আব্বাসউদ্দীন সাহেবের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছবি: অমিয় তরফদার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছবি: অমিয় তরফদার

এই সময় ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগর থানার কৃষ্ণনগরে জনাব রফিকুল হোসেন এক সভার আয়োজন করেন—কৃষ্ণনগর হাইস্কুলের দ্বারোদ্ঘাটন করার জন্য। আর্থিক সাহায্য পাওয়ার জন্য জনাব এন এম খান সিএসপি তখনকার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাঁকেই নিমন্ত্রণ করা হয়েছিল, তিনি রাজিও হয়েছিলেন। সেখানে বিখ্যাত গায়ক আব্বাসউদ্দীন আহ্মদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদ গান গাইবেন। আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। জনাব এন এম খান পাকিস্তান হওয়ার আগে এই মহকুমায় এসডিও হিসেবে অনেক ভালো কাজ করার জন্য জনপ্রিয় ছিলেন। আমরা উপস্থিত হয়ে দেখলাম, এন এম খান ও আব্বাসউদ্দীন সাহেবকে দেখার জন্য হাজার হাজার লোক সমাগম হয়েছে। বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দীন সাহেব জনপ্রিয় ছিলেন। জনসাধারণ তাঁর গান শোনার জন্য পাগল হয়ে যেত। তাঁর গান ছিল বাংলার জনগণের প্রাণের গান। বাংলার মাটির সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্বন্ধ। দুঃখের বিষয়, সরকারের প্রচার দপ্তরে তাঁর মতো গুণী লোকের চাকরি করে জীবিকা অর্জন করতে হয়েছিল। সভা শুরু হলো, রফিকুল হোসেন সাহেবের অনুরোধে আমাকেও বক্তৃতা করতে হলো। আমি জনাব এন এম খানকে সম্বোধন করে বক্তৃতায় বলেছিলাম, ‘আপনি এ দেশের অবস্থা জানেন। বহুদিন বাংলাদেশে কাজ করেছেন, আজ ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল আপনি। একবার বিবেচনা করে দেখেন এই দাওয়ালদের অবস্থা এবং কী করে এরা বাঁচবে! সরকার তো খাবার দিতে পারবে না—যখন পারবে না, তখন এদের মুখের গ্রাস কেড়ে নিতেছে কেন?’ দাওয়ালদের নানা অসুবিধার কথা বললাম, জনসাধারণকে অনুরোধ করলাম, স্কুলকে সাহায্য করতে। জনাব খান আশ্বাস দিলেন, তিনি দেখবেন, কিছু করতে চেষ্টা করবেন। তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসল। আব্বাসউদ্দীন সাহেব, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রাত পর্যন্ত আসর চলল। আব্বাসউদ্দীন সাহেব ও আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম। রফিক সাহেবের ভাইরাও সকলেই ভালো গায়ক। হাসনাত, বরকতও ভালো গানই গাইত। এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমার সঙ্গে জেলও খেটেছে। পরের দিন নৌকায় আমরা রওনা করলাম। আশুগঞ্জ স্টেশনে ট্রেন ধরতে। পথে পথে গান চলল। নদীতে বসে আব্বাসউদ্দীন সাহেবের ভাটিয়ালি গান তাঁর নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলোও যেন তাঁর গান শুনছে। তাঁরই শিষ্য সোহরাব হোসেন ও বেদারউদ্দিন তাঁর নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাসউদ্দীন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাসো, এর মাধুর্য ও মর্যাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।’ আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম।

অসমাপ্ত আত্মজীবনী বই থেকে (১১০–১১১ পৃষ্ঠা)
প্রকাশক: ইউপিএল