আট-দশজন মায়ের মতো নয় আমার জীবন

আমি একজন মা। তবে আমার মাতৃত্ব জীবন আর দশজন মায়ের মতো নয়। আমি একজন বিশেষ শিশুর (পশলা) মা। যে শিশুকে দিতে হয় মায়ের বিশেষ যত্ন, বিশেষ সময়, বিশেষ শিক্ষণ-প্রশিক্ষণ।
বর্তমানে পশলার বয়স ১৮ বছর—অনেকটাই স্বাভাবিক-সাবলীল। কিন্তু তাকে এ অবস্থায় আনতে আমাকে মানতে হয়েছে এক কঠিন জীবনধারা। আমি পেশায় একজন প্রকৌশলী। একদিকে পেশাগত দায়িত্ব ও প্রতিষ্ঠা লাভের চেষ্টা, অন্যদিকে ঘরে দুজন শিশু। ছোটটি বিশেষ শিশু, তার চেয়ে মাত্র ২০ মাসের বড় ছেলে যার ছিল শৈশবকালীন অ্যাজমা।
এদিকে পশলার বেলায় দেখা গেল, বয়সের সঙ্গে সঙ্গে ওর সমস্যা বাড়ছে। সঠিকভাবে কথা না বলা, আচরণের ভিন্নতা, অপরিচিত পরিবেশে খাপ খাওয়াতে না পারা, নিজস্ব প্রয়োজন বোঝাতে না পারা—এমন অনেক সমস্যা। কর্মজীবী মা হওয়ায় গৃহকর্মীর দায়িত্বেই দুই বাচ্চা ঘরে রেখে যেতে হতো কর্মস্থলে। সারা দিন ভেতরে ভেতরে একটা উৎকণ্ঠা নিয়ে কাজ করত। ঘরে ফিরে মায়ের আর সংসারের দায়িত্ব পালন।
আমাদের বাসার উল্টো দিকে একটি স্কুলে ভর্তি করালাম ওকে। আনা-নেওয়ার কাজটা গৃহকর্মীই করত। পশলা পড়ালেখায় যথেষ্ট ভালো করছিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল ওর আচরণ ও যোগাযোগের ভিন্নতা। ইচ্ছামতো ক্লাস থেকে বের হয়ে মাঠে ছোটাছুটি অথবা পছন্দের জায়গায় চলে যাওয়া, বন্ধুদের টিফিন খাওয়া বা কিছু নিয়ে নেওয়া—এমন অভিযোগ প্রায়ই আসতে লাগল।
বুঝতে পারলাম পশলার ভিন্নতা, ওর বড় ফুফুর পরামর্শে ওকে চিকিৎসার জন্য ডা. রওনাক হাফিজের কাছে নিয়ে গেলাম। পরিচিত হলাম ‘অটিজম’ নামক মর্মস্পর্শী শব্দটির সঙ্গে। জানলাম পশলা অটিজমে আক্রান্ত ‘হাইফাংশনিং শিশু’ যাদের থাকে আচরণ ও যোগাযোগের সমস্যা এবং বিশেষ কোনো দক্ষতা। পশলাকে তার মতো করে সময় নিয়ে কাজ করাতে হবে—তাতে প্রাত্যহিক কাজের ও যোগাযোগের দক্ষতা বাড়বে। যত্ন নিয়ে বিশেষ দক্ষতা বা প্রতিভাকে ফলপ্রসূ করে তুলতে হবে।
মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলাম। কিন্তু দৃঢ়ভাবে অনুভব করলাম—আমাকে পারতেই হবে। রওনাক আপার পরামর্শমতো পশলাকে নিয়ে কাজ শুরু করলাম। অবস্থার উন্নতি হতে থাকল। কিন্তু দ্বিতীয় শ্রেণির মাঝামাঝি সময়ে ‘পরিবেশ রক্ষার্থে’ এবং অন্য অভিভাবকদের আপত্তির কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুলে না রাখার সিদ্ধান্ত নেয়। খেলাম আরেক ধাক্কা। অবশেষে ভর্তি করলাম বিশেষ স্কুলে। যেটা বাসা থেকে অনেকটা দূরে। অফিস সময় ম্যানেজ করে পশলাকে স্কুলে দেওয়া-নেওয়া, দুই সন্তানকে পড়ালেখা করানো, পশলার সঙ্গে বিশেষভাবে কাজ করা—সব মিলিয়ে যখন আর পারলামই না, তখন চাকরিটা ছেড়ে দিলাম। ছবি আঁকায় পশলার অসাধারণ প্রতিভা ছিল, সেটার বিশেষ যত্ন নিতে শুরু করলাম। সে এখন বেশ কিছু কাজ করছে। কিছু সুনাম ও সফলতাও পেয়েছে। ‘অটিজম উত্তরণে সফল ব্যক্তি’ হিসেবে ওর রাষ্ট্রীয় সম্মাননা অর্জন আমার কাছে একটি বড় পাওয়া। কিন্তু পশলা একটি কর্মময়-স্বাবলম্বী জীবন-যাপন করতে পারলে আমার সব প্রচেষ্টা সার্থক হবে।
লেখক: বিশেষ শিশুর মা