তথ্যপ্রযুক্তির কল্যাণে তা এখন কয়েক মিনিটেই করা সম্ভব, ঠিক এমনই শক্তিশালী ও সম্ভাবনাময় হয়ে উঠেছে আমাদের নিজ হাতের আঙুলগুলো তথ্যপ্রযুক্তির কারণে। বর্তমান বিশ্বে এখন ঘটছে প্রযুক্তি বিপ্লব। ঠিক শিল্প বিপ্লবের মতোই যে দেশগুলো এই বিপ্লবের সদ্ব্যবহার করতে পারবে, তারাই ভবিষ্যতের বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি এ ক্ষেত্রে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে।
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৬ প্রতিযোগিতায় অংশ নেওয়ার দুর্লভ সৌভাগ্য হয়েছিল আমার। প্রথম আলো এবং গ্রামীণফোনের এই মহৎ উদ্যোগের কারণে অনেক মেধাবীর সঙ্গে আমার দেখা করা, যোগাযোগ করা সম্ভব হয়েছিল; সুযোগ হয়েছিল অনেক কিছু শেখার। এবং বলতেই হবে সবাই ছিল একেবারে আলাদা, সবাই ছিল নিজ ভুবনের রাজা, প্রযুক্তিতে পারদর্শী। সবারই আগ্রহের বিষয় আলাদা এবং এই বৈচিত্র্যময় ভালো লাগাই তাদের তুলে ধরেছিল অন্যদের মাঝে। সবারই আগ্রহের বিষয় আলাদা, কেউ পছন্দ করে গান গাওয়া, আবার কেউ মস্ত বড় আঁকিয়ে, তো কেউ আবার হাসিঠাট্টায় ওস্তাদ। কিন্তু সবার যেই দিকটিতে এক আশ্চর্য মিল ছিল, তা হলো নিজ নিজ আগ্রহকে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে সেটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া। যে গান গাইতে পছন্দ করে, সে হয়তো-বা ঠিক সুর মেলাতে পারছে না, চট করে ইন্টারনেটে দেখে নিল সঠিক উপায়টি। আবার যে ছবি আঁকে, সে হয়তো-বা অ্যাডোব ইলাস্ট্রেটরে হাতের তুলনায় কয়েক শ গুণ নিখুঁত ছবি এঁকে তার সৃজনশীলতার ডানা মেলে দিতে পারছে। ঠিক এখানেই তথ্যপ্রযুক্তির সার্থকতা, এটি কোনো আলাদা ক্ষেত্র নয়, এটি এখন জীবনের প্রতিটি ক্ষেত্রেরই একটি অবিচ্ছেদ্য অংশ।
গ্রামীণফোন এবং প্রথম আলো তাঁদের আই-জেন কার্যক্রমের মাধ্যমে এটিই প্রমাণ করতে চেয়েছিল এবং আরও দেখতে চেয়েছিল সারা দেশে অজস্র কিশোর-কিশোরী, তরুণ-তরুণী কতটুকু নিজেদের মানিয়ে নিতে পেরেছে তথ্যপ্রযুক্তির এই বিশাল পরিবর্তনের সঙ্গে। অনেকে প্রথমে আই-জেনের টিভি পর্বের প্রতিযোগিতা দেখে সন্দেহ করে বলেছিল ইন্টারনেটের প্রতিযোগিতায় এসব কী রকম কর্মকাণ্ড। কিন্তু আয়োজকেরা যেন এটিই চাইছিল, তারা প্রমাণ করতে চেয়েছিল কীভাবে ইন্টারনেট একটি জীবন পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে, যে জীবনে কখনো রান্না করেনি সে কীভাবে পাকা রাঁধুনি হতে পারে, যে জীবনে কোনো শহরে পা রাখেনি সে কীভাবে সেই শহরের ছোট ছোট অলিগলিও সেখানকার বাসিন্দাদের চেয়ে ভালোভাবে চিনতে পারে, কীভাবে ইন্টারনেট একজনকে সম্পূর্ণরূপে স্বাবলম্বী করে তাকে একজন জিনিয়াস বানাতে পারে।
এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে ঠিক কতটুকু সফল হয়েছে তা আমি বলতে পারব না, তবে তাঁরা যে দু-একটি হীরার টুকরো খোঁজার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছিল, আমি জানি তাঁরা হীরার টুকরোর বদলে খুঁজে পেয়েছে একটি মস্ত বড় হীরার খনি। এই হীরার খনি সমগ্র বাংলাদেশ, হীরাগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে পুরো দেশের প্রতিটি কোণে কোণে, সবখানে। এটি আরও ভালো বলতে পারবে প্রতিযোগিতার প্রত্যক্ষদর্শীরা, যারা জানে প্রতিযোগিতার প্রতিটি ধাপ, প্রতিটি পরীক্ষা ছিল কত প্রতিযোগিতাপূর্ণ এবং দলের অন্য সদস্যদের ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না একা একা এসব ধাপ পেরোনো। এই প্রতিযোগিতা আমাদের শিক্ষা