আফ্রিদি থেকে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা আলো ছড়িয়েছেন মাঠে, ব্যাটে কিংবা বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন আসরের সেরা ক্রিকেটারদের নিয়ে লিখেছেন কামরুল হাসান

শহীদ আফ্রিদি,তিলকরত্নে দিলশান,কেভিন পিটারসেন,শেন ওয়াটসন
শহীদ আফ্রিদি,তিলকরত্নে দিলশান,কেভিন পিটারসেন,শেন ওয়াটসন

২০০৭
শহীদ আফ্রিদি
তাঁর দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি। সর্বোচ্চ রান তাঁর ছিল না, সর্বোচ্চ উইকেটও নয়। তবু ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ শহীদ আফ্রিদি। কীভাবে? গ্রুপ পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে একাই গুঁড়িয়ে দিলেন ১৯ রানে ৪ উইকেট নিয়ে। হলেন ম্যাচ সেরাও। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আবার বল হাতে কিছুটা খরুচে ছিলেন, ৩৭ রানে ২ উইকেট। কিন্তু সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষেই আবার জ্বলে উঠলেন, এবার মাত্র ১৮ রানেই ৩ উইকেট। সব মিলিয়ে ৭ ম্যাচে ১২ উইকেট। ব্যাট হাতে পারফরম্যান্স এত ভালো না হলেও স্ট্রাইক রেটটা ছিল একেবারে আফ্রিদিসুলভ। ৬ ইনিংসে ৯১ রান, ১৯৭.৮২ স্ট্রাইক রেটে। এর মধ্যে আছে বাংলাদেশের বিপক্ষে ১৫ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসটিও। ওই টুর্নামেন্টে শেষ পর্যন্ত যে পাকিস্তান রানার্স আপ হয়েছিল, তাতেও বড় ভূমিকা আফ্রিদির। সবচেয়ে বেশি রান ম্যাথু হেইডেন (২৬৫) ও সবচেয়ে বেশি উইকেট উমর গুলের (১৩) হলেও অলরাউন্ড পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা আফ্রিদিই।

২০০৯
তিলকরত্নে দিলশান
টি-টোয়েন্টির এই বিশ্বকাপটা যদি কোনো ব্যাটসম্যানের হয়ে থাকে, সেটি তিলকরত্নে দিলশানের। ক্রিকেটবিশ্ব অবাক হয়ে দেখল ‘দিলস্কুপ’ নামের নতুন এক শট। গুড লেংথ বলও কেমন চামচের মতো তুলে পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ৩২ বলে ৫৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে ৪৭ বলে ৭৪। সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে এত বিধ্বংসী না হলেও ৩৯ বলে ৪৬ রানের ইনিংসটাই তাঁকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার। আইরিশদের সঙ্গে পরের ম্যাচটায় কোনো রানই করতে পারেননি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালেই সেটা পুষিয়ে দিলেন দিলশান। একটায় ৩৭ বলে ৪৮, পরেরটায় ৫৭ বলে ৯৬। টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে এত ধারাবাহিক ছিলেন যে, ফাইনালেও বোধ হয় দিলশানের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু যে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে ম্যান অব দ্য ম্যাচ, সেই দলের সঙ্গেই আসল সময়ে গিয়ে হাসল না তাঁর ব্যাট। ফাইনালে দিলশান শূন্য রানে আউট না হলে হয়তো বিশ্বকাপটা শ্রীলঙ্কাই পেত!

