>সেলিম ও দেলোয়ারের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে

স্কুলজীবন থেকেই সেলিম ইব্রাহিমের রাজনীতি আর ফুটবল দুটোতেই সমান ঝোঁক। এখনো তাঁর সমবয়সীরা স্মরণ করেন, দারুণ ফুটবল খেলত সেলিম! মুক্তিযুদ্ধের কিছু পরে জাতীয় পর্যায়ে তরুণ ফুটবলার বাছাইয়ে পটুয়াখালী জেলা থেকে কেবল তাঁকেই নির্বাচন করা হয়েছিল। সেবার ঢাকা থেকে ফিরে খেলার সঙ্গীদের দেখিয়েছিলেন, সহখেলোয়াড়েরা তাঁকে উপহার দিয়েছেন ১০ নম্বর জার্সি। তখন বিশ্বের ফুটবলামোদীদের কাছে ১০ নম্বর ব্রাজিলের পেলের জার্সি নম্বর হিসেবে পরিচিত। এই প্রাপ্তি একই সঙ্গে সম্মান আর গর্বের। কিন্তু ধীরে ধীরে সেলিমের আগ্রহের নিক্তি ঝুঁকে পড়ে ফুটবলের চেয়ে রাজনীতির প্রতি। ডাক্তার বাবা আবদুল করিমও কিছুটা অনিচ্ছুক। পড়াশোনায় সেলিম ভালো, ফুটবল খেলুক বাবা তা চান না।
১৯৫৪ সালের ১০ অক্টোবর পটুয়াখালীর বাউফলের নাজিরপুর গ্রামে জন্ম এইচ এম ইব্রাহিম সেলিমের। মা জাহানারা করিম, বাবা আবদুল করিম তখন থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বাবা-মায়ের প্রথম সন্তান। দুই ভাই এম হাফিজুর রহমান ও ইব্রাহিম ফারুক। নাজিরপুরের ছোট ডালিমা মাধ্যমিকের সঙ্গে যুক্ত প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু। পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে পড়াকালীনই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র ইউনিয়নের (মতিয়া গ্রুপ) কর্মী হিসেবে স্বাধীনতার আগে অংশগ্রহণ করেছেন বিভিন্ন মিছিল ও সমাবেশে। ১৯৭২ সালে এই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করার পর পড়তে যান বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে। সেখানেও দলের কর্মী হিসেবে স্বপ্ন দেখতেন শ্রেণিহীন সমাজের। এই কলেজ থেকে ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করলেও পরেরবার মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে

প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তখন আবার বাবার সঙ্গে সেলিমের কিছুটা বিরোধ। বাবা চান ছেলে ডাক্তারি পড়বে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণও হন, কিন্তু সেলিমের আগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তাঁর সমকালীন অনেকেই মনে করেন, রাজনীতির প্রতি আকৈশোর আগ্রহের কারণে সেলিম ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে।
মাস্টারদা সূর্য সেন হলের ৩১৮ নম্বর রুমের আবাসিক ইব্রাহিম সেলিম বিশ্ববিদ্যালয়-জীবনের শুরুতে ছাত্র ইউনিয়নের সঙ্গেই যুক্ত ছিলেন। ওই ছাত্রসংগঠনের হয়ে ১৯৭৯ সালে হল শাখায় ডাকসু নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেন। এরপর কিছুদিন পরে যোগ দেন ছাত্রলীগে। এর কারণ হিসেবে শোনা যায়, এই হলের তাঁর বন্ধুরা সবাই ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় তিনি সে সংগঠনে যোগ দিয়েছিলেন। ক্রমে অর্জন করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক পদ এবং হন কেন্দ্রীয় কমিটির সদস্য। ১৯৮২ সালের ২৪ অক্টোবর সেলিম বিয়ে করেন নাছিমা জাহান জেসমিনকে। জেসমিনের বাবাও ডাক্তার। বাউফলেই তাঁর পদায়ন। জেসমিন ও সেলিমের পরিবার প্রতিবেশী। সেই সূত্রে পরিচয় ও বিয়ে। সেলিম তখন অনার্স ফাইনালের ছাত্র, জেসমিন পড়তেন বরিশাল মহিলা কলেজে একাদশ শ্রেণিতে। তাঁদের একমাত্র সন্তান নুসরাত জাহান ইব্রাহিম ডরোথির জন্ম ১৯৮৪ সালে।
