আঠারোর আগে বিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসা বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজের ফাঁকে মঞ্চে বিশিষ্টজনেরা। সামনের সারিতে বাঁ থেকে লতিফুর রহমান, সৈয়দ মঞ্জুর এলাহী, আনিস উদ দৌলা, আনিসুল হক, রুনা লায়লা, আবদুল্লাহ আবু সায়ীদ, আলমগীর ও সৈয়দ আব্দুল হাদী। পেছনে বাঁ থেকে রাশেদ খান মেনন, রোকিয়া আফজাল রহমান, আবুল মাল আবদুল মুহিত, স্যার ফজলে হাসান আবেদ, কবরী, সুলতানা কামাল, জি এম কাদের ও মাহবুবুর রহমান। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসা বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজের ফাঁকে মঞ্চে বিশিষ্টজনেরা। সামনের সারিতে বাঁ থেকে লতিফুর রহমান, সৈয়দ মঞ্জুর এলাহী, আনিস উদ দৌলা, আনিসুল হক, রুনা লায়লা, আবদুল্লাহ আবু সায়ীদ, আলমগীর ও সৈয়দ আব্দুল হাদী। পেছনে বাঁ থেকে রাশেদ খান মেনন, রোকিয়া আফজাল রহমান, আবুল মাল আবদুল মুহিত, স্যার ফজলে হাসান আবেদ, কবরী, সুলতানা কামাল, জি এম কাদের ও মাহবুবুর রহমান। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে l ছবি: প্রথম আলো

আঠারোর আগে বিয়ে নয়। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উৎসব উপলক্ষে আয়োজিত নৈশভোজে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমবেত সুধী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। পরে মঞ্চে উঠে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এই আহ্বানের প্রতি সমর্থন জানান।
গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা বিদেশি অতিথিদের সম্মানে নৈশভোজের ফাঁকে এই আহ্বান জানানো হয়। প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান এই নৈশভোজের আয়োজন করেন।
এ সময় অর্থমন্ত্রী প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৮ বছরের আগে কোনোভাবেই মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। এর পাশাপাশি তিনি মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি এই পত্রিকায় বিভিন্ন সময়ে নিজের লেখার কথাও উল্লেখ করেন।
অর্থমন্ত্রীর বক্তব্য সমর্থন করে স্যার ফজলে হাসান আবেদ বলেন, ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে যেন না হয়। তিনি বলেন, মায়েদের জ্ঞানের অভাবে এ দেশের শিশুরা অপুষ্টির শিকার হয়। ব্র্যাকের এই প্রতিষ্ঠাতা বলেন, প্রথম ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য খাবার দিতে হবে।
বিয়ের বয়স, মা ও শিশুদের নিয়ে দুই প্রবীণ ও বিশিষ্ট নাগরিকের এই আহ্বান ও প্রস্তাব সমর্থন করেন বিভিন্ন শ্রেণি ও পেশার আরও ১৪ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের মধ্যে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, রোকিয়া আফজাল রহমান, সুলতানা কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, চিত্রনায়িকা কবরী, সংগীতশিল্পী রুনা লায়লা, অভিনেতা আলমগীর এবং লতিফুর রহমান।
নৈশভোজের শুরুতে অতিথিদের শুভেচ্ছা জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর আগত বিদেশি অতিথিদের পক্ষে বক্তৃতা করেন সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি মালহোত্রা, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী বোর্ডের চেয়ারম্যান জন ইয়ারউড ও আইপিআইয়ের নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি।
অনুষ্ঠানে সমবেত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে লতিফুর রহমান বলেন, ‘প্রথম আলো তার ১৮ বছর পূর্তিতে সুকান্ত ভট্টাচার্যের “আঠারো বছর বয়স” কবিতাটিকে প্রতিপাদ্য করেছে। ১৮ বছর বয়সের তরুণেরা আমাদের জাতীয় জীবনে নানা ক্ষেত্রে অবদান রেখেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নেন তাঁদের অনেকেরই বয়স ছিল ১৮ বা ২০। ফারাজের বয়সও ছিল ২০। সে যে সাহস ও মূল্যবোধ দেখিয়েছে, সেটি হয়তো আমিও দেখাতে পারতাম না। প্রথম আলো সেই একই মূল্যবোধ নিয়ে এগিয়ে যাচ্ছে।’