আছে যন্ত্র, আছে যন্ত্রণা
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদনের সঙ্গে প্রযুক্তির যুগলবন্দী। এলইডি স্টাম্প, স্পাইডারক্যাম...যন্ত্রের ব্যবহার বাড়ছে। আকর্ষণীয় হচ্ছে বটে, কিন্তু যন্ত্র কি যন্ত্রণাও বাড়াচ্ছে না? লিখেছেন মোসতাকিম হোসেন

গত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচটা সবে শেষ হয়েছে। জয় শেষে স্যুভনির হিসেবে স্টাম্প নিয়ে যাওয়া মহেন্দ্র সিং ধোনির একরকম অভ্যাসই। তার ওপর পাকিস্তানের বিপক্ষে জয়। একটা স্মারক রেখে না দিলে কি হয়!
অ্যাডিলেডের ওই ম্যাচেও জয়ের পর ধোনির সম্ভবত সে রকম ইচ্ছা ছিল। মাত্র বেলটা তুলেছেন কি তোলেননি, আম্পায়ার ইয়ান গোল্ড মৃদু হেসে নিরস্ত করলেন। সাধারণ স্টাম্প হলে একটা কথা ছিল, ওগুলো যে অত্যাধুনিক প্রযুক্তির এলইডি স্টাম্প, যার একটা সেটের খরচই প্রায় ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ টাকা! আর একজোড়া বেলের দাম ৫৮ হাজার। সবাই এমন স্মারক রেখে দিতে চাইলে তো আইসিসির বাজেট–ঘাটতি দেখা দেবে!
ক্রিকেটে প্রযুক্তি এখন এমনভাবেই জড়িয়ে গেছে, সাদামাটা উদ্যাপনেও এখন প্রযুক্তি লাগাম পরিয়ে রাখতে চাইছে। আউটের জন্য আপিল করবেন? আম্পায়ার ‘না’ বলতে যে দুই দিকে মাথা নাড়বে সেই উপায়ও নেই। আম্পায়ারের মাথার টুপিতে বসানো আছে ক্যামেরা। মাথা নাড়লে যে ক্যামেরার সেই চোখও দুলবে!
আম্পায়ার যদি মাথা স্থির রেখেও ‘না’ বলে দেয়, সেখানেও আছে প্রযুক্তি। ডিআরএসে হটস্পট, হক–আউট, স্নিকোর মতো প্রযুক্তির ব্যবহার। ক্রিকেটের মানবীয় দিকটা যেন হারিয়ে যাচ্ছে যন্ত্রের দাপটে। এবার মঞ্চটা যখন টি-টোয়েন্টির, প্রযুক্তির ছড়াছড়ি তো থাকবেই।
এলইডি স্টাম্পের কথাই ধরুন। বল লেগে বেল পড়েছে কি না, সেটার জন্য এত দিন তৃতীয় আম্পায়ারকে কম হ্যাপা পোহাতে হয়নি। এলইডি আসার পর কাজটা অনেকটাই জলবৎ তলরং হয়ে গেছে। বেল ওঠানো হয়েছে কি না, সেটা সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময়েই এখন বোঝা যায়। ‘ড্রামা’ আর থাকল কই!

এমন ‘বুদ্ধিমান’ বেল প্রথম পরখ করে দেখা হয়েছে টি-টোয়েন্টিতেই। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথম এমন স্টাম্প দেখা গিয়েছিল। এখন তো এটা ক্রিকেটের অনুষঙ্গই হয়ে গেছে।
স্পাইডারক্যামও নিশ্চয় অনেকেই দেখেছেন। মাকড়সা যেমন আট পায়ে হেঁটে অনায়াসেই সব জায়গায় চরে বেড়াতে পারে, স্পাইডারক্যামও তেমন মাঠের সব জায়গায় রাখতে পারে দৃষ্টি। শূন্যে ভেসে সব কোণ থেকেই তাই খেলাটা দেখানো সম্ভব হয়।
এই স্পাইডারক্যামও কিন্তু সবার আগে টি-টোয়েন্টিতে পরখ করে দেখা হয়েছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালেই প্রথম দেখা যায় এই ক্যামেরা।
টি-টোয়েন্টির সঙ্গে প্রযুক্তির সখ্যটা একটু বেশি হবে, সেটাই যেন স্বাভাবিক। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিনোদনই যখন শেষ কথা, পুরো ‘প্যাকেজ’টা আরও জমজমাট করতে তো প্রযুক্তির কাছে ধরনা দিতে হবেই। এ জন্যই তো দুই দলের অধিনায়ক কানে খুদে ইয়ারফোন, কলারে ক্ষুদ্রকায় মাইক্রোফোন নিয়ে মাঠে নামেন, খেলার ফাঁকে ধারাভাষ্যকারের সঙ্গে চলতে থাকে কথাবার্তা। শুধু অধিনায়ক? মাঠের যেকোনো খেলোয়াড়ের কাছেই এখন জানতে চাওয়া হয়, কী তাঁর ভাবনা।
কিন্তু খেলাটা আকর্ষণীয় করার বদলে অনেক সময়েই প্রযুক্তিটা হয়ে দাঁড়াচ্ছে বিষফোঁড়ার মতো। এই তো মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা। কানে মাইক্রোফোন নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু চ্যানেল নাইনের ধারাভাষ্যকারদের উপরোধে বারবারই কথা বলতে হচ্ছিল।
স্মিথও ঠিক আগ্রহ নিয়ে কথা বলছিলেন না, সেটা টিভি পর্দাতেই বোঝা যাচ্ছিল। ভালো খেলতে খেলতেই স্মিথ হঠাৎ আউট, অস্ট্রেলিয়া ম্যাচটাও শেষ পর্যন্ত হেরে যায়। টুইটারে রীতিমতো ক্ষোভ, মাইক্রোফোনে কথা বলতে গিয়ে মনোযোগ বিচ্যুতির জন্যই স্মিথ আউট হয়ে গেছেন। আসলে কী হয়েছে, সেটা অস্ট্রেলিয়ান অধিনায়কই ভালো বলতে পারবেন। কিন্তু এ রকম অভিযোগ বোধ হয় পুরোপুরি উড়িয়ে দেওয়াও যায় না। ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা নিবিষ্ট মনোযোগ রাখবেন, নাকি বকবক করবেন?
টেস্ট ক্রিকেটে যেমন স্নিকো, হক–আই বা হটস্পটের মতো প্রযুক্তি খুব ভালোমতো চলে এসেছে, ডিআরএসও রাখছে বড় ভূমিকা। টি-টোয়েন্টিতে অবশ্য ডিআরএস এখনো সেভাবে মৌরসি পাট্টা গেড়ে বসতে পারেনি। তবে হাওয়া যেদিকে বইছে, বিনোদনের সঙ্গে উপজাত হিসেবে প্রযুক্তির আরও নিত্যনতুন বটিকা চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।