১৯৮২ সালের ২৪ মার্চ সিপাহশালার এরশাদের ক্ষমতা দখলের পর এ দেশের ছাত্ররাজনীতি আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত সরকারবিরোধী হয়ে ওঠে। তখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি দৃশ্যত সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, যা তাদের ছাত্রসংগঠনগুলো ১৯৮০-এর দশকের শুরু থেকে পরবর্তী প্রায় পাঁচ-ছয় বছর বেগবান রাখে। এর কারণ হিসেবে ধারণা করা যায়, শেখ হাসিনার সদ্য স্বদেশ প্রত্যাবর্তন আর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড তখনো জোরালো রূপ না থাকা। পাশাপাশি জিয়াউর রহমানের নিহত হওয়া এবং আবদুস সাত্তারকে অপসারণ করে এরশাদ ক্ষমতা দখলের পরে বিএনপি তখনো সংগঠিত হয়নি। একই সঙ্গে ক্ষমতা পোক্ত করতে জেনারেল এরশাদ নানান উপায়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজধানী, বিভাগীয় শহর, জেলা ও থানা পর্যায়ে অসংখ্য বড়, মাঝারি ও পাতি নেতাকে নিজ দল জাতীয় পার্টিতে ভেড়ান। কিন্তু সে দলের ছাত্রসংগঠন তখনো দৃশ্যমান নয়। ফলে প্রধান দুটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনসহ বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যায়।
এরশাদ সরকারের বিরুদ্ধে এ সময়ে ছাত্রদের মূল দাবিগুলো ছিল: শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতি বাতিল, বন্দী ছাত্রদের মুক্তি, দমন-পীড়ন বন্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ১১টি প্রগতিশীল ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ আহূত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশসহ সরকারি সাঁজোয়া বাহিনী গুলি চালায়। শহীদ হন জাফর, মোজাম্মেল, জয়নাল, কাঞ্চন, আইয়ুব ও দীপালি সাহা। তাঁরাই স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে প্রথম শহীদ। সরকার সান্ধ্য আইন জারি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গ্রেপ্তার করা হয় সহস্রাধিক ছাত্রকে।
এই বছরের শেষ দিকে নভেম্বরের ২৩ তারিখে সচিবালয়ের সামনে আয়োজিত জনসভায় এরশাদ ভাষণ দেন। সে সময়ে কয়েকটি রাস্তায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। যা মূলত ছাত্ররাই সংঘটিত করে। তবে ২৮ নভেম্বর ১৫ ও ৭ দলের অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক উত্তেজনা, গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। সরকার সব রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে। সান্ধ্য আইন জারি করা হয়। শেখ হাসিনা ও খালেদা জিয়া নিরাপত্তামূলক হেফাজতে বন্দী হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবে ইব্রাহিম সেলিম এ সময়ের আন্দোলনগুলোয় অগ্রণী ভূমিকা পালন করেন। ইতিমধ্যে এরশাদ সরকার উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা। এর মূল কারণ, জাতীয় পার্টি তখন পর্যন্ত থানা পর্যায়ে রাজনৈতিক তৎপরতা তেমনভাবে জারি রাখতে পারেনি। এই নির্বাচনের মাধ্যমে এরশাদ তাঁর মনোনীত ব্যক্তিদের উপজেলা পর্যায়ে ক্ষমতায় বসিয়ে ভবিষ্যতে সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বে ১৫ দল ও বিএনপি নেতৃত্বে ৭ দল, মোট ২২ দল এবং ছাত্র সংগ্রাম পরিষদ এরশাদের চক্রান্তের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। তাদের দাবি ও কর্মসূচি ছিল: ১৯৮৪ সালের ৪ মার্চ পর্যন্ত উপজেলা নির্বাচনের মনোনয়পত্র প্রত্যাহার, ৮ থেকে ২৩ মার্চ উপজেলা নির্বাচন প্রতিরোধ পক্ষ পালন ও ২৪ মার্চ কালো দিবস। ১ মার্চ সর্বাত্মক হরতাল।
