আমরা কী চাই

বিধ্বস্ত রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে বেঁচে আসা এক নারীশ্রমিকের দুঃখ-বেদনা ও দাবি-দাওয়ার কথা
তৈরি পোশাক কারখানায় আমাদের কাজের পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ রানা প্লাজা ধসের ঘটনা থেকেই তা বোঝা যায়। আমি ওই ভবনের সাততলায় নিউ ওয়েব স্টাইল নামের একটি পোশাক কারখানায় সুইং অপারেটরের চাকরি করতাম। দুর্ঘটনার আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেয়। শুনি যে ভবনটি ধসে পড়তে পারে। তাই পরদিন কাজে যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু পরদিন চাপের মুখে মনে ভয় নিয়ে কাজে যেতে বাধ্য হই। কাজ শুরু করার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়, তারপর বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকা পড়ে যায় আমার দুই পা। সারা দিন আমি ওই অবস্থায় আটকা পড়ে থাকি। আমি জ্ঞান হারাইনি। মানুষের চিৎকার, কান্নার শব্দ শুনি। সারা দিন পার হয়, তারপর রাত আসে। সারা রাত আমি ওই অবস্থায়। মনে হয় যেন আমার দুই পা নাই, শরীরের নিচের অংশ অবশ। পরের দিন ভোরে উদ্ধারকর্মীরা আমাকে উদ্ধার করেন। হাসপাতালে আমার দুটি পা কেটে বাদ দিতে হয়। এখন আমি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটতে শেখার চেষ্টা করছি।
রানা প্লাজা ধসে যারা মারা গেছে, আমার মনে হয়, তারা বেঁচে গেছে। আমার মতো যারা হাত-পা হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে, তাদের মতো জীবনটাকে বোঝার মতো বয়ে নিয়ে বেড়াতে হবে না তাদের। পোশাকশ্রমিকদের দুরবস্থা দূর হবে কবে? আমি ভাবি, শ্রমিকদের যদি মানুষ মনে করা হতো, তাহলে তো তাদের জীবনের নিরাপত্তার কথাও ভাবা হতো। মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ব্যবহারও এত অমানবিক হতো না। আইন অনুযায়ী আট ঘণ্টা কাজের ন্যায্য মজুরি নিশ্চিত করা হতো। আমরা এসব চাই। বিদেশি যারা আমাদের তৈরি পোশাক কেনে, তারা কেন সবকিছু আরও ভালোভাবে দেখে না? তাদের আরও নজরদারি দরকার। কারখানার ভবন যেন ধসে না পড়ে, যেন আগুন লাগলে শ্রমিকেরা নিরাপদে বেরিয়ে যেতে পারে—এসব নিশ্চিত করা দরকার।
আমরা কাজের চাপে হিমশিম খাই। কিন্তু মাসের শেষে আমাদের বেতন পরিশোধে গড়িমসি চলে, কম দেওয়া হয়। সব সময় আমাদের কম দিয়ে বেশি মুনাফা লাভের চেষ্টা করা হয়। আমাদের জীবন শেষ হয়, অবস্থার উন্নতি হয় না। আর একটা কারখানার মালিক আরও একটার মালিক হতে বেশি সময় লাগে না। আমরা জানি, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যবান খাত। আর এই শিল্পের শ্রমিকদেরই স্বাস্থ্য সবচেয়ে খারাপ, কারণ আমাদের মজুরি অন্য সব শ্রেণীর শ্রমিকদের থেকে কম। আমাদের কাজের পরিবেশ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। আমাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। কারখানার যন্ত্রপাতির প্রতি মালিকদের যে মায়া-দরদ আছে, আমাদের শ্রমিকদের প্রতি তাও নেই। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।
অনুলিখন: অরূপ রায়