
আবারও এল ক্লাসিকো! খবরটা শোনার পর থেকেই প্রস্তুত হচ্ছে রাহাত। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে তাই দাঁতভাঙা জবাব দেবে ক্লাসের প্রিয় বন্ধু (!) বার্সাভক্ত শাকিলকে। দুজনই নিজের ক্লাব প্রশ্নে একটুও ছাড় দিতে রাজি নয়। প্রিয় দল বা ক্লাবের পাশাপাশি পছন্দের খেলোয়াড়ের সাফল্যে যেমন হচ্ছে আনন্দিত, তাদের ব্যর্থতা এনে দিচ্ছে চোখভরা জল। রাগে গা থেকে হয়তো ছুড়েই ফেলল জার্সিটা।
প্রিয় খেলোয়াড় বা পছন্দের দলের জার্সি পরে অনেকেই আজকাল জানান দেয় তার ভালো লাগা। শুধু কি ফুটবল? ক্রিকেট চলছে মাঠে, আর স্টেডিয়াম ছেয়ে গেছে লাল-সবুজের জার্সিতে। এর বাইরেও রাস্তাঘাটে, অলিগলিতে, ক্যাফে বা সোশ্যাল নেটওয়ার্কে সাকিব, তামিম, মেসি বা নেইমারভক্তরা রঙিন হচ্ছে জার্সিতে। কেন পরছে জার্সি, শুধুই কি দলের সাপোর্টার বলে?
ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছরই উচ্চমাধ্যমিক পাস করেছে আরিফ হোসেন। সে বলে, ‘আমি আসলে বার্সেলোনার ভক্ত। আর মেসি তো আমার চোখে সেরা খেলোয়াড়। তাই বার্সার খেলা মানেই আমি টেলিভিশনের সামনে ১০ নম্বর জার্সি গায়ে। বাসায় আমার আরও দুই ভাই মিলে খেলা দেখি। এর মধ্যে একজন আবার রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে। খেলার ভেতরেই তুমুল ঝগড়া চলে আমাদের। গায়ে থাকা প্রিয় দলের জার্সিটা তখন অনেক শক্তি জোগায়।’
স্থাপত্যের শিক্ষার্থী তাসফিয়া মুনতাসির পছন্দের খেলোয়াড় মেসি, ইনিয়েস্তা আর জাভি। তাঁদের সবার জার্সিই তার সংগ্রহে আছে।
ঢাকা কলেজের তারিকুর রহমান আবার বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরতে বেশি ভালোবাসে। সংগ্রহে আছে ২০১১ বিশ্বকাপ, বিপিএলসহ নানা সময়ের বাহারি জার্সি। যেদিন বাংলাদেশের খেলা থাকে, সম্ভব হলে মাঠে চলে যায় জার্সি পরে। মাঠে যেতে না পারলে সারা দিনই বাইরে ঘোরে জার্সি পরে।
অনেকে আবার নিজেদের দলের জানান দিতে বানিয়ে নেয় বিশেষ জার্সি। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ফকির আবিদ হাসান ও তার বন্ধুদের দল ‘ফিচো এফসি’ তেমনই। বন্ধুরা মিলে তাই আড্ডা জমালে গায়ে থাকে নিজেদের দলের জার্সিটা। আবিদের মতে, ‘জার্সিটা গায়ে থাকলে অনেকেই তাকায়। তা ছাড়া আমাদের দলটারও বেশ প্রচার হচ্ছে জার্সির কারণে। সব মিলে বিষয়টা খুব উপভোগ করি আমরা।’
বিহঙ্গ শাদনান খান ও-লেভেল পড়ছে মানারাত, ঢাকায়। নিজেও ফুটবল খেলে। পছন্দ করে ম্যানইউকে। রুনি তার চোখে সেরা খেলোয়াড়। আর তাই রুনির জার্সির আদলে ১০ নম্বরটা বেছে নিয়েছে নিজের জন্য। সব মিলিয়ে ১২টার মতো জার্সি আছে শাদনান খানের।

নওশীন নওয়ার আহমেদ আবার জার্সি কেনার সময় কাপড়টা দেখে নেয় ভালো করে। সিনথেটিক কাপড়ের হলে সেটা পরে আরাম পায় সে। নিজে বার্সার সাপোর্ট নিলেও রিয়ালভক্ত ছোট ভাই নাফিজের সঙ্গে এমনিতে পেরে ওঠে না কথায়। ‘তাই বলে মেসি নিয়ে কটু কথা, একদম ছেড়ে দেব না তাকে। হোক সে ছোট ভাই বা প্রতিবেশী। তবে ফুটবল ক্লাব নিয়ে ঝগড়া হলেও মিল আছে ক্রিকেটে। আমাদের দুজনের কাছেই সেরা বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক বা নাসিরদের জার্সি পরি ক্রিকেট খেলার সময়।’
নুরজাহান সুপার মার্কেটের জার্সি বিক্রেতা সোবহান সরদার জানান, জার্সির বাজার এখন বেশ ভালো। ক্রেতাদের মধ্যে কিশোর ও তরুণ-তরুণীর সংখ্যাই বেশি।
দরদাম যেমন হয়
হাফ হাতার জার্সির দাম ৩৫০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া ফুল হাতা হলে দাম পড়বে ৬০০ থেকে দুই হাজার টাকা। হাফপ্যান্ট পাওয়া যাবে ৮০০ টাকার মধ্যে এবং ট্রাউজার পাওয়া যাবে ৫৫০ থেকে এক হাজার ২০০ টাকায়।
যেমনটা পাবে
একই ক্লাবের নানা রঙের জার্সি পাওয়া যায় বাজারে। তাই রংটা বদলেও কিনতে পারো তোমার ক্লাব বা দলের জার্সি। ফুল হাতা, হাফ হাতা ও হাতা কাটা—তিন ধরনের জার্সি কিনতে পাবে বাজারে। তবে এর মধ্যে হাফ হাতাই বেশি চলছে। অনেকে আবার শীত মৌসুমে ফুল হাতার জার্সি পরে।
সাধারণত আলাদা কাপড়েই জার্সি তৈরি হয়। জার্সি কাপড় নামেই এটি পরিচিত। তবে সুতা ও কাপড়ের স্তর দেখে জার্সি কেনা ভালো। অনেক জার্সির কিন্তু আবার দুই পাশেই প্রিন্ট থাকে।
যেখানে পাবে
রাজধানীর প্রায় সব এলাকাতেই জার্সি পাওয়া যায়। বসুন্ধরা সিটি, মিরপুর-২-এর এশিয়ান স্কাই শপ সুপার, নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড ও বঙ্গবাজারে পাওয়া যাবে জার্সি। ঢাকায় স্পোর্টস গুডসের দোকানগুলোয় পাওয়া যায় জার্সি। ইচ্ছা করলে তুমি তোমার নামও জার্সির পেছনে লিখিয়ে নিতে পারো। সে জন্য খরচ হবে একটু বেশি।
হাসান ইমাম
মডেল: রুপু, বর্ষা, স্বচ্ছ, নাকিব, সাজিদ ও উচ্ছ্বাস