দেয় মানুষ একা কখনই যথেষ্ট নয়, কিন্তু দলগতভাবে তাঁরা কি না করতে পারে। প্রতিটি ধাপই ছিল এক একটি ফাইনালের সমান, সবাই যেন সমান যোগ্যতার অধিকারী ছিল। স্রেফ কিছু ভুল আর সামান্য ভাগ্যের জন্যই পিছিয়ে পড়েছে তারা। আঞ্চলিক পর্যায়ের ৪০টি দল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের ১০টি দল, কাউকেই আমার কোনো অংশে কম মনে হয়নি। তাই চাইলে সহজেই বের করে আনা যায় সবচেয়ে বড় এবং চকচকে হীরাগুলো, ঘষে-মেজে তাদের তুলে ধরা সম্ভব পুরো পৃথিবীর সামনে, যাদের ঔজ্জ্বল্যে চমকে যাবে পুরো বিশ্ব, আলোর রশ্মি ছড়িয়ে পড়বে প্রতিটি কোনায়।
>ইন্টারনেট এবং প্রযুক্তি বাইরে থেকে দেখে ঠিক যতই কঠিন ও খটমটে লাগুক না কেন, ভেতরে ঠিক ততটাই সহজ, সাবলীল ও আনন্দদায়ক
এ ক্ষেত্রে ইন্টারনেট এবং প্রযুক্তি ব্যবহার দেখে বাইরে থেকে দেখে ঠিক যতই কঠিন ও খটমটে লাগুক না কেন, ভেতরে ঠিক ততটাই সহজ, সাবলীল ও আনন্দদায়ক। এখানে যদি সম্ভাবনার কথা বলতে হয়, তবে নিজ কানে শোনা একটি উদাহরণ টানা যায়। বিজয় সফটওয়্যারের প্রতিষ্ঠাতা এবং বেসিসের মহাপরিচালক মোস্তফা জব্বার স্যার কিছু ট্যাবলেট কম্পিউটার নিয়ে একটি গ্রামের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেন, যেখানে সব পাঠ্যবই আগে থেকেই ভরা ছিল। ঠিক এক মাস পরে গিয়েই তিনি দেখেন যে ছোট ছোট শিশু অতীতে কখনো ট্যাবই দেখেনি, তারা এক শিক্ষাবর্ষের সব পাঠ্যবই শেষ তো করেই ফেলেছে, তার ওপর ট্যাবলেটের সেটিংস আর পাসওয়ার্ডও পাল্টে ফেলেছে। এই ছোট একটি উদাহরণ দিয়েই আমরা কল্পনা করতে পারি কত বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের দেশের পরবর্তী প্রজন্মের। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের মহৎ প্রয়াস আমাদের দেশের যথেষ্ট পরিমাণে নেওয়া হচ্ছে না, যদিও সাম্প্রতিককালে এ ধরনের প্রতিযোগিতা ও অলিম্পিয়াড বেশ বেড়েছে।
অনেকেই মনে করে প্রোগ্রামিং একটি বড়দের বিষয় এবং অনেক কঠিন। কিন্তু আসলে ব্যাপারটি তা নয়। বাচ্চাদের মস্তিষ্ক বড়দের তুলনায় অনেক বেশি তথ্য সংরক্ষণ করতে সক্ষম এবং অনেক বেশি কার্যক্ষমতাসম্পন্ন। কিন্তু তাঁরা সেটি তখনো ব্যবহার করা শিখে না, তাই তাঁদের যেভাবে বড় করে তোলা হয়, তাঁরা ঠিক সেভাবেই বড় হয়। তাই ছোটবেলা থেকে প্রোগ্রামিংয়ের অ, আ, ক, খ সম্পর্কে ধারণা দিতে থাকলে তারা আরও ভালো অ্যালগরিদম বুঝতে পারবে এবং মুখস্থনির্ভর না হয়ে তাঁদের মস্তিষ্ক আরও বিশ্লেষণাত্মক হয়ে হয়ে বেড়ে উঠতে থাকবে, যা শুধু তাদের প্রযুক্তিই নয়, গণিতেও সমানভাবে পারদর্শী করে তুলতে পারবে। তাই অনেকেই যখন বলে তারা অঙ্কে দুর্বল, বা যাদের এটি বলে ছোট করা হয়, এটি তাদের দোষ নয়, ছোটবেলা থেকেই তাদের মনের অজান্তে তারা অন্য রকম ভাবে চিন্তাভাবনা করে অভ্যস্ত হয়ে পড়েছে। আমি মনে করি, আমাদের দেশকে আরও প্রযুক্তিবান্ধব এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে প্রাথমিক স্তরেই তথ্যপ্রযুক্তি বিজ্ঞান প্রবর্তন করা অত্যন্ত জরুরি।
ফুলের কলি থাকা অবস্থায় গাছের ভালোমতো যত্ন নিলে ফুলটি অত্যন্ত সুন্দর হয়ে ফোটে। একইভাবে শিশুদের সঠিকমতো পরিচর্যা করলে তারাই ভবিষ্যতের আঙুল যোদ্ধা হয়ে উঠবে। সব খারাপ ক্ষতিকারক অভ্যাস এবং ছুরি-বন্দুকের মতো অস্ত্র ছেড়ে দিয়ে তারা কি-বোর্ড নামক অস্ত্রে আরও আগ্রহী হয়ে উঠবে এবং সেই আঙুলের সাহসী ছোঁয়ায় তাঁরা পুরো পৃথিবীকে বদলে দিতে পারবে বলে আমার দৃঢ়বিশ্বাস।
সাদমান আমিন
প্রথম আলো আই–জেন বিজয়ী