এই কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদ ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। ছাত্রনেতারা স্থির করেন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে বঙ্গবাজার-ফুলবাড়িয়া-গুলিস্তান-সচিবালয় হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসবে। মিছিল ফুলবাড়িয়া পৌঁছায়। সামনে-পেছনে পুলিশের ব্যারিকেড। সেলিম ইব্রাহিম ও কাজী দেলোয়ার হোসেন তখন মিছিলের পেছনের দিকে। এ সময় ফুলবাড়িয়ার ফায়ার ব্রিগেড অফিসের পাশ থেকে হঠাৎ একটি পুলিশের ট্রাক মিছিলটিকে অনুসরণ করে এবং অল্প পরেই অতর্কিতে ট্রাকটা পেছন থেকে এ মিছিলের ওপর দিয়ে দ্রুতগতিতে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন ইব্রাহিম সেলিম ও দেলোয়ার হোসেন। সেলিম তখন শেষ বর্ষের ছাত্র। দেলোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এ ঘটনায় এরাশাদবিরোধী ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি বিশেষ গতি লাভ করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে ইতিমধ্যে দেওয়া রাজনৈতিক কর্মসূচিসহ তীব্র আন্দোলন হয়। ছাত্র-জনতা-শ্রমিক অনেক জায়গাতেই ১ মার্চের হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করে। আদমজীতে শ্রমিকদের হরতাল পালনের সময় নিহত হন শ্রমিকনেতা তাজুল ইসলাম। তবে এর ফলে এরশাদ সরকার ২৯ ফেব্রুয়ারি ঘোষণা করে ২৬ মার্চ থেকে অবাধ রাজনীতি। ২৭ মার্চ রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।
এই ঘটনার প্রায় এক বছর পর স্বৈরাচার প্রতিরোধ দিবসের দ্বিতীয় বার্ষিকী পালনের প্রস্তুতিকালে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় ছাত্রলীগের নেতা রাউফুন বসুনিয়া নিহত হন।
২৮ তারিখ শেষ বিকেলে ইব্রাহিম সেলিম নিহত হলেও তাঁর পরিবারের লোকজন জানতে পারেন এক দিন পর। ২৯ তারিখ বিকেলে বরিশালের এরশাদবিরোধী সমাবেশে যোগ দিতে তাঁর ছোট ভাই এম হাফিজুর রহমান বরিশালে এলে তাঁকে আওয়ামী লীগের নেতারা জানান, গতকাল ফুলবাড়িয়া মিছিলে ট্রাক উঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুজন ছাত্রনেতাকে হত্যা করা হয়েছে, তাঁদের একজন তাঁর বড় ভাই হতে পারেন। পরে তাঁরা তাঁকে নিশ্চিত করেন। এরপর সেলিম ইব্রাহিমের স্ত্রী জেসমিন ও ছয় মাস বয়সী কন্যা ডরোথিসহ তাঁরা বাউফল পৌঁছান। তখনো সেলিমের মরদেহ এসে পৌঁছায়নি। ১ মার্চ দুপুর নাগাদ লঞ্চে করে ঢাকা থেকে সেলিমের মরদেহ বাউফলে আসে। সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাশ গ্রহণ করে পরিবারকে হস্তান্তর করেন। এরপর পারিবারিক করবস্থানে ইব্রাহিম সেলিমের লাশ দাফন করা হয়।
ইব্রাহিম সেলিমের বাবা আবদুল করিম তখনো ঢাকায়। তিনি সংবাদপত্রে ছেলের মৃত্যুসংবাদ পড়েন ১ মার্চ। সেদিন বিকেলে বাউফলের উদ্দেশে রওনা দিয়ে তিনি বাড়ি পৌঁছান ২ তারিখ ভোরে। কিন্তু তাঁর বড় ছেলের মৃতদেহ আগের দিন দাফন করা হয়ে গেছে। আবদুল করিমের আর শহীদ ছেলের মুখ দেখা হয়নি। আবার সেলিমের ছয় মাস বয়সী কন্যা ডরোথি, তারও স্মৃতিতে নেই বাবার মুখ। তখন তার বাবা ডাকার কিংবা বাবার মুখ মনে রাখার বয়স হয়নি।
২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ‘সেলিম-দেলোয়ার দিবস’ হিসেবে পালিত হয়। ছাত্রলীগসহ অন্যান্য ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। শহীদ সেলিম ইব্রাহিমের নামে পটুয়াখালীর বাউফলে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ সেলিম স্মৃতি বালিকা দাখিল মাদ্রাসা এবং শহীদ সেলিম পাঠাগার ও স্মৃতি সংসদ।
১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ারের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। এ দিনের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশে ও রাজপথের এরশাদবিরোধী মিছিলে ছাত্রদের মুষ্ঠিবদ্ধ হাত দৃঢ় কণ্ঠে স্লোগান দিতে শুরু করে: ‘সেলিম, দেলোয়ার, তিতাস/আন্দোলনের লাল পলাশ’।
প্রশান্ত মৃধা: কথাসাহিত্যিক