২০১০
কেভিন পিটারসেন
দল শিরোপা জিতেছে, নিজেও ওই টুর্নামেন্টের সেরা হয়েছেন—টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি আসরে এই সৌভাগ্য হয়েছে একমাত্র কেভিন পিটারসেনের। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ওই বিশ্বকাপে শুরুটা বেশ বাজে হয়েছিল পিটারসেন ও তাঁর দলের। স্বাগতিকদের কাছে হার, পরে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটাও বৃষ্টিতে পণ্ড। দুটি ম্যাচ মিলিয়ে পিটারসেনের রান ৩৩। কিন্তু সুপার এইট থেকেই অন্য চেহারায় ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে ৫২ বলে অপরাজিত ৭৩, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৫৩। দুটোতেই ম্যাচ সেরা তিনি। নিউজিল্যান্ডের সঙ্গে সুপার এইটের শেষ ম্যাচটা খেলতে পারলেন না। কিন্তু তাতেও ইংল্যান্ডের জয় আটকাল না। ভাগ্য গুনে যারা গ্রুপ পর্ব পেরিয়েছিল তারাই সুপার এইটের সব ম্যাচ জিতে সেমিফাইনালে। সেখানেও আবার চেনা রূপে পিটারসেন। তাঁর ২৬ বলে অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংসে সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতল বৈশ্বিক আসরে নিজেদের একমাত্র ট্রফিটাও। ফাইনালেও ৩১ বলে ৪৭ রান পিটারসেনের। টুর্নামেন্টে মাহেলা জয়াবর্ধনে সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু ইংল্যান্ডের শিরোপা-সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখে টুর্নামেন্ট সেরার ট্রফিটা পেলেন পিটারসেনই।

বিরাট কোহলি
বিরাট কোহলি

২০১২
শেন ওয়াটসন
শ্রীলঙ্কায় হওয়া ওই টুর্নামেন্টটা শেন ওয়াটসন শুরুই করেছিলেন দুর্দান্ত দাপটে। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ রান সঙ্গে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে ২৪ বলে অপরাজিত ৪১, এবার উইকেট ২টি। অস্ট্রেলিয়া জিতল দুটি ম্যাচেই। ওয়াটসন দুর্দান্ত এই ফর্ম টেনে নিয়ে গেলেন সুপার এইটেও এবং সেখানেও তিনি আরও বিধ্বংসী চেহারায়। ভারতের বিপক্ষে প্রথমে বল হাতে ৩ উইকেট নিয়ে পর ব্যাট হাতেও ৪২ বলে ৭২! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ বলে ৭০ রানের পাশাপাশি ২ উইকেট। এই চারটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচও শেন ওয়াটসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডে এখনো ওয়াটসনের কোনো সঙ্গী জোটেনি। অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য, ওয়াটসনের এই অবিশ্বাস্য ফর্ম হঠাৎ করেই পড়ে গেল, সুপার এইটের শেষ ম্যাচটায় পাকিস্তানের বিপক্ষে করলেন মাত্র ৮ রান, উইকেট ১টি। তারপরও সেমিফাইনাল খেলেছে তাঁর দল। কিন্তু শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার ব্যর্থ ওয়াটসন (৭ রান, উইকেট নেই), এবার হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিল অস্ট্রেলিয়া। তবে ওয়াটসন যে টুর্নামেন্ট সেরা হচ্ছেন, এটা সম্ভবত ঠিক হয়ে গিয়েছিল প্রথম চার ম্যাচের পরই।
২০১৪
বিরাট কোহলি
৬ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরি, তিনটিতে অপরাজিত। ১০৬.৩৩ গড়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি রান করেছিলেন ৩১৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে যেটি সর্বোচ্চ রানের রেকর্ড। সেটিও কী অসাধারণ ধারাবাহিকতায়! যে দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি পাননি তার একটি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। কোহলি ৩২ বলে ৩৬ রানে থাকার সময়ই ম্যাচটা জিতে গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্য ম্যাচটায় করেছিলেন ২২ বলে ২৩। এটিতেও শেষ হাসি ছিল ভারতেরই। এমনকি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালেও তাঁর ৫৮ বলে ৭৭ রানের ইনিংসে ভর করেই শ্রীলঙ্কাকে ১৩১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু বোলারদের ব্যর্থতায় শ্রীলঙ্কা সেই ম্যাচ জিতে নেয় ১৩ বল হাতে রেখেই। দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটিয়েও শিরোপা অধরা থেকে গেল কোহলির, সান্ত্বনা হয়ে এল টুর্নামেন্ট সেরা পুরস্কার।